০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

যুক্তরাষ্ট্রে হ্যালোইন উইকেন্ডে সহিংসতায় অন্তত ১৩ জন নিহত, আহত ৯২

এটি কয়েক বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম সবচেয়ে সহিংস হ্যালোইন উইকেন্ড ছিল।

যুক্তরাষ্ট্রে হ্যালোইন উইকেন্ডে সহিংসতায় অন্তত ১৩ জন নিহত, আহত ৯২

ওহাইওর ওয়ারেন শহরে হ্যালোইনের সাজসজ্জায় পূর্ণ এক উঠানে একটি কঙ্কাল বসে আছে। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 03 Nov 2026, 01:46 PM

Updated : 03 Nov 2026, 02:02 PM

যুক্তরাষ্ট্রে হ্যালোইন উৎসবকে ঘিরে ব্যাপক বন্দুক সহিংসতায় অন্তত ১৩ জন নিহত ও ৯০ জনেরও বেশি আহত হয়েছেন। দেশজুড়ে একাধিক গোলাগুলির ঘটনায় উৎসবের আনন্দ ম্লান হয়েছে।

সিএনএন জানিয়েছে, এসব সহিংসতাগুলো হ্যালোইনের পাশাপাশি ফুটবল খেলা ও কলেজ পার্টির মতো শরৎকালীন বিভিন্ন আয়োজনের সময় ঘটেছে। এটি কয়েক বছরের মধ্যে অন্যতম সবচেয়ে সহিংস হ্যালোইন উইকেন্ড ছিল।

হ্যালোইনের আগের দিন সন্ধ্যা রাতে ক্যালিফোর্নিয়ার ফেয়ারফিল্ডের এক দোকানে মৃত্যুর প্রথম ঘটনাগুলোর মধ্যে একটি ঘটে। পুলিশ জানিয়েছে, ‘স্পিরিট হ্যালোইন’ নামের এক দোকানে নির্বিচার গুলির ঘটনায় ৩১ বছর বয়সী এক গর্ভবতী নারী নিহত হন।

হ্যালোইনের দিন শনিবার রাতে অ্যালাবামার বার্মিংহামে কয়েক মিনিটের ব্যবধানে দুটি গুলির ঘটনা ঘটে। নগরীটিতে অ্যালাবামা স্টেট ইউনিভার্সিটি এবং অ্যালাবামা এ অ্যান্ড এম ইউনিভার্সিটির মধ্যকার ‘ম্যাজিক সিটি ক্লাসিক’ ফুটবল ম্যাচ শেষ হওয়ার কয়েক মিনিটের ব্যবধানে দুটি গোলাগুলির ঘটনা ঘটে। লিজিয়ন ফিল্ড স্টেডিয়ামের কাছে প্রথম গুলির্বষণের ঘটনায় একজন নিহত ও আরও আটজন আহত হন।

কিছুক্ষণের মধ্যে নিকটবর্তী এক দোকানে গুলিবর্ষণের ঘটনায় আরও ছয়জন আহত হন। তাদের মধ্যে তিনজনের অবস্থান সঙ্কটজনক।

শনিবার গভীর রাতে মিশিগানের ফ্লিন্ট শহরে এক পার্টিতে গোলাগুলির ঘটনায় এক নারী নিহত হন। এ ঘটনায় দুই কিশোর ও এক পুরুষ আহত হন।

মাত্র ১০-১২ লাখ জনসংখ্যার অঙ্গরাজ্য ডেলাওয়্যারে হ্যালোইনের রাতে প্রায় এক ঘণ্টার ব্যবধানে দুটি গোলাগুলির ঘটনা ঘটেছে। এর একটি ঘটেছে অঙ্গরাজ্যটির বৃহত্তম বিশ্ববিদ্যালয়ের কাছে।

প্রথম ঘটনাটি ঘটে স্থানীয় সময় রাত ১০টার আগে ছোট শহর এলেনডেলে। খোলা জায়গায় একটি পার্টি চলাকালে পাশের কোনো জায়গা থেকে গুলি চালানো হলে ১৭ বছরের এক কিশোরীসহ নয়জন আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর ওই কিশোরীর মৃত্যু হয়। এখানে আহতদের সবার বয়স ১৭ থেকে ২২ বছরের মধ্যে।

এরপর রাত সোয়া ১১টার দিকে ডেলাওয়্যার বিশ্ববিদ্যালয়ের কাছে প্রধান সড়কে হ্যালোইন উদযাপনরতদের দিকে আরেক গুলিবর্ষণের ঘটনায় ছয়জন আহত হন।

ক্যানসাসে শনিবার ভোরে একটি পার্টি শেষে গোলাগুলির ঘটনায় চারজন গুলিবিদ্ধ হন। এদের মধ্যে একজন বাইরে কী হচ্ছে দেখার জন্য জানালা দিয়ে তাকালে মুখে গুলিবিদ্ধ হন।

টেক্সাসের এডিনবার্গের উত্তরে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তের কাছে গোলাগুলিতে সাতজন আহত হন। এর পাশাপাশি ইলিনয় ও ইন্ডিয়ানার ব্লুমিংটন নামের দুই শহরে রোববার ভোররাতে গোলাগুলির ঘটনায় ১৪ জন আহত হন। পরে এদের মধ্যে ১৯ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়।

আরকানসতে রোববার স্থানীয় সময় রাত ১টা ৪০ মিনিটে এক গোলাগুলির ঘটনায় ছয়জন গুলিবিদ্ধ হন।

মিসিসিপির জ্যাকসন শহরে রোববার ভোররাতে একটি নৈশক্লাবে গোলাগুলির ঘটনায় এক নারী ও এক পুরুষ নিহত ও আরও চারজন আহত হন।

ডালাসের ডিপ এলাম আবাসিক এলাকায় মধ্যরাতের পর তিনটি গুলিবর্ষণের ঘটনায় চারজন নিহত ও ১৫ জন আহত হন।

ফ্লোরিডার জ্যাকসনভাইলে দুই হ্যালোইন পার্টিতে গোলাগুলির ঘটনায় দুইজন নিহত ও আরও ১১ জন আহত হন। নিহতদের মধ্যে একজন ১৭ বছরের এক কিশোরী ও অপরজন ২০ বছরের এক তরুণ।

চলতি বছর এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রায় ৪০০টির মতো নির্বিচার গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এর অর্থ প্রতিদিন দেশটিতে একটিরও বেশি গুলির্বষণের ঘটনা ঘটেছে।