১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

যে ভাবনায় বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করতে প্রস্তুত হাফিনিয়া

২০২৮ পর্যন্ত আগের চুক্তি করার কারণও ব্যাখ্যা করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

যে ভাবনায় বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করতে প্রস্তুত হাফিনিয়া

হাফিনিয়া। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Sep 2026, 10:53 PM

Updated : 18 Sep 2026, 10:53 PM

নেতৃত্বভার কাঁধে নিয়ে নুইয়ে পড়েননি হাফিনিয়া, বরং বল পায়ে আরও উজ্জ্বল হয়ে উঠেছেন তিনি। নতুন মৌসুমের শুরু থেকে গোলের পর গোল করে চলেছেন। দারুণ ছন্দে এগিয়ে চলার মাঝে বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর ঘোষণাও দিলেন ব্রাজিলিয়ান তারকা।

সেই সঙ্গে জানালেন মনের একটা ইচ্ছার কথাও, সম্ভব হলে কাম্প নউয়েই ক্যারিয়ারে ইতি টানতে চান ২০ বছর বয়সী ফরোয়ার্ড।

গত মৌসুমে চোটে বেশ ভুগতে হয় হাফিনিয়াকে। এর কিছুটা প্রভাব পড়ে তার পারফরম্যান্সে; ক্লাবের হয়ে ওই মৌসুমে কেবল ৩৩টি ম্যাচ খেলতে পারেন তিনি, গোল করেন ২১টি। দেশের হয়ে জুন-জুলাইয়ের বিশ্বকাপেও আরেক দফা চোট পেয়ে ছিটকে যান তিনি।

তবে সব ধাক্কা সামলে এবার অসাধারণভাবে এগিয়ে চলেছেন হাফিনিয়া। লা লিগায় ছয় ম্যাচের পাঁচটি এবং সব প্রতিযোগিতা মিলিয়ে সাত ম্যাচের ছয়টিতেই জালের দেখা পেয়েছেন তিনি। মৌসুমে এখন পর্যন্ত গোল করেছেন ১১টি, করিয়েছেন তিনটি।

দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে পেরে নিজেও যেন আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন হাফিনিয়া। আরএসি ওয়ান-এর সঙ্গে আলাপকালে ক্লাবের সঙ্গে নতুন চুক্তির ইচ্ছাও প্রকাশ করলেন তিনি।

“আমি এর আগে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছিলাম এই ভাবনায় যে, তখন আমার বয়স হয়ে যাবে ৩০ কিংবা ৩১ বছর এবং তখন আমি জানতামও না যে, আমি কী অবস্থায় থাকব।

“তবে এই মৌসুমে যেভাবে আমি শুরু করেছি, সেই বিবেচনায় আমি বুঝতে পারছি যে, আমি আরও বেশ কয়েক বছর খেলতে পারব। তাই হ্যাঁ, চুক্তির মেয়াদ আরেকটু বাড়াতে পারলে এবং অন্য কোথাও না গিয়ে এখানে ক্যারিয়ার শেষ করতে পারলে খুশিই হব।”

লিগে পরের ম্যাচে শনিবার সেভিয়ার মাঠে খেলবে লা লিগা চ্যাম্পিয়নরা।