০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

কয়েকদিনের মধ্যেই নতুন চুক্তির আশায় কেইন

চুক্তির বড় শর্তগুলোয় দুই পক্ষের মধ্যে ইতোমধ্যে সমঝোতা হয়ে গেছে, জানালেন ইংলিশ তারকা।

কয়েকদিনের মধ্যেই নতুন চুক্তির আশায় কেইন

ব্যালন দ’র হাতে বায়ার্ন মিউনিখে হ্যারি কেইন। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 03 Nov 2026, 04:19 PM

Updated : 03 Nov 2026, 04:19 PM

বায়ার্ন মিউনিখের সঙ্গে হ্যারি কেইনের চুক্তির মেয়াদ ফুরিয়ে আসছে। তবে ‘নিশ্চিতভাবেই’ ক্লাবটিতে তার পথচলা আরও দীর্ঘ হতে যাচ্ছে। নতুন চুক্তির সবকিছু প্রায় চূড়ান্ত হয়ে যাওয়ার আভাস দিয়েছেন ইংলিশ তারকা।

আগামী কয়েকদিনের মধ্যে জার্মান চ্যাম্পিয়নদের সঙ্গে তার নতুন চুক্তির ঘোষণা আসবে, জানালেন কেইন।

টটেনহ্যাম হটস্পার থেকে চার বছরের চুক্তিতে ২০২৩ সালের গ্রীষ্মে বায়ার্নে যোগ দেন কেইন, যা শেষ হবে চলতি মৌসুম শেষে।

বায়ার্নে যোগ দেওয়ার পর থেকে গোলের পর গোল করে চলেছেন কেইন। গত মৌসুমে পারফরম্যান্সের উন্নতি করে নিজেকে নতুন উচ্চতায় তোলেন তিনি, ক্লাব ও জাতীয় দল মিলিয়ে করেন ৭৩টি গোল। দলটির হয়ে বুন্ডেসলিগাসহ জিতেন দুটি শিরোপা, আর গত বিশ্বকাপে ইংল্যান্ডের তৃতীয় হওয়ার পথে নেতৃত্ব দেন তিনি।

মৌসুমের দুর্দান্ত ওই পারফরম্যান্সের জন্য গত সপ্তাহে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন দ’র জয় করেন কেইন। দারুণ এই প্রাপ্তির আনন্দের মাঝে, আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের আগের দিন ক্লাবের সঙ্গে নতুন চুক্তির আগাম খবর দিলেন তিনি।

“আমি বলব, আর কয়েকদিনের ব্যাপার। এই সপ্তাহান্তে এবং আজ ভালো আলোচনা হয়েছে।

“আমি জানি, (নতুন চুক্তির) খুব কাছাকাছি আছি- এই কথা আমি বারবার বলছি, কিন্তু এখন আমরা সত্যিই খুব কাছাকাছি আছি।”

আলোচনায় মূল বিষয়গুলোর সমাধান হয়ে গেছে, এখন ছোটখাটো কিছু ব্যাপারে সমঝোতায় পৌছানো বাকি বলে জানালেন কেইন।

“অনেক বড় বড় বিষয়ে (দুই পক্ষ) একমত হয়েছে, আমরা তাতে খুশি। তবে সব চুক্তিতেই ছোটখাটো অনেককিছু থাকে, আইনজীবিরা বসে সেগুলোর সমাধান করবে।

“তাই আমি বলতে পারি, চুক্তি চূড়ান্ত হতে এখন আর সপ্তাহ নয়, কয়েক দিন বাকি।”