সাভারে ইয়ামিন হত্যা: ১৯ আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিল ট্রাইব্যুনাল
আগামী ১৫ ডিসেম্বর এ মামলায় রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণের দিন রাখা হয়েছে।
জুলাই অভ্যুত্থানের সময় সাভারে এমআইএসটি শিক্ষার্থী আসহাবুল ইয়ামিন হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামসহ ১৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেয়।
আগামী ১৫ ডিসেম্বর এ মামলায় রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণের দিন রাখা হয়েছে।
আদেশের পর প্রসিকিউটর গাজী এম এইচ তামীম সাংবাদিকদের বলেন, “জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সাভারে আসহাবুল ইয়ামিন নামে এক ছাত্র পুলিশের গুলিতে নিহত হন। তাকে পুলিশ গুলি করার পর এপিসি থেকে নির্মমভাবে ফেলে দেয়, তখনও সে জীবিত ছিল, আমরা ভিডিও ফুটেজে দেখতে পেয়েছি।”
প্রসিকিউশনের অভিযোগ তুলে ধরে গাজী তামীম বলেন, জুলাই অভ্যুত্থানে পুলিশের সাঁজোয়া যান বা এপিসি ব্যবহার করে আন্দোলনকারীদের ওপর নির্বিচারে হত্যা চালানো হয়।
“ইয়ামিন এপিসির ওপরে উঠে পুলিশ সদস্যদের গুলি চালানো থেকে নিবৃত্ত করার অনুরোধ করেন। ওই অবস্থায় বাইরে থেকে তাকে লক্ষ্য করে গুলি চালানো হলে তিনি গুলিবিদ্ধ হয়ে এপিসির ওপরে পড়ে যান।”
ভিডিও ফুটেজের কথা তুলে ধরে এই প্রসিকিউটর বলেন, ইয়ামিনকে প্রথম এপিসি থেকে টেনে হিঁচড়ে ফেলা দেওয়া হয়, রাস্তায় যখন পড়ে, তখন তার মাথাটা নিচের দিকে ছিল। পরে যখন দুই জন পুলিশ সদস্য সেখানে থেকে তুলে সড়ক বিভাজকে ফেলে দেয়, তখনো ইয়ামিনের মাথা নিচে পড়ে।
তামীম বলেন, “ভিডিওতে ইয়ামিনের হাত-পা নড়তে এবং নিশ্বাস নিতে দেখা গেছে। পরে তার সহযোদ্ধারা তাকে হাসপাতালে নিতে চাইলে বাধা দেওয়া হয়।”
একপর্যায়ে বিনা চিকিৎসায় সেখানেই তার মৃত্যু হয় বলে অভিযোগ করেন তামীম।
এ অভিযোগের পক্ষে দালিলিক সাক্ষ্য, ভিডিও ফুটেজ এবং ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের পাশাপাশি ইয়ামিনের পরিবারের সদস্যদের সাক্ষ্য ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে জানিয়ে অভিযোগ প্রমাণ করতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
মামলার আসামিদের মধ্যে ছয় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। তারা হলেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আবদুল্লাহিল কাফী, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিদুল ইসলাম, সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ আলী, সাবেক নায়েক মো. সুহেল মিয়া, সাবেক কনস্টেবল মো. মাহফুজ মিয়া ও ঢাকা জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মো. মিজানুর রহমান।
রোববার সকালে কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। অভিযোগ গঠনের সময় তারা কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
বাকি ১৩ আসামি পলাতক। তারা হলেন-সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম, ঢাকা রেঞ্জের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) সৈয়দ নুরুল ইসলাম, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, সাভার থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজামান, সাবেক পরিদর্শক এ এফ এম সায়েদ, সাভারের সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, সাভার উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আতিকুর রহমান, তেতুলঝোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফখরুল আলম সমর, সাভার উপজেলা আওয়ামী লীগের সদস্য মেহেদী হাসান তুষার, সাবেক উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী (পিএস) মো. রাজু আহম্মেদ, বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ফরিদ, সাভার উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি জামান খান ও শরফ আশরাফুল আলম।
গত ৭ সেপ্টেম্বর পলাতক ১৩ আসামির পক্ষে রাষ্ট্রের তরফে আইনজীবী নিয়োগের আদেশ দেয় ট্রাইব্যুনাল-২। ২৬ জুলাই ১৯ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় একই আদালত।
২০২৪ সালের ১৮ জুলাই সাভারে ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে আহত হন ইয়ামিন। পরে পুলিশের একটি সাঁজোয়া যানের ওপর থেকে তাকে টেনে নিচে ফেলে দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়ে।
ইয়ামিন রাজধানীর মিরপুরের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি এমআইএসটির ওসমানী হলে থাকতেন। তার বাসা সাভারের ব্যাংক টাউন আবাসিক এলাকায়।
মামলায় অভিযোগ করা হয়, ২০২৪ সালের ১৮ জুলাই পুলিশ ও আওয়ামী লীগ কর্মীরা সাভার বাজার বাস স্ট্যান্ডে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে। তারা ইয়ামিনকে ধরে পুলিশের সাঁজোয়া যানের কাছে টেনে নিয়ে যায়। পরে তার বুকের বাঁ পাশে গুলি করা হয়।
এরপর দায়িত্বরত পুলিশ সদস্যরা ইয়ামিনকে টেনে সাঁজোয়া যানের ওপরে ফেলে রেখে আন্দোলনরত ছাত্র-জনতাকে ভয় দেখানোর জন্য গাড়ি নিয়ে টহল দেয়। এক পর্যায়ে ইয়ামিনকে প্রায় মৃত অবস্থায় রাস্তায় ফেলে দেওয়া হয় এবং সাঁজোয়া যানের ভেতর থেকে একজন পুলিশ সদস্যকে তার পায়ে আবারও গুলি করার নির্দেশ দেওয়া হয়।
ওই পুলিশ সদস্য ইয়ামিনকে মৃত ভেবে পায়ে গুলি না করে রাস্তার একপ্রান্ত থেকে অপর প্রান্তে টেনে নিয়ে রোড ডিভাইডারের পাশে ফেলে দেয়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইয়ামিনকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ২০২৪ সালের ২৫ অগাস্ট ঢাকার হাকিম আদালতে মামলা করেন ইয়ামিনের মামা আব্দুল্লাহ আল কাবির।
মামলায় ক্ষমতাচ্যুত সাবেক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ঢাকার এসপি আসাদুজ্জামান, এএসপি (ক্রাইম অ্যান্ড অপস্ ও ট্রাফিক, উত্তর বিভাগ) আব্দুল্লাহিল কাফী, এএসপি (সাভার সার্কেল) শাহিদুর রহমানসহ ৪৯ জনকে আসামি করা হয়েছিল।
