১৮ অক্টোবর ২০২৬, ০৩ কার্তিক ১৪৩৩

অষ্টমীর হলুদ শাড়িতে ব্লাউজের রংয়ে পূজার আমেজ

ব্লাউজের রং পরিবর্তনে এক শাড়িতেই মিলবে বৈচিত্র্য।

অষ্টমীর হলুদ শাড়িতে ব্লাউজের রংয়ে পূজার আমেজ

হলুদ ও লালের যুগলবন্দি বাঙালির উৎসবের সাজে বরাবরই জনপ্রিয়। ছবি: রঙ বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Oct 2026, 06:46 PM

Updated : 18 Oct 2026, 06:46 PM

অষ্টমীর সাজে গাঢ় রংয়ের শাড়ি পরার চল পুরানো। বিশেষ করে হলুদ শাড়িতে উৎসবের উজ্জ্বলতা আরও বেড়ে যায়। আর শাড়ির সঙ্গে ব্লাউজের রং ঠিকঠাক বেছে নিতে পারলে সাজেও যোগ হয় নতুনত্ব।

লাল, সবুজ বা মেরুন— প্রতিটি রংয়ের ব্লাউজ হলুদের সঙ্গে তৈরি করে আলাদা আবহ।

“আবার গয়না, ব্লাউজের নকশা আর শাড়ি পরার ধরনেও বদলে যেতে পারে পুরো সাজের মেজাজ”, বলেন দেশীয় ফ্যাশন হাউজ বিবিয়ানার প্রধান ও পোশাক-নকশাকার লিপি খন্দকার।

অষ্টমীতে হলুদ শাড়ির সঙ্গে এমন ব্লাউজই মানানসই হবে যা ব্যক্তিগত রুচির পরিচয় দেবে, অন্যদিকে সাজে রাখবে পূজার চিরচেনা ছোঁয়া।

লাল ব্লাউজে চিরচেনা উৎসবের রং

হলুদ ও লালের যুগলবন্দি বাঙালির উৎসবের সাজে বরাবরই জনপ্রিয়। অষ্টমীতে হলুদ শাড়ির সঙ্গে লাল ব্লাউজে সাজে আসবে ঐতিহ্যের ছাপ।

বিশেষ করে শাড়িতে লাল পাড়, লাল সুতা কিংবা লালচে নকশা থাকলে এই সমন্বয়ের মিশেল আলাদা পূজা ভাব যোগ করবে।

সাধারণ লাল ব্লাউজের পাশাপাশি হাতায় নকশা করা, কনুই পর্যন্ত লম্বা কিংবা গলার কাছে সূক্ষ্ম কারুকাজের ব্লাউজ বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন, এই ফ্যাশন বিশারদ।

একই সঙ্গে সোনালি গয়না, লাল টিপ আর হাতে চুড়ি সাজকে আরো বেশি পূজা উপযোগী করবে।

ম্যাজেন্টায় সাজে নতুনত্ব

চেনা লাল বা সবুজের বাইরে একটু ভিন্ন রংয়ের সমন্বয় চাইলে হলুদ শাড়ির সঙ্গে ম্যাজেন্টা ব্লাউজ পরা যায়। উজ্জ্বল হলুদের পাশে এই রং বেশ চোখ আটকানো বৈপরীত্য তৈরি করে।

বিশেষ করে একরঙা হলুদ শাড়ির সঙ্গে ম্যাজেন্টা ব্লাউজ পরলে ব্লাউজের রং আলাদা করে নজরে আসবে। শাড়ি যদি জমকালো হয়, তাহলে ব্লাউজের নকশা তুলনামূলক সরল রাখাই শ্রেয় বলে মনে করেন, লিপি খন্দকার।

আর শাড়ি সাধারণ হলে গলার কাট, হাতার নকশা কিংবা পিঠের নকশায় কিছুটা বৈচিত্র্য আনা যেতে পারে। কানে ঝুলন্ত দুল আর ঠোঁটে গোলাপি লিপস্টিক এই সাজের সঙ্গে মানাবে।

Image

হাতার দৈর্ঘ্য ও নকশা বেছে নেওয়ার সময় নিজের স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দেওয়া উচিত। ছবি: কে ক্রাফট।

সবুজে আভিজাত্য

হলুদ শাড়ির সঙ্গে গাঢ় সবুজ ব্লাউজের সমন্বয় সাজে যোগ করবে গভীরতা। কারণ উজ্জ্বল হলুদের বিপরীতে গাঢ় বা অলিভ সবুজের রং বেশ মানানসই। পূজার সন্ধ্যায় এই রংয়ের ব্লাউজ বিশেষভাবে ভালো লাগতে পারে।

আবার সোনালি জরির কাজ, ছোট পুঁতি কিংবা সূক্ষ্ম নকশা করা সবুজ ব্লাউজ বেছে নিলে সাজে যোগ হবে আভিজাত্য।

শাড়িতে যদি সোনালি পাড় থাকে, তাহলে গয়নার রংও সোনালি রাখলে পুরো সাজে সামঞ্জস্য থাকবে। তবে গয়না বেশি জমকালো হলে ব্লাউজের নকশা সহজ রাখাই ভালো।

মেরুন ব্লাউজে পরিপাটি সাজ

লাল রংয়ের তুলনায় কিছুটা গাঢ় ও সংযত আভার জন্য মেরুন ব্লাউজ রাখা যায় তালিকায়। হলুদ শাড়ির সঙ্গে মেরুন রং সাজে বাড়াবে পরিণত ও পরিপাটি ভাব।

বিশেষ করে গাঢ় হলুদ, সরিষা কিংবা সোনালি আভাযুক্ত শাড়ির সঙ্গে মেরুন যথাযথ।

মেরুন ব্লাউজে সোনালি কারুকাজ থাকলে উৎসবের সাজে আসবে বাড়তি মাত্রা। আবার একরঙা মেরুন ব্লাউজের সঙ্গে বড় কানের দুল, গলায় হার কিংবা হাতে চুড়ি পরেও সাজে বৈচিত্র্য আনা যায়।

অষ্টমীর সন্ধ্যায় এমন সাজে ঐতিহ্য আর আধুনিকতার বেশ মেলবন্ধন হবে।

কালো ব্লাউজে আধুনিক বৈপরীত্য

হলুদ শাড়ির সঙ্গে কালো ব্লাউজের সমন্বয় কিছুটা সাহসী ‘লুক’ দেয়। বিশেষ করে গাঢ় হলুদ বা সরিষা রংয়ের শাড়ির সঙ্গে কালো ব্লাউজ পরলে দুই রংয়ের বৈপরীত্য স্পষ্ট দেখা যাবে।

কালো ব্লাউজে সোনালি পাড়, সূক্ষ্ম সুতার কাজ বা নকশা থাকলে সাজে উৎসবের আবহও বজায় থাকে।

লিপি খন্দকারের মতে, “খুব বেশি রংয়ের মেলবন্ধন পছন্দ না হলে, তাদের জন্য কালো ব্লাউজ ভালো বিকল্প।”

এর সঙ্গে সোনালি গয়না, কালো টিপ বা গাঢ় লাল ঠোঁটের লিপস্টিক সাজে দিতে পারে পূজার আলাদা মাত্রা।

ব্লাউজের নকশাতেও ভাবনা

শুধু রং নয়, ব্লাউজের কাট ও নকশাও সাজের ধরন বদলে দিতে পারে। হলুদ শাড়ির সঙ্গে গোল গলা, চৌকো গলা, নৌকার মতো গলা, ভি গলা, পেছন বন্ধ গলা কিংবা সামান্য গভীর গলার ব্লাউজ পরা যায়।

হাতার দৈর্ঘ্য ও নকশা বেছে নেওয়ার সময় নিজের স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দেওয়া উচিত। ছোট হাতা, কনুই পর্যন্ত হাতা কিংবা হালকা ফোলানো হাতা সবই শাড়ির ধরন অনুযায়ী মানিয়ে নেওয়া সম্ভব।

শাড়ি যদি নকশাদার হয়, তাহলে ব্লাউজে অতিরিক্ত কারুকাজ না রাখলেও চলে। আবার সাধারণ হলুদ শাড়ির সঙ্গে নকশা করা ব্লাউজ পরলে সাজে নতুনত্ব আসবে।

ব্লাউজের কাপড়ও গুরুত্বপূর্ণ। সুতি শাড়ির সঙ্গে সুতি বা সুতির মিশ্র কাপড়ের ব্লাউজ, আর সিল্ক বা জমকালো শাড়ির সঙ্গে রেশমি বা মসৃণ কাপড়ের ব্লাউজ বেছে নেওয়া যেতে পারে।

পুরনো খবর:

ঘড়ির রং বদলে সাজে ভিন্নতা
হালকা রংয়ের পাদুকায় শুভ্রতার ছোঁয়া
স্নিগ্ধ সাজের হালকা ফ্যাশনে বাটিকের পোশাক