তেজগাঁও-মোহাম্মদপুরসহ কয়েক স্থানে রাতে হাতবোমা বিস্ফোরণ
এর আগে রমনায় ঢাকার পুলিশ সুপারের বাসার সামনে ককটেল বিস্ফোরণ এবং রাজধানীর কয়েক জায়গায় বাসে আগুন দেওয়ার খবর এসেছে।
রাজধানীতে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনারের কার্যালয়ের সামনে ও মোহাম্মদপুরের কয়েকস্থানে হাতবোমার বিস্ফোরণ হয়েছে।
মঙ্গলবার রাতের এসব ঘটনার মধ্যে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের তরফে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করার তথ্যও দিয়েছেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা।
তবে প্রাথমিকভাবে আটক ব্যক্তির নাম ও পরিচয় জানাতে পারেনি পুলিশ।
পুলিশ বলছে, মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে মোহাম্মদপুরের কৃষি মার্কেটে, রাত পৌনে ১০টার দিকে আসাদগেট এবং পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা ফাটানো হয়।
এছাড়া এরমধ্যে বসিলা এসআরবি-২ কার্যালয় ও রেসিডেন্সিয়াল মডেল কলেজ পাশে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
পুলিশ কর্মকর্তা জুয়েল রানা বলেছেন, শ্যামলী থেকে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একজনকে আটক করে পুলিশের হস্তান্তর করেছে।
এদিকে ঢাকার আরেক প্রান্তে যাত্রাবাড়ীতে ফ্লাইওভার থেকে ছুড়ে মারা দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে।
রাত ৯টার দিকে যাত্রাবাড়ী থানাধীন সামাদ সুপার মার্কেটের সামনে হানিফ ফ্লাইওভার থেকে হাতবোমাগুলো নিক্ষেপ করা হয় বলে জানান যাত্রাবাড়ী ওসি রুবেল হাওলাদার।
তবে এসব ঘটনায় কেউ হতাহতের খবর দেয়নি পুলিশ।
এদিন রাতে রমনা থানা এলাকায় ঢাকায় পুলিশ সুপারের বাসভবনের সামনেও ককটেল ফাটানো হয়েছে। সন্ধ্যার পর থেকে রাতের বিভিন্ন সময়ে তিনটি বাসে আগুন দেওয়া হয়েছে মহাখালী, পল্লবী ও রামপুরা এলাকায়।
