২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

বিরতির আগের ওভারে হৃদয়ের হঠাৎ কী হয়েছিল

চা বিরতির আগের ওভারে হুট করেই পাগলাটে ব্যাটিং শুরু করেন তাওহিদ হৃদয়, যেটির খেসারত দিতে হয় বিরতির ঠিক আগের বলে উইকেট হারিয়ে।

আরিফুল ইসলাম রনি আরিফুল ইসলাম রনি

সেঞ্চুরিয়ন থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Nov 2026, 11:50 PM

Updated : 23 Nov 2026, 11:50 PM

প্রেস কনফারেন্সে তাওহিদ হৃদয়কে নিয়ে প্রশ্ন তো হলোই। নিজের মতো করে উত্তরও দিলেন মালিবঙ্গুয়ে মাকেতা। প্রেস কনফারেন্স শেষে বেরিয়ে যাওয়ার সময় তাকে আবার জিজ্ঞেস করা হলো, “চা বিরতির আগে শেষ ওভারে কত রানের টার্গেট ছিল? ১৫ রান নিতে পারলে কি বাংলাদেশ ম্যাচ জিতে যেত?” মজাটা বুঝতে পেরে বাংলাদেশের সহকারী কোচ বললেন, “সব ডেলিভারি ছিল ফ্রি হিট…!” বলে হেসে যোগ করলেন, “মজা করলাম…।”

মজা করা ছাড়া আর কী-ই বা করার আছে তার। তাওহিদ হৃদয়ের ওইরকম ব্যাটিংয়ের কারণ তো ব্যাখ্যা করা কঠিন!

দল যখন ৯১ রানে অলআআউট, তখন স্রেফ একজন ব্যাটসম্যানকে কাঠগড়ায় দাঁড় করানো আসলে উচিত নয়। ব্যাটসমানরা যেভাবে খেলেছেন, আঙুল উঠতে পারে সবার দিকেই। তবে হৃদয় যা করেছেন, তাতে দিনের সবচেয়ে আলোচিত ঘটনা তার আউটই।

বাংলাদেশের সবচেয়ে ফর্মে থাকা ব্যাটসম্যান তিনি। গত টেস্টে অসাধারণ সেঞ্চুরি করেছেন বিপর্যয়ের মধ্যে। এর আগে টেস্টে গড়েছেন ইতিহাস। কিন্তু সেঞ্চুরিয়নের প্রথম দিনে চা বিরতির ঠিক আগে যেন হারিয়ে ফেললেন নিজেকে। সাইমন হার্মারকে স্লগ করে ছক্কা মারার পর বারবার তিনি ক্রিজ ছেড়ে বেরিয়ে চেষ্টা করছিলেন উড়িয়ে মারার। এক দফায় অল্পের জন্য বেঁচে গিয়েও সাবধান হলেন না। একই চেষ্টা করতে গিয়ে আউট হলেন ঠিক চার বিরতির আগের বলে। বিরতির আগে তার অমন পাগলাটে ব্যাটিংয়ের কারণ খুঁজে পাওয়া কঠিন।

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতার কাছে জিজ্ঞেস করা হয়েছিল হৃদয়ের আউট নিয়ে। কিন্তু এই কোচ নিজেও তেমন কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না।

“আমি এখনও তার সঙ্গে কথা বলিনি এখনও। জানি না সে কী ভাবছিল। যখন ড্রেসিংরুমে ফিরি, তখন সে এরকম কিছু খেললে... আমরা সাধারণত পরস্পরকে একা ছেড়ে দিই, যেমনটা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টেও হয়েছিল। তাকে কিছুটা সময় দিয়েছিলাম।

“আমি নিশ্চিত, আজ রাতে সে-ই আমার কাছে এসে কথা বলবে। তাই তার সঙ্গে কথা বলার পর আমরা সেই আলোচনাটা করতে পারব।”

গত সিরিজের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টেও এরকম ব্যাখ্যাতীত এক শটে উইকেট হারিয়েছিলেন হৃদয়। কোচ বলছিলেন সেই আউটের কথাই।

দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা আনরিখ নরকিয়া বললেন, তারা বুঝতে পারছিলেন যে হৃদয় অস্থির হয়ে পড়েছে। তাই উইকেটের গন্ধও পাচ্ছিলেন তারা।

“আমার মনে হয় আমরা ব্যাপারটা আঁচ করতে পেরেছিলাম। বোঝা যাচ্ছিল, দেখা যাচ্ছিল যে উইকেটে অনেক মুভমেন্ট আছে, এজন্য সবাই (দ্রুত) রান তুলতে আগ্রহী ছিল। সাইমন (হার্মার) খুব ভালো বোলিং করেছে, যদিও এক-দুটি বাউন্ডারি ছিল, তবুও প্রচুর সুযোগও তৈরি করেছে।

এইরকম উইকেটে যদি কেউ এভাবে খেলতে যায়, বিশেষ করে এই মুহূর্তে, যদিও আমার বলতে ভালো লাগছে না, কিন্তু ওভাবে শট খেলার চেষ্টা করে, তাহলে আউট হওয়াটা স্রেফ একটি বলেই ব্যাপার। আমরা যখন ব্যাপারটা আঁচ করতে পারলাম, আমার মনে হয় সাইমন কৌশলগতভাবে ভালো বোলিং করেছে এবং ওই উইকেটটি নেওয়ার জন্য খুব ভালোভাবে ফিল্ডিং সাজানোও হয়েছে।”

হৃদয়ের বিভীষিকা শেষ হয়নি ব্যাটিংয়েই। পরে ফিল্ডিংয়ে নেমেও স্লিপে সহজ একটি ক্যাচ ছেড়েছেন তিনি। সহকারী কোচ মাকেতার ধারণা, ব্যাটিংয়ের ব্যাপারটিই মাথায় ঘুরছিল বলেই ফিল্ডিংয়ে মনোযোগ হারিয়েছেন হৃদয়।

“আমার মনে হয়, ক্যাচটা যখন আসে, তখনও সে সম্ভবত নিজের ভাবনার মধ্যেই ডুবে ছিল। সে বেশ ভালো ব্যাটিং করছিল...এবং যদি খেয়াল করেন, আমাদের বেশিরভাগ ব্যাটারই ফিল্ডিংয়ে ব্যর্থ হয়েছে এবং আমার মনে হয়, তারা তখনও তাদের বাজে ব্যাটিং নিয়েই ভাবছিল।

“আমরা নিশ্চিত করার চেষ্টা করি যে, নিজেদের যেন ভালোভাবে মেলে ধরি এবং আমাদের ব্যাটিং যেমনই হোক না কেন, দলের জন্য যেন ভালো মানসিকতার পরিচয় দিই। সেদিক থেকে এটা কিছুটা হতাশাজনক ছিল। কিন্তু আমি নিশ্চিত যে আমরা আগামীকাল আরও শক্তিশালী হয়ে ফিরব।”