রাজবাড়ীতে নৌকা বাইচে দুই নৌকার মাঝিদের মারামারি, আহত ১৪
পদ্মা নদীতে ঘটনার সময় একটি নৌকা ডুবে যায়।
রাজবাড়ীর পদ্মা নদীতে নৌকা বাইচের সময় দুই নৌকার মাঝিদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৪ জন আহত হয়েছেন।
শনিবার সন্ধ্যায় সদর উপজেলার বোলতার স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান আয়োজক কমিটির পূর্বাঞ্চলের প্রধান মো. সিরাজ শিকদার।
তিনি বলেন, নৌকা বাইচের শেষ দিনে ‘নিউ শাড়ির ভিটা’ ও ‘নিউ জনতার সংগ্রাম’ নামের দুটি নৌকার প্রতিযোগিতা চলছিল। সন্ধ্যা হয়ে যাওয়ায় নৌকা দুটি নির্ধারিত সীমানা থেকে প্রায় দুই কিলোমিটার দূরে চলে যায়। পরে দুই নৌকার মাঝিদের মধ্যে মারামারি হয়। একপর্যায়ে ‘নিউ শাড়ির ভিটা’ নৌকাটি ডুবে যায়।
নিউ শাড়ির ভিটা নৌকার মালিক তৈয়বুর রহমান তপনের দাবি, তার নৌকা এগিয়ে থাকায় প্রতিপক্ষের নৌকাটি ধাক্কা দেয়। এরপর তাদের মাঝিদের মারধর করা হয়। এতে কয়েকজনের হাত-পা ভেঙে গেছে।
আয়োজক কমিটি, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সৈয়দ শফিক তমাল বলেন, আহত ১৪ জনের কেউ আশঙ্কাজনক নন। কয়েকজনকে ভর্তি রাখা হয়েছে, বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হবে।
