Published : 18 Sep 2026, 11:24 PM
রাজধানীর যাত্রাবাড়ী, আগারগাঁও ও মহাখালীর পর এবার মগবাজার চৌরাস্তা, বাবুবাজার ব্রিজের নিচে ও রামপুরায় হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
হাতিরঝিল থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, “শুক্রবার রাত সোয়া ৯টার দিকে মগবাজার মোড় জামে মসজিদের পাশে একটি হাতবোমা বিস্ফোরণ হয়। তবে কোনো হতাহতের ঘটনা নেই।”
বাবুবাজার ব্রিজের নিচে রাত ৮ টার দিকে একটি হাতবোমা বিস্ফোরণ হয় বলে তথ্য দেন কোতয়ালী থানার ওসি মো. রবিউল। তিনি বলেন, “একটি বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি।”
রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) প্রধান ফটকের বিপরীত পাশের সড়কেও জোড়া হাতবোমা বিস্ফোরণের তথ্য দিয়েছে পুলিশ। রামপুরা থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, “রাত ১১ টার দিকে বিটিভির প্রধান ফটকের বিপরীত পাশের সড়কে ককটেল বিস্ফোরণ হয়েছে, যেটি হাতিরঝিল থানা এলাকায় পড়েছে। আমরা এমন খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি।”
এর আগে সন্ধ্যার পর ঢাকার যাত্রাবাড়ী থানার সামনে একাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় ইবাদুর রহমান নামে এক অটোরিকশা চালক আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার রাত পৌনে ৮টার দিকে থানার প্রধান ফটকের সামনে একাধিক বিস্ফোরণের মধ্যে ওই রিকশাচালক আহত হন। আহত ইবাদুরের বাড়ি কুড়িগ্রামের উলিপুর থানার সাদুল্লা গ্রামে। তিনি বর্তমানে থাকেন মুগদার মান্ডা এলাকায়।
সন্ধ্যায় প্রায় একই সময়ে ঢাকার মহাখালী ও আগারগাঁও বেতার ভবনের সামনেও হাতবোমা বিস্ফোরণের খবর দিয়েছে পুলিশ।
এদিন দুপুরে জুমার নামাজের পর পর মালিবাগ রেলগেইট সংলগ্ন সড়কে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটে।
পুরানো খবর:
মালিবাগে ককটেল বিস্ফোরণ, হতাহত নেই