২০ অক্টোবর ২০২৬, ০৫ কার্তিক ১৪৩৩

নবমীতে জামদানি

নবমীর দিন ও রাতে জামদানির রং ও নকশার ছোঁয়াতে সাজে ভিন্নতা আনা যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Oct 2026, 10:00 AM

Updated : 20 Oct 2026, 05:49 AM

জামদানি শাড়ির বিশেষত্ব তার বুননে। শাড়ির জমিনে ফুটে ওঠা ফুল, লতা, জ্যামিতিক নকশা বা ছোট ছোট মোটিফ- অন্য শাড়ি থেকে আলাদা করে।

সূক্ষ্ম নকশার এই শাড়ি পরলে সাজে এমনিতেই পরিশীলিত ভাব আসে। তাই খুব বেশি গয়না বা ভারী প্রসাধনীর প্রয়োজন হয় না। শাড়ির নিজস্ব নকশাই সাজের প্রধান অংশ।

কেন নবমীর সাজে জামদানি?

নবমীর দিন পছন্দ তালিকায় থাকে এমন পোশাক, যার আছে ঐতিহ্য আবার স্বাচ্ছন্দ্যপূর্ণ। আর জামদানি সেই চাহিদা পূরণ করতে পারে।

হালকা জামদানি পরে সকালে বা দিনে ঘুরে বেড়ানো যেমন আরামদায়ক, তেমনি একটু জমকালো নকশার জামদানি সন্ধ্যার সাজেও মানানসই।

“শাড়ির বুনন ও নকশা অনুযায়ী সাজের ধরন বদলে নেওয়া যায়। ফলে একই শাড়ি দিয়েও তৈরি করা সম্ভব একাধিক ধরনের উৎসবের সাজ”, বলেন ফ্যাশন হাউজ বিশ্বরং-এর প্রধান ও পোশাক নকশাকর বিপ্লব সাহা।

নবমীর জন্য যেমন রংয়ের জামদানি

নবমীর সাজে শাড়ির রং বেছে নেওয়ার সময় পূজার আবহ, নিজের ত্বকের রং এবং শাড়ির নকশা— তিনটি বিষয়ই বিবেচনায় রাখা যায়। চিরচেনা লাল-সাদা জামদানি বাঙালির উৎসবের সাজে বিশেষ আবেদন রাখে।

সাদা জমিনে লাল নকশা বা লাল জমিনে সাদা বুননের শাড়ি সঙ্গে লাল ব্লাউজ, টিপ ও সোনালি গয়না মিলিয়ে নেওয়া যেতে পারে।

উজ্জ্বল রং পছন্দ হলে গাঢ় নীল, সবুজ, মেরুন বা বেগুনি জামদানি বেছে নেওয়ার পরামর্শ দেন, এই ফ্যাশন বিশারদ। এসব রংয়ের শাড়িতে সোনালি বা হালকা রংয়ের নকশা থাকলে সন্ধ্যার মণ্ডপের আলোয় আরও জমকালো লাগবে।

অন্যদিকে সরিষা, মাটি, হালকা গোলাপি, আকাশি বা অফ হোয়াইট রংয়ের জামদানিও সাজে স্নিগ্ধতা আনতে পারে। বিশেষ করে শাড়ির জমিন হালকা হলে নকশা ও পাড়ের রংকে আলাদা করে ফুটিয়ে তোলা যায়।

শাড়ির রং নির্বাচন করার ক্ষেত্রে শুধু প্রচলিত উৎসবের রং বেছে নেওয়াই জরুরি নয়। নিজের পছন্দের রং, শাড়ির নকশা এবং যে সময়ে পরবেন, সেগুলোর সঙ্গে সামঞ্জস্য থাকলেই সাজে আসবে সৌন্দর্য।

শাড়ির বুনন ও নকশায় স্বাতন্ত্র্য

জামদানি শাড়ির নকশা নির্বাচনেও নবমীর সাজের ধরন নির্ধারণ করা যায়। ছোট ফুল, লতা বা ছড়িয়ে থাকা মোটিফের জামদানি দিনের বেলায় পরার জন্য ভালো বিকল্প।

“এ ধরনের শাড়ির সঙ্গে সরল ব্লাউজ ও হালকা গয়না মানাবে”, বলেন বিপ্লব।

আবার বড় ফুল, জাল নকশা, ঘন বুনন বা পাড়ে বিশেষ কারুকাজ করা জামদানি সন্ধ্যার সাজে বেশি নজর কাড়তে পারে বলেও জানান এই ফ্যাশন-বিশারদ।

শাড়ি বাছাইয়ের সময় জমিন ও পাড়ের সম্পর্কটিও খেয়ালে রাখতে হবে। জমিনে ঘন নকশা থাকলে খুব বেশি নকশা করা ব্লাউজ না পরলেও চলে। আবার সাধারণ জমিনের শাড়িতে পাড় থাকলে ব্লাউজের কাট বা গয়নায় কিছুটা বৈচিত্র্য আনা যায়।

জামদানির নকশা যত সূক্ষ্ম হবে, সাজের অন্য উপকরণ তত সংযত রাখলে শাড়ির সৌন্দর্য স্পষ্ট হবে।

আধুনিক সাজে জামদানির নতুন রূপ

জামদানি ঐতিহ্যবাহী শাড়ি হলেও এর সঙ্গে আধুনিক পোশাক ও সাজের উপকরণ মিলিয়ে নেওয়ার সুযোগ রয়েছে।

শাড়ি পরার ধরনে সামান্য পরিবর্তন আনলেই জামদানি হয়ে উঠতে পারে সমসাময়িক।

প্রচলিত কুঁচির পাশাপাশি আঁচলকে একটু ভিন্নভাবে সাজানো, কাঁধে সুন্দর করে পিন করা বা আঁচলকে সামনে এনে নকশা ফুটিয়ে তোলা যায়।

তবে জামদানির সূক্ষ্ম বুনন যেন টান পড়ে ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য পিন ব্যবহারে সতর্ক থাকতে হবে।

বিপ্লব বলেন, “ব্লাউজের নকশায়ও আধুনিকতার ছোঁয়া আনা যায়। জামদানির সঙ্গে একই রংয়ের ব্লাউজ পরলে সাজে একরঙা পরিশীলিত ভাব আসবে।”

“বিপরীত রংয়ের ব্লাউজ বেছে নিলে শাড়ির জমিন আরও স্পষ্ট হয়ে উঠবে। আবার শাড়ির নকশার সঙ্গে মিলিয়ে ব্লাউজে ছোট কারুকাজ রাখলেও সাজে সামঞ্জস্য থাকবে”, বলেন তিনি।

একটু ভিন্নভাবে সাজতে চাইলে জামদানির সঙ্গে কোমরে সরু বেল্ট ব্যবহার করা যায়।। তবে বেল্ট যেন শাড়ির বুনন চেপে না ধরে এবং আঁচলের সৌন্দর্য ঢেকে না ফেলে তাও মাথায় রাখতে হবে। কারণ জামদানির ঐতিহ্য বজায় রেখেই আধুনিক উপকরণ ব্যবহার করাই হবে উচিত সাজের মূল ভাবনা।

বাড়তি মাত্রার সাজ, তবে শাড়িই প্রধান

নবমীর জামদানি সাজে বিশেষত্ব আনতে চাইলে উপকরণকে কেন্দ্র করেই পুরো সাজ তৈরি করা উচিত।

“লাল-সাদা জামদানির সঙ্গে লাল ব্লাউজ, সোনালি ঝুমকা ও ফুলের খোঁপা। গাঢ় নীল জামদানির সঙ্গে রুপার গয়না, সরল ব্লাউজ ও খোলা চুল। আবার মেরুন জামদানির সঙ্গে সোনালি গয়না, গাঢ় লিপস্টিক এবং পরিপাটি খোঁপা হতে পারে সন্ধ্যার জন্য যথাযথ সমন্বয়”, বলেন বিন্দিয়া এক্সক্লুসিভ বিউটি কেয়ারের প্রধান ও রূপবিশেষজ্ঞ শারমিন কচি।

এছাড়া খুব বেশি নকশা করা ব্যাগ বা জুতা বেছে নিলে শাড়ির সূক্ষ্ম বুনন থেকে মনোযোগ সরে যেতে পারে। তাই শাড়ির রং ও গয়নার সঙ্গে সামঞ্জস্য রেখে সাধারণ তবে পরিপাটি উপকরণ বেছে নেওয়াই যথার্থ হবে।

ছবি ও মডেল: নাফিসা নিধি।

পুরনো খবর:

ঘড়ির রং বদলে সাজে ভিন্নতা
গুটিপার ব্যাগে দেশীয় নান্দনিকতার ছোঁয়া
জামদানি শাড়ির যত্নে বাড়তি মনোযোগ