‘মিনি বিশ্বকাপ’ বাংলাদেশে আয়োজন তামিমের চোখে বড় অর্জন
আট দলের অলিম্পিকস ক্রিকেটের বাছাইপর্বকে মিনি বিশ্বকাপ বলছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।
অলিম্পিকস ক্রিকেটের বাছাইপর্বের একটি অংশ বাংলাদেশে আয়োজন করতে পারাকে অনেক বড় অর্জন হিসেবে দেখছেন তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির চোখে, এই বাছাইপর্ব ছোটখাটো একটি বিশ্বকাপের মতো।
২০২৮ সালে হবে লস অ্যাঞ্জেলস অলিম্পিকস। বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞে ১২৮ বছর পর দেখা যাবে ক্রিকেট। পুরুষ ও নারী দুই বিভাগে হবে সোনার লড়াই।
তার আগে হবে বাছাইপর্ব। ২০২৮ সালের ৫ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে হবে পুরুষ ক্রিকেটের বাছাই। এরপর মেয়েদের ক্রিকেটের বাছাই মাঠে গড়াবে যুক্তরাষ্ট্রে, ২৬ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ।
বাংলাদেশের মাটিতে অলিম্পিকসের খেলা আয়োজন করতে পারার সুযোগকে বিশাল প্রাপ্তি হিসেবে দেখছেন সাবেক ওপেনার তামিম। মিরপুরে রোববার সংবাদ সম্মেলনে করে এসব বলেন তিনি।
“২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক বাছাইপর্ব কোথায় হবে, তা নিয়ে আলোচনা চলছিল। আমি বলতে পারি, গত তিন-চার মাস ধরেই আমি বিষয়টি নিয়ে জোর চেষ্টা চালিয়েছি এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলছিলাম, যেন এই আয়োজনটি আমরা বাংলাদেশে নিয়ে আসতে পারি।
“আলহামদুলিল্লাহ অত্যন্ত গর্বের সঙ্গে বলতে পারি- আপনারা এরই মধ্যে শুনেছেনও যে, পুরুষদের এই বাছাইপর্ব টুর্নামেন্টের ভেন্যু হিসেবে বাংলাদেশ চূড়ান্ত হয়েছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি, এটি আমাদের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন।”
পুরুষ ও নারী দুই বাছাইয়েই লড়বে আটটি করে দল। আর দুই বিভাগেই চারটি করে দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে।
প্রতি গ্রুপে প্রতিটি দল তার গ্রুপের অন্য দলের সঙ্গে একবার করে খেলবে এবং গ্রুপের শীর্ষ দল উঠবে ফাইনালে। আর ফাইনালের বিজয়ীরা সরাসরি জায়গা পাবে অলিম্পিকসে।
বাছাইপর্বের ম্যাচগুলো ঢাকায় আয়োজনেরই পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন তামিম।
“আমরা সূচি নিয়ে আলোচনা করছি। তবে যতটুকু বুঝতে পারছি বা আমার সঙ্গে যতটুকু আলোচনা হয়েছে, আমরা হয়তো সব ম্যাচই ঢাকায় আয়োজনের চেষ্টা করব। ঢাকায়ই ম্যাচগুলো করার চেষ্টা থাকবে। পরিকল্পনায় কোনো পরিবর্তন এলে সময়মতো তা জানতে পারবেন।”
পুরুষ ক্রিকেটে স্বাগতিক হিসেবে এরই মধ্যে চূড়ান্ত হয়ে গেছে যুক্তরাষ্ট্রের টিকেট। আর বাছাইয়ের আগেই জানা যাবে আরও চার দলের নাম। ৩১ ডিসেম্বরের মধ্যে চার মহাদেশ (আফ্রিকা, ওশেনিয়া, ইউরোপ ও এশিয়া) থেকে আইসিসি র্যাঙ্কিংয়ের সেরা চার দল পাবে মূল পর্বের টিকেট।
বাছাইপর্বে খেলবে বাংলাদেশও। তামিমের আশা, সেই পরীক্ষায় উৎরে অলিম্পিকের মূল পর্বে প্রথমবারের মতো জায়গা করে নিতে পারবে বাংলাদেশ।
“ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়েছে, এটি বাংলাদেশের জন্য দারুণ একটি অর্জন। কারণ, অলিম্পিকে প্রথমবারের (১২৮ বছর পর) মতো ক্রিকেট অন্তর্ভুক্ত হচ্ছে আর সেটির বাছাইপর্ব বাংলাদেশে হবে। এটিকে একটি ছোটখাটো ‘মিনি বিশ্বকাপ’ও বলতে পারেন, যেহেতু এখানে আটটি দল অংশ নেবে।
“বাংলাদেশও এই আসরের একটি অংশগ্রহণকারী দল, আর ঘরের মাঠে খেলার কারণে বাংলাদেশ একটি বাড়তি সুবিধা তো পাবেই। তাই আমি অবশ্যই আশা করব যে, আমরা বাছাইপর্ব পেরিয়ে মূল পর্বে জায়গা করে নিতে পারব এবং প্রথমবারের মতো অলিম্পিকে অংশ নিতে পারব।”
