যোগেন চৌধুরীর ফটোগ্রাফিভাবনা
ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে ফটোগ্রাফি প্রথাগত ধারা ভাঙার কথা উঠেছিল। এখনো এই আলোচনা চলছে। আধুনিক চিত্রশিল্পী যোগেন চৌধুরীও এই ভাঙার কথা বারবার বলেছেন।
যোগেন চৌধুরী বাংলাদেশের বন্ধু, আমাদের কাছে এই পরিচয়টিই যথেষ্ট ছিল। মহান মুক্তিযুদ্ধের সময় ওপারের যে কবি, লেখক ও শিল্পীরা বাংলাদেশের স্বাধীনতার পক্ষে নিরলস কাজ করেছিলেন তাদের অন্যতম তিনি। কিন্তু তার তো আরও পরিচয় রয়েছে। তিনি চিত্রশিল্পী, রাজনীতিক, শিক্ষক ও কিউরেটর। চিত্রকলার বিভিন্ন শাখায় ছিল তার বিচরণ। তবে দিনশেষে তিনি একজন খাঁটি চিত্রশিল্পী। এমন একজন শিল্পী যিনি ভারতীয় চিত্রকলার জগতে একটি অনন্য মাইলফলক স্থাপন করতে সফল হয়েছিলেন। তার চিত্রকর্মে ভারতীয় ও ইউরোপীয় শিল্পকলার প্রভাব তো ছিলই, ব্যঙ্গাত্মক ছবিও করেছেন অনেক। সেসব ব্যঙ্গচিত্রে উঠে আসত রাজনীতি ও সমাজের নানা অসংগতি।
তার জীবনটা গল্পের মতো। ১৯৩৯ সালের ১৬ ফেব্রুয়ারি অবিভক্ত বাংলার ফরিদপুরে জন্ম। বাবা প্রমথনাথ চৌধুরী ছিলেন জমিদার। তবে জমিদারি পাশ কাটিয়ে যোগেন চৌধুরীর মজলেন শিল্পকলায়। সেই বীজ অবশ্য বুনে দিয়েছিলেন মা ইন্দু দেবী। মায়ের আঁকা চোখজুড়ানো সব আলপনা দেখে দেখেই তার বড় হওয়া।
১৯৪৭ সালে দেশের জনগণের মত না নিয়েই দেশ ভাগ হলো। ভিটেমাটি ছেড়ে ১৯৪৮ সালে সপরিবার কলকাতায় চলে আসে চৌধুরী পরিবার। ১৯৫১ সাল থেকে তাদের পাকা ঠিকানা দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া। ছিল জমিদার, কলকাতায় এসে হয়ে গেল ছিন্নমূল পরিবার। এই যে বেগানা হিসেবে টিকে থাকার লড়াই তাও হয়তো শিল্পী যোগেনের মনে দাগ কেটেছিল।
১৯৬০ সালে কলকাতা গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে পাশ করলেন তিনি। হাওড়ার একটি স্কুলে শিল্পকলার শিক্ষক হিসেবে চাকরিজীবনের শুরু। ১৯৬২ সালে কলকাতার হ্যান্ডলুম বোর্ডে ডিজাইনার হিসেবে যোগ দেন। এরপর মাদ্রাজে টেক্সটাইল ডিজাইনার হিসেবেও কাজ করেছেন। ১৯৬৫ সালে পান ফরাসি সরকারের বৃত্তি। এই সুযোগ তার শিল্পীজীবনের মোড় বদলে দেয়। শিল্পপাঠ নিতে গেলেন শিল্পকলার রাজধানী প্যারিসে। ভারতে ফিরে রাষ্ট্রপতি ভবনের আর্ট গ্যালারির কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই কাজে বেশ সুনামও কুড়িয়েছিলেন। তারপর শান্তিনিকেতনের কলাভবনে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন।
এক সময় রাজনীতিতে জড়িয়ে পড়েন। ২০১৪ সালে তৃণমূল কংগ্রেসের হাত ধরে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন যোগেন চৌধুরী। সংসদের গিয়ে কী করতেন? রাজনীতি করার পাশাপাশি সহকর্মীদের নানা অঙ্গভঙ্গির ছবি লিপিবদ্ধ করে রাখতেন।
আধুনিক ভারতীয় চিত্রকলায় তিনি স্বতন্ত্র জায়গা করে নিতে পেরেছেন তার নিজস্ব অঙ্কনশৈলীর মাধ্যমে। যে শৈলীর সঙ্গে যুক্ত হয়েছিল জীবনবোধ ও বিশ্বচেতনা। তার ক্যানভাসে ভারতীয় ও ইউরোপীয় শিল্প আন্দোলনের মেলবন্ধন ঘটেছিল। এ জন্যই বলা হচ্ছে, তার প্রয়াণে ভারতীয় শিল্প জগতে এক বিরাট যুগের অবসান ঘটল।
ফটোগ্রাফি নিয়ে তার নিজস্ব বোঝাপড়ার কথা খুব কমই উঠেছে। ফটোগ্রাফির সম্ভাবনাকে তিনি ভীষণ গুরুত্ব দিতেন। তিনি আর্টের খোঁজে অনেক সময় তুলি রেখে ক্যামেরা হাতে তুলে নিতেন। প্রচুর ফটোগ্রাফি প্রদর্শনী দেখেছেন, ফটোগ্রাফির বই কিনেছেন এবং সংগ্রহ করতেন ‘লাইফ’ ম্যাগাজিনের ফটোগ্রাফি নিয়ে করা বিশেষ সংখ্যাগুলো। আলোকচিত্রের শক্তি ও সম্ভাবনা নিয়ে তার ভাবনাচিন্তা অনেকটাই স্পষ্ট হয়েছিল তার একটি পুরনো সাক্ষাৎকারে। কলকাতার ‘ফটোগ্রাফি’ পত্রিকার জন্য সাক্ষাৎকারটি নিয়েছিলেন অতনু পাল।
তিনি বলেছেন, ‘আমি মনে করি ফটোগ্রাফের আঙ্গিকগত এমন কোনো বাধা নেই যে বাধা অনতিক্রম্য এবং আর্ট ফটোগ্রাফ হতে বাধা দেয়। এ ক্ষেত্রে একটা ভালো ফটোগ্রাফ ও একটা ভালো পেইন্টিং—দুটোরই স্বাধীনতা সমান। শুধু দরকার একশতভাগ বিশুদ্ধ ক্রিয়েটিভ মাইন্ড।’ এই কথার সঙ্গে আলোকচিত্রীরাও একমত হবেন। পেইন্টিংই হোক কিংবা ফটোগ্রাফ, এর পেছনে থাকা চাই একজন সৃজনশীল মানুষ। যে বাস্তবতা ও কল্পনাকে এক বিন্দুতে নিয়ে আসবে।
যোগেন চৌধুরী নিজের অভিজ্ঞতা থেকে বলেছেন, তিনি এমন অনেক ফটোগ্রাফ দেখেছেন যেগুলোর দিকে ঘণ্টার পর ঘণ্টা তাকিয়ে থেকেও তার একঘেয়েমি লাগেনি। সিনেমার একেকটি ফ্রেমেও তিনি তাই লক্ষ্য করেছেন। এর কারণ কী? তার বিশ্বাস, আলোকচিত্রী যখন খুব আন্তরিকতার সঙ্গে বিষয়কে ক্যামেরাবন্দি করে তখন তা উপভোগ্য হয়ে ওঠে।
একজন চিত্রশিল্পী যা খুশি তাই আঁকতে পারে, মনের মাধুরী মিশিয়ে যা নেই তাও ক্যানভাসে ফুটিয়ে তুলতে সক্ষম। রাতকে দিন, দিনকে রাত করা তার জন্য কোনো ব্যাপারই না। কিন্তু একজন আলোকচিত্রীর রয়েছে সীমাবদ্ধতা। এ জন্য আলোকচিত্রীর জন্য আর্ট সৃজন করা অনেক বেশি চ্যালেঞ্জিং। সীমাবদ্ধতাকে জয় করেই আলোকচিত্রীকে সেই উপভোগ্য ছবি নির্মাণ করতে হয়। যোগেন চৌধুরীও মানেন, ফটো যেহেতু যন্ত্রের মাধ্যমে হয়, তাই তার একটি সীমাবদ্ধতা আছে। তবে তিনি বিশ্বাস করতেন, ক্যামেরার সীমাবদ্ধতা অতিক্রম করার উপায় অবশ্যই আছে। তিনি বলেছেন, ‘ছবি যখন আর্ট ফটোগ্রাফ হয়ে ওঠে তখন একটা পেইন্টিংয়ের যতই আঙ্গিকগত স্বাধীনতা থাকুক না কেন, ফটোগ্রাফার তার জ্ঞান, বিশ্বাস, ভালো লাগা ও সৃজনশীলতা দিয়ে ফটোটি তুলে যদি মনে করেন অন্যান্য অসুবিধাগুলো এর কোনো কারণই নয় তখন সেটি অবশ্যই একটি পূর্ণাঙ্গ ফটোগ্রাফ হয়ে উঠতে পারে।’
তার কাছে কম্পোজিশন ‘খুবই কমন বিষয়’ এবং ‘শিল্পের একদম গোড়ার কথা’। তার মতে, ‘একটা দেওয়াল রয়েছে, আর কতগুলো নানা রকমের অবজেক্ট দিয়ে দিলাম। দশজনকে সাজাতে দিলে দেখা যায় দশজন দশ রকমভাবে সেটা সাজিয়েছে। এরমধ্যে কোনো সাজানো হয়তো প্রপার বা মোর আর্টিস্টিক্যালি ইম্পর্টেন্ট হয়ে উঠেছে। সেটা কেন! সেই জায়গাটা আমাদের ভালভাবে বুঝতে হবে যে কেন সেটা ভালো হয়ে উঠেছে। এই দিকটার মধ্যে অনেকগুলো মাঝামাঝি হতে পারে, আবার কতগুলো খারাপ হতে পারে। এই ভাল আর খারাপের সমাধানটা খুঁজে বের করাই কম্পোজিশন।’
যোগেন চৌধুরীর বলেছেন, যে সংবেদনশীল শিল্পী সে সৃজন করতে গিয়ে বুঝতে পারে ভালো লাগার কিছু একটা ঘটেছে। এই ভালো লাগাটা শিল্পীর মনে আলোড়ন সৃষ্টি করে। ভালো ছবি মানেই কম্পোজিশনের মধ্যে ঐ আলোড়ন থাকা। যা ‘আমাদের সেনসিবিলিটির মধ্যে দিয়ে এসে ব্রেনে আঘাত দেয়। এটাই আমাদের মধ্যে বিভিন্নভাবে ভাইব্রেট করে। এটা সহজভাবে মাপ করে, হিসাব-নিকেশের অংক করে বোঝা যায় না। এইভাবে ছবিতে বিভিন্ন বিষয়বস্তুর একটা সম্পর্ক আর টানাপোড়েনের ওপর কম্পোজিশনের ব্যঞ্জনা ফুটে ওঠে।’ কম্পোজিশনের এমন সরল ও যৌক্তিক ব্যাখ্যা শিল্পকলার বাংলা পঠনপাঠনে ভীষণ বিরল। এই কম্পোজিশনই কিন্তু আমাদের চোখ ও মনকে একটি শিল্পকর্মে আবদ্ধ করে রাখে। যার কম্পোজিশন যত উচ্চমানের, তার দিকে মনোযোগ তত বেশি আকৃষ্ট হয়।
সাদাকালো আলোকচিত্র নিয়ে তিনি বলছেন, ‘আমরা যারা শিল্পী অধিকাংশ সময়েই সাদাকালো ছবিটাই বেশি পছন্দ করি, এ কথা বলতে দ্বিধা নেই। সেটা ঘটনাচক্রে দেখেছি। কালার মানেই যে ইন্টারেস্টিং হবে—তার কোনো মানে নেই, অনেকসময় অনেক কালার ডিস্ট্রিবিউশন এমনভাবে হয় যা দেখতে খুব ভাল লাগে। সাদাকালো ছবিতে যে স্পেস এবং টোনাল কোয়ালিটির ডিভিশনটা করা যায় তা কালারে অনেক সময় ঠিকমত ফুটিয়ে তোলা সম্ভব হয় না। সেই কারণে কিছু কিছু ক্ষেত্রে কালার ফটোগ্রাফি খুব একটা ভাল লাগে না। তার জন্য আমরা দেখতে পাই অতীতেও যেমন দিকপাল ফটোগ্রাফাররা সাদাকালো ছবি করে আমাদের মুগ্ধ করেছে, ভবিষ্যতেও করবে।’ একমত হই বা না হই—সাদাকালো ফটোগ্রাফ নিয়ে এমন শৈল্পিক বিশ্লেষণ খুব কমই দেখা গেছে। আমরা অনেক সময় ব্যাখ্যা খুঁজে পাই না, কেন সাদাকালো ছবি সহজেই মনের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে। এ ক্ষেত্রে যোগন চৌধুরীর ভাবনা হতে পারে চিন্তার খোরাক।
ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে ফটোগ্রাফি প্রথাগত ধারা ভাঙার কথা উঠেছিল। এখনো এই আলোচনা চলছে। আধুনিক চিত্রশিল্পী যোগেন চৌধুরীও এই ভাঙার কথা বারবার বলেছেন। তাকে যখন প্রশ্ন করা হয়েছিল, আজকাল ফটোগ্রাফে বিভিন্ন কারসাজির করা হয়, সে সম্পর্কে তার মত কী, তিনি জানিয়ে দিলেন, ‘আমরা যেটা চাই, সেটা তখন ফটোগ্রাফিক নয়, আবার পেন্টিংসও চাইছি না, আমরা আসলে তা থেকে একটা ফাইনাল আর্টওয়ার্ক চাইছি। অর্থাৎ যেটা আমাদের চোখে দৃষ্টিনন্দন এবং আমাদের আনন্দ দেয় আর মুগ্ধ করে, আমাদের উদ্দীপিত করে। আমরা যে কোনো মিডিয়ামকেই একটা আর্ট ফর্মের দিকে নিয়ে যেতে পারি। এই স্বাধীনতাটা আমাদের অবশ্যই থাকা দরকার। আমরা এ ক্ষেত্রে যদি রিজিড—একগুঁয়ে হয়ে থাকি তাহলে ফটোগ্রাফকে কখনো সম্পূর্ণভাবে উপভোগ করতে পারব না, মর্যাদা দিতে পারব না। সেই জায়গাটা ভাঙতেই হবে।’
যোগেন চৌধুরীর মতো এত বড় মাপের চিত্রশিল্পী আলোকচিত্রকে যেভাবে দেখেছেন, অনেক সময় সেভাবে আমরা আলোকচিত্ররাও দেখি না, দেখতে চাই না। আমাদের কাজ ও চিন্তা ভীষণ ভাসা-ভাসা। ডুব দিই না, ডুব দিলেই যেন ‘পানিমুড়া’ টেনে নিয়ে যাবে। এখনো আমাদের অনেকের কাছে ক্যামেরা স্রেফ একটি স্ক্যানার। দৃশ্যের পর দৃশ্য সেই স্ক্যানার দিয়ে শুধু স্ক্যান করে যাই। ছবিটিকে ‘বিশুদ্ধ ক্রিয়েটিভ মাইন্ড’ দিয়ে উপভোগ্য করে তুলছি না।
