কামিজের সঙ্গে মানানসই নানান ছাঁটের প্যান্ট
একই কামিজ, অথচ প্যান্টের কাট ছাঁটের পরিবর্তনে বদলে ফেলা যায় পুরো সাজ।
সোজা প্যান্টে আসে ছিমছাম আবহ, কখনও পালাজ্জো যোগ করে আরামদায়ক ঘের, আবার কুলোটস স্টাইলের প্যান্টে তৈরি হয় আধুনিক ‘লুক’।
পোশাকের কাট ও দৈর্ঘ্যের সঙ্গে প্যান্টের এই সমন্বয়ই সাজ সম্পন্ন করে। তাই সঠিক কাট, রং ও কাপড়ের বেছে নেওয়াতেই পোশাকে তৈরি হয় নতুন মাত্রা।
সালোয়ার-কামিজের সঙ্গে সোজা পায়জামা
সোজা পায়জামা এমন ধাঁচ, যার আবেদন আছে সব সময়েই।
“সোজা কাটের কামিজের সঙ্গে এর সমন্বয় বেশ পরিপাটি। বিশেষ করে কামিজের দৈর্ঘ্য মাঝারি বা লম্বা হলে সোজা পায়জামা সাজে ভারসাম্য আনে”, বলেন ফ্যাশন-বিশারদ ও ফ্যাশন হাউজ বিবিয়ানার প্রধান লিপি খন্দকার।
অন্যদিকে ল্যাভেন্ডার, হালকা বেগুনি বা প্যাস্টেল রংয়ের কামিজের সঙ্গে সাদা পায়জামা সব সময়েই দেখতে ভালো লাগে।
চাইলে কামিজের রংয়ের সঙ্গে মিলিয়েও বেছে নেওয়া যায়। অফিস বা দিনের দাওয়াতে এমন সাজ হতে পারে নির্ভরযোগ্য পছন্দ।
কুর্তির সঙ্গে সোজা প্যান্ট
কুর্তির সঙ্গে সোজা প্যান্টের সমন্বয় বেশ আধুনিক এবং সহজে মানিয়ে নেওয়া যায়। বিশেষ করে হাঁটু পর্যন্ত বা তার চেয়ে কিছুটা লম্বা কুর্তির সঙ্গে এই প্যান্ট ভালো দেখায়।
গাঢ় সবুজ কুর্তির সঙ্গে সাদা, কালো বা ‘বেইজ’ রংয়ের প্যান্ট বেছে নেওয়া যেতে পারে। কুর্তিতে সুতার কাজ বা অলংকরণ থাকলে প্যান্টের নকশা সাধারণ রাখার পরামর্শ দেন, লিপি খন্দকার।
আর একরঙা কুর্তির সঙ্গে সূক্ষ্ম নকশার প্যান্ট পরলে সাজে যোগ হবে নতুনত্ব।
আনারকলির সঙ্গে পালাজ্জো
আনারকলির ঘের ও চলনের সঙ্গে পালাজ্জোর প্রশস্ত কাট বেশ মানানসই। লম্বা, ফুলেল আনারকলির নিচে পালাজ্জো পরলে পোশাকের সৌন্দর্য ঠিকঠাক বোঝা যায়, আবার চলাফেরাতেও স্বাচ্ছন্দ্য মেলে।
ফুলেল নকশার হালকা নীল আনারকলির সঙ্গে সাদা পালাজ্জো হতে পারে সুন্দর সমন্বয়। উৎসব বা দিনের অনুষ্ঠানে এমন সাজের সঙ্গে ছোট ব্যাগ ও মানানসই জুতা যোগ করা যায়।
তবে পালাজ্জোর কাপড় নির্বাচনে গুরুত্ব দিতে হবে যেন সহজে পরা যায় এবং অতিরিক্ত ভারী না দেখায়।
এ-লাইন কামিজের সঙ্গে পালাজ্জো
এ-লাইন কামিজের কাট কোমর থেকে নিচের দিকে ধীরে ধীরে ছড়িয়ে যায়। এই ধরনের পোশাকের সঙ্গেও পালাজ্জো পরলে তৈরি হবে সাবলীলতা আর আধুনিক সাজ।
কালো এ-লাইন কামিজের সঙ্গে সাদা পালাজ্জোতে তৈরি হবে স্পষ্ট রংয়ের বৈপরীত্য। আবার একই রংয়ের প্যান্ট বেছে নিলে পুরো সাজে আসবে একরঙা আবহ।
“কামিজের ঘের ও দৈর্ঘ্যের সঙ্গে পালাজ্জোর ঘেরের সামঞ্জস্য রাখলে পোশাকের অনুপাতও মানানসই হবে”, বলেন লিপি খন্দকার।
ফিটিং কামিজের সঙ্গে সিগারেট প্যান্ট
ছিমছাম সাজ পছন্দ করলে সিগারেট প্যান্ট ভালো বিকল্প। পায়ের সঙ্গে কাছাকাছি মাপের এই প্যান্ট সাধারণত গোড়ালির দিকে এসে শেষ হয়। ফিটিং বা সোজা কাটের কামিজের সঙ্গে এটি বেশ মানানসই।
গোলাপি, মাটিরঙা বা প্যাস্টেল কামিজের সঙ্গে সাদা বা একই রংয়ের সিগারেট প্যান্ট পরা যায়। দিনের কাজ থেকে সন্ধ্যার দাওয়াত- দুই ক্ষেত্রেই এই সমন্বয় মানিয়ে যায়।
সঙ্গে ছোট ব্যাগ ও পরিমিত গয়না রাখলে সাজে পরিশীলিতভাব যোগ হয়।
চিকনকারি পোশাকের সঙ্গে সোজা প্যান্ট
চিকনকারির সূক্ষ্ম কারুকাজই পোশাকের মূল নান্দনিকতা। তাই এমন কামিজের সঙ্গে খুব বেশি ঘের বা নকশার প্যান্ট না বেছে সোজা কাটের প্যান্ট পরা ভালো।
এতে পোশাকের কাজ স্পষ্ট হয়ে ওঠে, আবার সাজও থাকে বেশ ভারসাম্যপূর্ণ।
মেরুন বা গাঢ় রংয়ের চিকনকারি কামিজের সঙ্গে কালো, সাদা বা কাছাকাছি রংয়ের প্যান্ট বেছে নেওয়া যায়। গলার কাছে ভারী কাজ থাকলে গয়না ও অন্যান্য অনুষঙ্গে কমতি থাকাই শ্রেয়।
একরঙা কুর্তির সঙ্গে ছাপা পালাজ্জো
একরঙা কুর্তির সঙ্গে ছাপা পালাজ্জো পরলে সাজে বৈচিত্র্য আসে। ফুলেল, জ্যামিতিক বা ছোট মোটিফের নকশা বেছে নেওয়া যায়। নীল বা সাদা কুর্তির সঙ্গে নীল-সাদা ছাপা পালাজ্জো যেমন মানাবে, তেমনি গাঢ় রংয়ের কুর্তির সঙ্গে হালকা পটভূমির নকশা করা প্যান্টেও তৈরি হবে আলাদা বৈপরীত্য।
লিপি খন্দকার পরামর্শ দেন, “তবে কুর্তা ও পালাজ্জো দুটিতেই বড় নকশা থাকলে সাজে বাড়তি অগোছালো ভাব তৈরি হতে পারে। তাই একটি অংশকে রাখতে হবে অপেক্ষাকৃত সাধারণ।”
কুর্তার সঙ্গে পায়জামা
সব সময় প্যান্টের আধুনিক কাটই যে বেছে নিতে হবে, এমন নয়। সোজা বা ঢিলেঢালা পায়জামার সঙ্গে কুর্তার সমন্বয়েও তৈরি হতে পারে পরিপাটি সাজ।
বিশেষ করে লম্বা কুর্তার সঙ্গে পায়জামা পরলে পোশাকে থাকে দেশীয় আবহ, আবার চলাফেরাতেও স্বাচ্ছন্দ্য মেলে।
প্রতিদিন ব্যবহারের জন্য সুতি বা নরম কাপড়ের পায়জামা ভালো। উৎসবের সাজে কুর্তার রং ও নকশার সঙ্গে মিলিয়ে একটু জমকালো কাপড়ও বেছে নেওয়া যায়।
কুলোটস প্যান্টে ভিন্নতা
কুর্তা বা কামিজের সঙ্গে একটু ভিন্ন কিছু পরতে চাইলে কুলোটস প্যান্ট ভালো বিকল্প।
লিপি খন্দকার বলেন, “এই প্যান্টের দৈর্ঘ্য সাধারণত গোড়ালির কিছুটা ওপরে এবং নিচের অংশ বেশ চওড়া। ফলে এতে স্কার্টের মতো ঘের থাকলেও চলাফেরার সুবিধা মেলে। লম্বা কুর্তা বা এ-লাইন কামিজের সঙ্গে কুলট ভালো মানায়।”
কালো পোশাকের সঙ্গে কালো কুলট পরলে তৈরি হবে একরঙা সাজ। অন্যদিকে সাদা বা বেইজ কুলট গাঢ় রংয়ের কামিজের সঙ্গে সুন্দর বৈপরীত্য তৈরি করবে।
