২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথমবার যৌথভাবে চার দেশে মেয়েদের বিশ্বকাপ

২০৩১ সালের আসর আয়োজনের দায়িত্ব পেয়েছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কোস্টা রিকা ও জ্যামাইকা; ২০৩৫ সালের আসর বসবে যুক্তরাজ্যে।

প্রথমবার যৌথভাবে চার দেশে মেয়েদের বিশ্বকাপ

সবশেষ ২০২৩ সালের নারী বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় স্পেন। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Nov 2026, 11:20 PM

Updated : 23 Nov 2026, 11:20 PM

২০৩১ সালের নারী ফুটবল বিশ্বকাপ যৌথভাবে হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কোস্টা রিকা ও জ্যামাইকায়। ২০৩৫ সালের আসর আয়োজনের দায়িত্ব পেয়েছে ইংল্যান্ড, নর্দান আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলস।

ফিফার বিশেষ কংগ্রেসে সোমবার ওই দুটি আসর আয়োজনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। দুটি প্রস্তাবেই কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না এবং সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে।

২০৩১ সালের আসর আয়োজনের সুযোগ কেবল আফ্রিকা ও কনক্যাকাফ অঞ্চলের সদস্য দেশগুলোর জন্য এবং ২০৩৫ সালের আসর আয়োজনের সুযোগ আফ্রিকা ও ইউরোপের সদস্য দেশগুলোর জন্য সীমাবদ্ধ রেখেছিল ফিফা।

২০৩১ সালের আসরটি হবে চারটি দেশের যৌথ আয়োজনে প্রথম কোনো নারী বিশ্বকাপ। এর আগে ১৯৯৯ ও ২০০৩ সালে যুক্তরাষ্ট্রে এবং ২০১৫ সালে কানাডায় নারী বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল; তাই এটি হবে উত্তর আমেরিকায় তৃতীয় নারী বিশ্বকাপ।

২০৩৫ সালের আসরটি হবে যুক্তরাজ্যে আয়োজিত প্রথম নারী বিশ্বকাপ। ১৯৬৬ সালের পুরুষদের বিশ্বকাপের পর এটিই হবে যুক্তরাজ্যে প্রথম কোনো ফুটবল বিশ্বকাপ।

২০৩১ সালের আসরে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে। ২০৩৫ সালের আসরেও একই ফরম্যাট বজায় থাকবে, যেখানে চারটি করে দল নিয়ে ১২টি গ্রুপ থাকবে এবং এরপর ৩২টি দল নিয়ে নকআউট পর্ব শুরু হবে।

নারী বিশ্বকাপের দশম আসর, অর্থাৎ ২০২৭ সালের আসরটি আগামী বছর ২৪ জুন থেকে ২৫ জুলাই পর্যন্ত হবে ব্রাজিলে। এটি হবে দক্ষিণ আমেরিকায় আয়োজিত প্রথম নারী বিশ্বকাপ।