১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

মানিকগঞ্জে ডিসি কার্যালয়ের সামনে দুটি হাতবোমার বিস্ফোরণ, আতঙ্ক

রাত ৮টার দিকে শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন রাজ হোটেলের সামনে আরও একটি হাতবোমার বিস্ফোরণ ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Nov 2026, 12:17 AM

Updated : 10 Nov 2026, 12:17 AM

মানিকগঞ্জ শহরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পরপর দুটি এবং বাসস্ট্যান্ড এলাকায় আরও একটি হাতবোমার বিস্ফোরণ ঘটেছে।

সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ডিসি কার্যালয়ের সামনে এবং রাত ৮টার দিকে বাসস্ট্যান্ড এলাকায় এসব বিস্ফোরণ ঘটে বলে মানিকগঞ্জ সদর থানার ওসি মো. মনির হোসেন জানান।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সন্ধ্যা পৌনে ৭টার দিকে ডিসি কার্যালয়ের সামনে পরপর দুটি হাতবোমা বিকট শব্দে বিস্ফোরিত হলে আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর কিছুক্ষণ পর রাত ৮টার দিকে শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন রাজ হোটেলের সামনে আরও একটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার পর দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

মানিকগঞ্জ সদর থানার ওসি মনির হোসেন বলেন, বর্তমানে পরিবেশ স্বাভাবিক রয়েছে।

ঘটনায় কারা জড়িত তা শনাক্ত করতে তদন্ত চলছে এবং শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি।