১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

গোপালগঞ্জে নৌকা বাইচ দেখতে নদী পাড়ে মানুষের ঢল

প্রায় দুইশ বছর ধরে চলে আসা এই প্রতিযোগিতায় গোপালগঞ্জ, মাদারীপুর, পিরোজপুর ও বরিশাল থেকে ২০টি নৌকা অংশ নেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Sep 2026, 11:07 PM

Updated : 18 Sep 2026, 11:07 PM

বিশ্বকর্মা পূজা উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কালিগঞ্জ নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা হয়েছে।

শুক্রবার বিকালে শুরু হওয়া এ প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে ঢল নামে নানা বয়সি মানুষের।

প্রায় দুইশ বছরের পুরনো এ নৌকা বাইচে গোপালগঞ্জ, মাদারীপুর, পিরোজপুর ও বরিশাল থেকে ২০টি নৌকা অংশ নেয়।

কালিগঞ্জ বাজার থেকে খেজুরবাড়ি পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকায় বাইচ হয়। দুপুর থেকেই সাজানো নৌকাগুলো নদীতে জড়ো হতে থাকে। বিকালে কাঁসর ও নাকাড়ার বাদ্যের তালে শুরু হয় প্রতিযোগিতা।

বাইচের সময় মাঝি ও বৈঠিয়ালরা জারি-সারি গান গেয়ে বৈঠা চালান। নদীর দুই পাড়ে দাঁড়িয়ে থাকা দর্শনার্থীরা করতালি দিয়ে তাদের উৎসাহ দেন। অনেকে নৌকা ও ট্রলারে করেও বাইচ দেখেন।

বাইচকে ঘিরে নদীর পাড়ে বসে বিভিন্ন অস্থায়ী দোকান। স্থানীয় অনেক পরিবার আত্মীয়-স্বজনদের নিয়ে এ আয়োজন উপভোগ করেন।

স্থানীয় যতীন বাড়ৈ বলেন, প্রায় ২০০ বছর আগে বিল এলাকার মানুষ বিনোদনের জন্য নিজেদের মধ্যে নৌকা নিয়ে প্রতিযোগিতা করতেন। সেখান থেকেই এ নৌকা বাইচের প্রচলন।

বুরুয়া গ্রামের সুজাতা বিশ্বাস বলেন, নৌকা বাইচ উপলক্ষে প্রতিবছর বাড়িতে আত্মীয়-স্বজন আসেন। তবে এবার নৌকার সংখ্যা কমেছে। আগের বছরগুলোতে প্রায় শতাধিক নৌকা অংশ নিলেও এবার এসেছে মাত্র ২০টি। দর্শকও আগের তুলনায় কম হয়েছে।

কলাবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাইকেল ওঝা বলেন, বিশ্বকর্মা পূজার মধ্য দিয়ে কোটালীপাড়ায় নৌকা বাইচের মৌসুম শুরু হয়। পরে বর্ষা মৌসুমের বিভিন্ন পূজাকে ঘিরেও বাইচ হয়।

তার ভাষ্য, এসব আয়োজনের জন্য নির্দিষ্ট কোনো আয়োজক নেই। স্থানীয়রা নিজেদের আনন্দের জন্য নৌকা বাইচ করেন। এভাবেই দীর্ঘদিন ধরে এ ঐতিহ্য টিকে আছে।