তাজরীন ফ্যাশন ট্র্যাজেডি: ১৪ বছরে সাক্ষ্যগ্রহণও শেষ হয়নি
ভয়াবহ সেই দিনে কোনোমতে প্রাণ নিয়ে বেঁচে ফেরা অনেকেরই মানবেতর জীবন চলছে।
পোশাক কারখানায় দেশের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী যে অগ্নিকাণ্ড সবাইকে নাড়িয়ে দিয়েছিল, ১৪ বছরেও তার বিচারকাজ শেষ হয়নি।
ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবিএম আশফাক-উল-হকের আদালতে মামলাটি সাক্ষ্য গ্রহণের পর্যায়ে আটকে আছে। ১০৪ জনের মধ্যে সাক্ষ্য দিয়েছেন কেবল ১৯ জন।
রাষ্ট্রপক্ষ সাক্ষী হাজির করতে না পারায় বছরের পর বছর নতুন তারিখ দিয়ে যাচ্ছে আদালত। আগামী ৭ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন রয়েছে বলে ওই আদালতের বেঞ্চ সহকারী মোর্শেদ আলম জানিয়েছেন।
আশুলিয়ায় নিশ্চিন্তপুরে তোবা গ্রুপের তাজরীন ফ্যাশনে ২০১২ সালের ২৪ নভেম্বর ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ যায় ১১২ জনের। আহত ও দগ্ধ হন দুই শতাধিক শ্রমিক।
ওই ঘটনায় কারখানাটির মালিক দেলোয়ার হোসেন ও তার স্ত্রী মাহমুদা আক্তারসহ বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা করেন আশুলিয়া থানার এসআই খায়রুল ইসলাম। তদন্ত শেষে ২০১৩ সালের ১৯ ডিসেম্বর ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন সিআইডি পুলিশের ইন্সপেক্টর এ কে এম মহসীন উজ জামান। এরপর থেকে কেবল সাক্ষ্যগ্রহণের নতুন তারিখ পড়ছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদুর রহমান বলেন, “মামলার বিচার আমাদের আদালতে চলছে। অনেক আগে থেকে সাক্ষ্য শুরু হয়েছে। মামলার ঘটনা গুরুত্বপূর্ণ। মামলার সাক্ষী অনেক, ১০৪ জন। ১৯ জনের সাক্ষ্য শেষ হয়েছে।”
সাক্ষীদের হাজির করা চ্যালেঞ্জ হয়ে পড়েছে মন্তব্য করে তিনি বলেন, “সমন দেওয়া হয়, জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা পর্যন্ত জারি করা হয়। কিন্তু তারা আসছেন না। তারপরও আমরা চেষ্টা করছি, সাক্ষীদের হাজির করতে। কীভাবে সাক্ষীদের হাজির করা যায়, সেই চেষ্টা করছি। দ্রুত বিচার শেষ করতে কাজ করছি।”
সবশেষ গত ৬ মে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তরের যুগ্ম মহাপরিদর্শক মতিউর রহমান, কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের অবসরপ্রাপ্ত যুগ্ম মহাপরিদর্শক মোস্তাফিজুর রহমান এবং নারায়ণগঞ্জের চাষাড়ার শ্রম পরিদর্শক সঞ্জয় কুমার দাস সাক্ষ্য দেন।
ওই দিনের পরে ১ জুলাই ও ৪ অক্টোবর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হলেও কাউকে হাজির করতে পারেনি রাষ্ট্রপক্ষ। সে কারণে তাদের সময় আবেদনে বিচারক আশফাক-উল-হক আগামী বছরের ৭ জানুয়ারি পরবর্তী দিন রাখেন।
বেঞ্চ সহকারী মোর্শেদ আলম বলেন, সাক্ষ্য দিতে না আসায় ছয় সাক্ষীর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা এবং দুইজনকে সমন দেওয়া হয়েছে।
অভিযোগপত্রে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০৪ ও ৩০৪ (ক) ধারা অনুযায়ী ‘অপরাধজনক নরহত্যা’ ও ‘অবহেলার কারণে মৃত্যুর’ অভিযোগ আনা হয়। সেখানে বলা হয়, কারখানা ভবনের নকশায় ত্রুটি ছিল, জরুরি নির্গমনের পথ ছিল না। আগুন লাগার পর শ্রমিকরা বাইরে বের হতে চাইলে নিরাপত্তাকর্মীরা অগ্নিকাণ্ডকে অগ্নিনির্বাপণ মহড়া বলে শ্রমিকদের কাজে ফেরত পাঠিয়ে কলাপসিবল গেট লাগিয়ে দেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় ৯৮৪ জন শ্রমিক সেখানে কর্মরত ছিলেন। নিহত ১১২ জনের মধ্যে তৃতীয় তলায় ৬৯ জন, চতুর্থ তলায় ২১ জন, পঞ্চম তলায় ১০ জন এবং পরবর্তী সময়ে বিভিন্ন হাসপাতালে ১২ জন মারা যান। এর মধ্যে পরিচয় শনাক্ত করা গেছে এমন ৫৮ লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। বাকিগুলো জুরাইন কবরস্থানে দাফন করা হয়।
ওই ঘটনায় ২০১৫ সালের ৩ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ঢাকার তৎকালীন জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান। পরে মামলাটি বিচারের জন্য অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতে স্থানান্তর করা হয়।
মামলার বিচারে অভিযোগ গঠনের পর ২০১৬ সালে পাঁচজন, ২০১৭ সালের দুইজন সাক্ষ্য দেন। ২০১৮ ও ২০২০ সালে কেউ সাক্ষী দেননি। ২০১৯ ও ২০২১ সালে দিয়েছেন একজন করে। ২০২২ সালে দুইজন, ২০২৩ সালে একজন, ২০২৪ সালে তিনজন, ২০২৫ সালে একজন এবং চলতি বছরে তিনজন সাক্ষ্য দিয়েছেন।
‘এটা হত্যাকাণ্ড’
তাজরীন ফ্যাশনে অগ্নিকাণ্ডের ঘটনাকে হত্যাকাণ্ডে বলে মনে করেন গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ সম্পাদক মমিনুর রহমান মমিন।
তার কথায়, “আগুন লাগার পর কারখানার মূল ফটক বন্ধ থাকায় শ্রমিকেরা বের হতে পারেননি। শ্রমিক সংগঠন ও দেশি-বিদেশি বিভিন্ন মহলের চাপের মুখে সরকার মামলা করলেও দীর্ঘ সময় পেরিয়ে এখনো রায় হয়নি।
“কারখানার মালিক দেলোয়ার হোসেন গ্রেপ্তার হলেও পরবর্তী সময়ে রাজনৈতিক সংশ্লিষ্টতার মাধ্যমে পদ-পদবি পেয়ে জামিনে মুক্তি পান। এতে শ্রমিক হত্যার বিচার নিয়ে তাদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। দায়ীদের বিভিন্নভাবে পুরস্কৃত করার মাধ্যমে এ ধরনের অপরাধকে প্রশ্রয় দেওয়া হয়েছে। এ ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত।”
আসামি দেলোয়ার ও মাহমুদাসহ কয়েকজনের আইনজীবী হেলেনা পারভীন বলেন, “আমরাও চাই মামলার বিচার দ্রুত শেষ হোক। অনেক দিন তো হল। সাক্ষী আসে না, বিচারক পরিবর্তন, রাষ্ট্রপক্ষের আইনজীবী পরিবর্তন। আবার তো সরকারেরও পরিবর্তন হল। এভাবেই চলছে বছরের পর বছর।”
তাজরীনের আগুনকে দুর্ঘটনা দাবি করে হেলেনা পারভীন বলেন, “ঘটনার সময় দেলোয়ার সেখানে উপস্থিত ছিলেন না। তারপরও মালিক দায় এড়াতে পারেন না। তিনি যতটুকু পেরেছেন সাহায্য-সহযোগিতা করেছেন। তাকেও মাসের পর মাস আদালতে হাজির দিতে হচ্ছে। হয়রানি হচ্ছেন। তার সঙ্গে তাজরীন ফ্যাশনসের কয়েকজনকেও আসামি করা হয়েছে। তাদের মামলার খরচও তিনি দেখছেন যতটুকু পারছেন। তিনি সবাইকে সাহায্য-সহযোগিতা করার চেষ্টা করছেন। আর তারও তো অনেক ক্ষতি হয়েছে।”
‘কোনোরকমে বেঁচে আছি’
তাজরীন ফ্যাশনে অগ্নিকাণ্ডের সেই দৃশ্য মনে পড়লে এখনো আঁতকে ওঠেন কারখানাটির সুপারভাইজার সুলেইমান। ঘটনার দিন চারতলায় কাজ করছিলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “কোনোরকমে বেঁচে আছি। ভাঙাচোরা লোক আর কেমন থাকতে পারে। ঠিকমত কাজ করতে পারি না। স্ত্রী, সন্তান আর বোনকে নিয়ে সংসার। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আমি। শরীরে না কুলালেও কাজ করতে হচ্ছে। দারোয়ানের চাকিরি করছি। টেনেটুনে সংসার কোনোমতে চলছে।”
ঘটনার দিনের বর্ণনায় সুলেইমান বলেন, “আগুন লাগার পর অনেকে বাঁচার জন্য নিচে লাফ দেয়। কারও হাত ভেঙেছে, কারও পা, আবার কারও কোমর। কেটে-ছিঁড়ে তো গেছেই।
“আমার ডান পা ভেঙে গেছে, মেরুদণ্ডে সমস্যা হয়েছে। আহতদের অনেকের সঙ্গে যোগাযোগ হয়। অনেকেই কাজ করতে পারেন না। কষ্টের জীবন কাটছে। এভাবেই আমাদের ভাঙাচোরা জীবন চলছে।”
ভয়াবহ সেই দিনে সুলেইমানের মত কোনোমতে প্রাণ নিয়ে বেঁচে ফেরা অনেকেরই মানবেতর জীবন চলছে।
ওই ঘটনায় বিচার ও ক্ষতিপূরণ দাবি করে সুলেইমান বলেন, “আমরা বিচার চাই। পরবর্তীতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে।”
