০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

মিরপুরে জোড়া হাতবোমা বিস্ফোরণ, আহত ১

মিরপুর-১১ নম্বরের চলন্তিকা মোড় সংলগ্ন এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের কার্যালয়ের সামনে রাত সাড়ে ৮টার দিকে এ বিস্ফোরণের হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Nov 2026, 12:15 AM

Updated : 04 Nov 2026, 12:42 AM

ঢাকার মিরপুর-১১ নম্বরের চলন্তিকা মোড়ে জোড়া হাতবোমা বিস্ফোরণের ঘটনায় একজন আহত হয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে চলন্তিকা মোড় সংলগ্ন এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের কার্যালয়ের সামনে এ বিস্ফোরণের হয় বলে তথ্য দেন পল্লবী থানার ওসি জালাল উদ্দিন।

এতে ওই কুরিয়ার সার্ভিসের মো. পাপন নামে এক কর্মী আহত হয়েছেন, পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার বলেছেন, ওই যুবকের শরীরের প্রায় ২০ শতাংশ দগ্ধ হয়েছে।

ঘটনার সিসিটিভি ক্যামেরার এক ভিডিওতে দেখা গেছে, কুরিয়ার সার্ভিসের কার্যালয়টির সামনে বিভিন্ন পার্সেলের বস্তা স্তূপ করে রাখা। সেখানে কর্মীরা কাজ করছিলেন, হঠাৎ দুজন বাইকে এসে পরপর দুটি হাতবোমা ছুঁড়ে পালিয়ে যায়।

ওসি জালাল উদ্দিন বলেন, “এর আগেও কুরিয়ার সার্ভিসের প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটেছে। ধারণা করা হচ্ছে, ব্যবসায়িক দ্বন্দ থেকে এ ঘটনা ঘটতে পারে৷ ঘটনার কারণ অনুসন্ধান ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।”

এদিকে

বিটিভি ভবনের সামনে হাতবোমা বিস্ফোরণ

এদিকে মঙ্গলবার সন্ধ্যার আগে ঢাকার রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের সামনে একটি হাতবোমা বিস্ফোরণের তথ্য দিয়েছে পুলিশ।

রামপুরা থানার ওসি জাহাঙ্গীর হোসেন বলেন, “কে বা কারা হাতবোমা ছুঁড়ে মারলে সেটির বিস্ফোরণ হয়। তবে এতে কোন হতাহতের ঘটনা নেই। জড়িতদের শনাক্তে পুলিশের তৎপরতা অব্যাহত আছে।”