এবার সিআইডি কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ
কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার পর এবার রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি।
পল্টন থানার ওসি আরিফুল আলম আরিফ বলেন, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মালিবাগের বীর উত্তম শামসুল আলম সড়কে সিআইডি কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
এর আগে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েক মিনিটের ব্যবধানে অন্তত ৬ জায়গায় হাতবোমার বিস্ফোরণ ঘটে। এসময় আটক করা হয়েছে ৩ জনকে।
সন্ধ্যা ৬টা ৪২ মিনিটের দিকে টিএসসির মেট্রোরেল স্টেশনের নিচে, সিনেটভবনসহ আরও কয়েকটি স্থানে হাতবোমাগুলো ফাটানোর তথ্য দিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
এ সময় শিক্ষার্থীরা দুজনকে আটক করে পুলিশে দিয়েছেন বলে জানিয়েছেন শাহবাগ থানার ওসি মনিরুজ্জামান।
