নাশরা নাঈম: আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ১০৫ বছরের ইতিহাসে প্রথম নারী ভিপি
বিশ্ববিদ্যালয়টির ছাত্র সংসদের ১৩টি পদের মধ্যে ভিপিসহ রেকর্ড সংখ্যক ৬টি পদে জয়ী হয়েছেন নারী প্রার্থীরা।
আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের (এএমইউ) ছাত্র সংসদ নির্বাচনে নারী প্রার্থীরা ভিপি পদসহ ১৩টি পদের মধ্যে ৬টিতে জয়লাভ করে এক অভূতপূর্ব ইতিহাস সৃষ্টি করেছেন।
শুক্রবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ফলাফল ঘোষণা করেছে, জানিয়েছে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু।
বিশ্ববিদ্যালয়টির ১০৫ বছরের ইতিহাসে প্রথম নারী হিসেবে ছাত্র সংসদের ভিপি (সহ-সভাপতি) নির্বাচিত হয়েছেন নাশরা নাঈম।
ঘোষিত ফলাফল অনুযায়ী, নাশরা ৭০৯১ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাকিব আলি খানকে পরাজিত করেছেন, যিনি ৫৮১৮ ভোট পেয়েছেন।
এএমইউ-র ছাত্র সংসদের কার্যনির্বাহী সদস্যের ১০টি পদের মধ্যে রেকর্ড সংখ্যক ৫টি পদে জয়ী হয়েছেন নারী প্রার্থীরা। এটি ছাত্রসংসদে তাদের প্রতিনিধিত্বের ক্ষেত্রে এক উল্লেখযোগ্য বৃদ্ধি।
ছাত্র সংসদের প্রেসিডেন্ট বা সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ নোমান আশরাফ। তিনি পেয়েছেন ৭৭৯৭ ভোট। ৮৩৮৫ ভোট পেয়ে সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছে মোহাম্মদ হামদান।
গত তিন বছর ধরে শিক্ষার্থীদের ক্রমাগত আন্দোলনের পর, নজিরবিহীন আট বছরের ব্যবধানে এবারের নির্বাচনটি অনুষ্ঠিত হওয়ায় এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল।
বিশ্ববিদ্যালয়ের একজন জ্যেষ্ঠ শিক্ষক জানান যে, চলমান ‘জেনারেশন জেড’ আন্দোলনও এই নির্বাচনে প্রভাব ফেলেছে।
নাম প্রকাশ না করার শর্তে ওই শিক্ষক বলেন, "আগের বছরগুলোর তুলনায় এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে মুসলমানদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়সহ আরও ব্যাপক জাতীয় ইস্যুগুলোও স্থান পেয়েছে। আগে ক্যাম্পাস কেন্দ্রিক সমস্যাগুলোই প্রচারণায় প্রাধান্য পেত।"
এএমইউ-এর উপাচার্য অধ্যাপক নাইমা খাতুন নির্বাচনের ‘শান্তিপূর্ণ পরিবেশকে’ স্বাগত জানিয়ে একে প্রতিষ্ঠানের ‘সর্বোচ্চ গণতান্ত্রিক ঐতিহ্যের এক মহাবিজয়’ হিসেবে অভিহিত করেছেন। নারী ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরে তিনি নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণ এবং প্রতিনিধিত্বকেও স্বাগত জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নির্বাচনী প্রচারকালে কোনো ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি।
