হালকা রংয়ের পাদুকায় শুভ্রতার ছোঁয়া
শারদপ্রাতে বা মাধবী রাতে, স্নিগ্ধ সাজের পূর্ণতায় নরম রংয়ের পাদুকা।
এই সময় পোশাকের সঙ্গে সাদা জুতার আলাদা করেই মানিয়ে যায়। বিশেষ করে দুর্গাপূজা, অনুষ্ঠান, ঘোরাঘুরি বা বিকেলের নিমন্ত্রণে সাদা জুতা, সাজে যোগ করে পরিপাটি ও স্বচ্ছ আবহ।
শাড়ি হোক, সালোয়ার-কামিজ, কুর্তি বা হালকা রংয়ের পোশাক, সবকিছুর সঙ্গেই সাদা জুতা মানানসই। এই সময়ে প্রকৃতিতে থাকে না বর্ষার কাদা ও অতিরিক্ত আর্দ্রতা, তাই সাদা জুতা ব্যবহার করাও তুলনামূলক স্বস্তিদায়ক।
ব্যবহারের ধরনেই জুতার সৌন্দর্য
সাদা বা হালকা রংয়ের জুতা প্রতিদিনের ধুলোময় বা কাদাযুক্ত পথে ব্যবহার না করে প্রয়োজন বুঝে পরাই ভালো। তাই বাইরে বের হওয়ার আগে রাস্তার অবস্থা, বৃষ্টির সম্ভাবনা এবং কোথায় যেতে হবে— এসব বিবেচনা করা দরকার।
এই বিষয়ে অনলাইনভিত্তিক ডিজাইনার জুতার ব্র্যান্ড ‘ক্রাফটসম্যান ফ্যাশন’য়ের ব্র্যান্ড ও বিপণন কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, “কারণ শুকনো ও তুলনামূলক পরিষ্কার পথে চলাচলেই হালকা রংয়ের জুতা অনেকটা দিন ভালো রাখা সহজ হয়। তবে নতুন জুতা প্রথম দিনেই দীর্ঘ সময় পরে না থেকে, অল্প সময় ব্যবহার করে পায়ের সঙ্গে মানিয়ে নেওয়াও ভালো।”
আবার জুতা পরার সময় পেছনের অংশে চাপ দিয়ে পা ঢোকানোও উচিত নয়। এতে জুতার পেছনের কাঠামো নষ্ট হয়ে যেতে পারে।
জুতার ফিতা থাকলে, সেটা খুলে বা ঢিলা করে পা ঢোকানো ভালো। খুলে রাখার সময়ও টেনে বা এক পা দিয়ে অন্য পা ঠেলে জুতা খোলা ঠিক নয়।
এমন ছোট ছোট অভ্যাসই জুতার আকৃতি দীর্ঘদিন ঠিক রাখতে সাহায্য করে, যা সাদা জুতার ক্ষেত্রে বিশেষভাবেই মেনে চলার পরামর্শ দেন, আরিফুল।
শরতের পোশাকে সাদার স্বাভাবিক সৌন্দর্য
শরতের সঙ্গে সাদার আছে স্বাভাবিক সম্পর্ক। তাই পোশাকের পাশাপাশি জুতাতেও সাদা রং বেছে নিলে, সাজে ঋতুর আবহ স্পষ্ট হয়ে ওঠে।
বিশেষ করে হালকা রংয়ের শাড়ি, সালোয়ার-কামিজ, কুর্তি বা পাঞ্জাবির সঙ্গে সাদা জুতা সাজকে ভারী না করে পরিপাটি করে তোলে।
দিনের আলোয় সাদা জুতার স্বচ্ছতা আরও ফুটে ওঠে, তাই শরতের দিনের সাজেও এটি বেশ মানানসই।
পূজার সাজে সাদা জুতার আলাদা আবেদন
দুর্গাপূজার সময়ে পোশাকে ঐতিহ্যবাহী লাল, সাদা, হলুদ, গেরুয়া বা মাটির রংর ব্যবহার বাড়ে। এসব রংয়ের সঙ্গে নরম রংয়ের জুতা মাননসই।
বিশেষ করে লালপাড় সাদা শাড়ি, সাদা-লাল তাঁতের শাড়ি বা হালকা রংয়ের জামদানি বা সুতি পোশাকের সঙ্গে সাদা জুতা সাজকে সম্পূর্ণ করে।
পূজার বিভিন্ন দিনে পোশাক বদলালেও একই সাদা জুতা একাধিক পোশাকের সঙ্গে ব্যবহার করা যায়।
কাশফুলের ঋতুতে সাদা জুতার সৌন্দর্য
শরতের পরিচিত দৃশ্যগুলোর একটি কাশফুল। মাঠজুড়ে সাদা কাশ আর নীল আকাশের যে দৃশ্য তৈরি হয়, সাদা জুতা সেই ঋতুর রংয়ের সঙ্গে স্বাভাবিকভাবেই মিলে যায়।
বিশেষ করে সাদা, হালকা নীল, ফিকে গোলাপি, হলুদ বা মাটির রংয়ের পোশাকের সঙ্গে সাদা জুতা রাখলে সাজে কোমলতা আসে।
“পুরো পোশাকে একই রং ব্যবহার না করেও জুতার মাধ্যমে সাদার ভারসাম্য তৈরি করা যায়”, বলেন আরিফুল।
শাড়ি ও আধুনিক দুই সাজেই
সাদা জুতার বড় সুবিধা হল, এটি একই সঙ্গে ঐতিহ্যবাহী ও আধুনিক পোশাকের সঙ্গে মানিয়ে যায়। তাঁত, জামদানি, মসলিনের মতো হালকা কাপড়ের শাড়ির সঙ্গে সাদা জুতা সাজকে মার্জিত করে।
আবার আধুনিক কাটের কুর্তি, স্কার্ট, পালাজ্জো, সালোয়ার-কামিজ বা লম্বা পোশাকের সঙ্গেও এটি সহজে ব্যবহার করা
দিনের অনুষ্ঠান ও নিমন্ত্রণে
পূজার সময় দিনের বেলায় থাকে অঞ্জলি, বাড়িতে বেড়াতে যাওয়া, আত্মীয়দের সঙ্গে দেখা করা, মণ্ডপে ঘোরা কিংবা বিভিন্ন সামাজিক আয়োজন। এসব ক্ষেত্রে খুব ভারী জুতার বদলে সাদা হালকা জুতা বেছে নেওয়া যায়।
দিনের আলোতে সাদা জুতার স্বাভাবিক উজ্জ্বলতা বেশি ফুটে ওঠে।
এক জুতায় একাধিক পোশাক
পূজার কয়েক দিনে একাধিক পোশাক পরা হয়। প্রতিটি পোশাকের সঙ্গে আলাদা জুতা বেছে নেওয়া সবসময় প্রয়োজন হয় না। সাদা জুতা এমন রং, যা বিভিন্ন পোশাকের সঙ্গে মানিয়ে নেওয়া যায়।
একদিন শাড়ি, অন্যদিন কুর্তি, আরেকদিন সালোয়ার-কামিজ, পোশাকের ধরন বদলালেও সাদা জুতা ব্যবহার করা সম্ভব।
জুতার নকশাতেও ঋতুর ছোঁয়া
সাদা জুতা মানেই যে একেবারে একরঙা হতে হবে, তা নয়। এই সময়ে সাদা জুতার সঙ্গে জামদানি, পাতলা টিস্যু কাপড়, সূক্ষ্ম নকশা, ফুলের কাজ, সাদা সুতোয় নকশা বা লাল-সোনালি অলংকরণও বেছে নেওয়া যায়। এতে জুতার শুভ্রতা বজায় থাকে, আবার উৎসবের সাজেও কিছুটা বৈচিত্র্য আসে।
“শাড়িতে যদি নকশা বেশি থাকে, জুতাতে সূক্ষ্ম নকশা রাখাই ভালো। আবার পোশাক যদি একেবারে সাদামাটা হয়, তখন সামান্য নকশা বা অলংকরণযুক্ত সাদা জুতা পুরো সাজে আলাদা মাত্রা যোগ করতে পারে”, বলেন আরিফুল ইসলাম।
