শিল্পের যোগী রংয়ের যোগেন
দেশভাগের অভিজ্ঞতা তাঁকে মানুষের দুর্দশার পেছনে থাকা রাজনৈতিক ও সামাজিক বাস্তবতাকে অনুধাবন করতে শিখিয়েছে। তিনি বুঝেছিলেন, মানুষের ব্যক্তিগত বিপর্যয়ের পেছনে অনেক সময় কাজ করে বৃহত্তর ক্ষমতাকাঠামোয় গড়া রাষ্ট্রীয় সিদ্ধান্ত যার পেছনে থাকে রাজনৈতিক স্বার্থ।
বাংলার মাটি ও মানুষ, তার সাথে দেশভাগে শিকড় হারানোর হাহাকার, সমাজের অসংগতি এবং রাজনৈতিক ক্ষমতার দম্ভ আশ্রয় পেয়েছিল বরেণ্য চিত্রশিল্পী যোগেন চৌধুরীর ক্যানভাসে। মানুষের বিকৃত শরীর, ক্লান্ত চোখ, নারী-পুরুষের অন্তরঙ্গ অবয়ব, এর সাথে প্রকৃতি ও স্মৃতির বিচিত্র অনুষঙ্গের মধ্য দিয়ে তিনি নির্মাণ করেছিলেন এক স্বতন্ত্র শিল্পভাষা। বিংশ শতাব্দীর ভারতীয় আধুনিক চিত্রকলার ইতিহাসে তিনি ছিলেন একজন সচেতন শিল্পী, সমাজ সমালোচক এবং সময়ের নির্মম বাস্তবতার ভাষ্যকার হিসেবে। তাঁর শিল্পের দিকে তাকালে মনে হয়, তিনি শুধু ছবি আঁকেন নি; এঁকেছেন মানুষের ভেতরের ক্ষত, ইতিহাসের আকুতি এবং সভ্যতার মুখোশের আড়ালে লুকিয়ে থাকা অসংখ্য অসংগতি। তাঁর চিত্রকর্মের রেখা যেমন কোমল, তেমনি তীক্ষ্ণ। আবার সে রেখা শরীরের আকারকে ভিন্ন এক আঙ্গিকে তুলে ধরে মানুষের মনস্তাত্ত্বিক বিপর্যয়কে প্রকাশ করেছেন। দেশভাগের ফলে পূর্ববাংলার শৈশব হারানোর অভিজ্ঞতা থেকে শুরু করে সমকালীন রাজনীতি ও যুদ্ধের নিষ্ঠুরতাসহ জীবনের নানা অধ্যায় তাঁর শিল্পীসত্তাকে ক্রমাগত সমৃদ্ধ করেছে। দুই বাংলার স্মৃতি ও ঐতিহ্যের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত এই শিল্পীর সৃষ্টিকর্ম তাই ভৌগোলিক সীমারেখা অতিক্রম করে এক সর্বজনীন নিবেদন তৈরি করেছে। বাংলাকে ভালবাসতেন বলেই ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সংগ্রামকে তার চিত্রকর্মে ফুটিয়ে তুলেছেন।
১৯৩৯ সালে তৎকালীন অবিভক্ত বাংলার, বর্তমান বাংলাদেশের ফরিদপুরের দহরপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন যোগেন চৌধুরী। তাঁর পিতা প্রমথনাথ চৌধুরী ছিলেন ফরিদপুরের একজন জমিদার। তাঁদের পরিবারে শিল্প ও সংস্কৃতির প্রতি বিশেষ অনুরাগ ছিল। তাঁর পিতা ছবি আঁকতে এবং মূর্তি গড়তে ভালোবাসতেন। মা-ও ছিলেন ছবি আঁকায় আগ্রহী। ফলে শিল্পচর্চার পরিবেশের সঙ্গে শিল্পী যোগেন চৌধুরীর পরিচয় ঘটে একেবারে শৈশবেই।
তাঁর শিল্পীজীবনের শুরুর পেছনে পারিবারিক প্রভাব থাকলেও বাংলার রাজনৈতিক ঘটনাচক্র তাঁর জীবনকে খুব অল্প বয়সেই ভিন্ন দিকে নিয়ে যায়। ১৯৪৭ সালের দেশভাগ তাঁর শৈশবের পরিচিত আবহকে মুছে দেয়। ১৯৪৮ সালে জন্মভূমি পূর্ববাংলা ছেড়ে তাঁকে পরিবারের সঙ্গে চলে যেতে হয় ভারতে।
দেশভাগের এই অভিজ্ঞতা তাঁর জীবনের একটি সাধারণ পরিবর্তন ছিল না। এটি ছিল শৈশবের স্মৃতি, আত্মীয়তার পরিসর এবং নিজের সাংস্কৃতিক শিকড় থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার তিক্ত অভিজ্ঞতা। যে মাটিতে তাঁর জন্ম, যে প্রকৃতি ও মানুষের মধ্যে তাঁর বেড়ে ওঠা, যে সংস্কৃতি তাঁর শৈশবকে গড়ে তুলেছিল, রাজনৈতিক সিদ্ধান্তের ফলে সেই ভূখণ্ডই হয়ে উঠল অন্য রাষ্ট্রের অংশ। খুব অল্প বয়সে এই বাস্তবতার মুখোমুখি হওয়া তাঁর মনোজগতে গভীর ছাপ ফেলে। পরবর্তী সময়ে তাঁর শিল্পকর্মে দেশভাগ, বাস্তুচ্যুতি, হারানো ঘর এবং পূর্ববাংলার স্মৃতি বারবার ফিরে এসেছে। তাঁর চিত্রকর্মে যে বিষণ্নতা, অস্থিরতা ও অন্তর্গত যন্ত্রণার উপস্থিতি দেখা যায়, তার অন্যতম উৎস খুঁজে পাওয়া যায় এই শৈশবের অভিজ্ঞতায়।
কলকাতায় এসে নতুন পরিবেশে জীবন শুরু করলেও পূর্ববাংলার স্মৃতি তাঁর কাছ থেকে কখনো বিচ্ছিন্ন হয়নি। সময়ের সঙ্গে সঙ্গে সেই স্মৃতি আরও প্রগাঢ় ও বহুমাত্রিক হয়ে উঠেছে। একজন শিল্পীর কাছে শৈশবের অভিজ্ঞতা জীবনের কোন এক মুহূর্তে তাঁর সৃষ্টিশীলতার স্থায়ী উপাদানে পরিণত হয়। শিল্পী যোগেন চৌধুরীর ক্ষেত্রেও বিষয়টি ছিল তেমনই। তাঁর কাছে পূর্ববাংলা শুধু জন্মস্থান ছিল না, ছিল হারিয়ে যাওয়া এক অনুভূতির জগৎ। যে জগৎ তাঁর চিত্রকর্মে নানা প্রতীক ও রূপকের মধ্য দিয়ে ফিরে এসেছে।
প্রাতিষ্ঠানিকভাবে শিল্পশিক্ষা গ্রহণের জন্য তিনি ভর্তি হন কলকাতা গভর্নমেন্ট আর্ট কলেজে। ১৯৬০ সালে সেখান থেকে ব্যাচেলর অব ফাইন আর্টস ডিগ্রি অর্জন করেন। শিক্ষাজীবন শেষ করার পর প্রথমে হাওড়া স্কুলে এবং পরে হ্যান্ডলুম বোর্ডে কিছুদিন কাজ করেন। ১৯৬৫ সালে ফরাসি সরকারের বৃত্তি নিয়ে তিনি প্যারিসে যান। প্যারিসে অবস্থান তাঁর শিল্পীজীবনে একটি গুরুত্বপূর্ণ বাঁক তৈরি করে।
ইউরোপে গিয়ে তিনি নতুন শিল্পরীতি সম্পর্কে জ্ঞান অর্জনসহ শিল্পকে অনুভব করার একটি বিস্তৃত দৃষ্টিভঙ্গিও লাভ করেন। ফ্রান্স, ইতালি, জার্মানি, নেদারল্যান্ডস ও মিসরসহ বিভিন্ন দেশের জাদুঘর ও শিল্পপ্রদর্শনী পরিদর্শন করেন। ইউরোপীয় শিল্পের দীর্ঘ ইতিহাস, আধুনিকতাবাদী আন্দোলন, চিত্রকলায় অবয়বের ভাঙাগড়া এবং রং ও রেখার বহুমাত্রিক ব্যবহার তাঁকে নতুনভাবে ভাবতে শেখায়। বিশেষ করে আধুনিক ইউরোপীয় শিল্পের স্বাধীন প্রকাশভঙ্গি তাঁর শিল্পচিন্তাকে প্রভাবিত করে। তাঁর প্রথম দিককার কাজগুলোতে পাবলো পিকাসোর প্রভাবও লক্ষ করা যায়।
তবে ইউরোপীয় অভিজ্ঞতা তাঁকে নিজের শিকড় থেকে বিচ্ছিন্ন করেনি। পাশ্চাত্যের শিল্পভাবনার সঙ্গে ভারতীয় ও বাংলার নিজস্ব ঐতিহ্যের একটি সৃজনশীল মেলবন্ধন তৈরি করতে সাহায্য করেছে। তিনি ইউরোপীয় শিল্পরীতিকে পুরোপুরি আলিঙ্গন না করে সেখান থেকে পাওয়া অভিজ্ঞতাকে নিজের সংস্কৃতি, উপলব্ধি এবং ভারতীয় বাস্তবতার সঙ্গে মিলিয়ে একটি স্বতন্ত্র ভাষা নির্মাণ করেন। শিল্পীর কর্মজীবনের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল শান্তিনিকেতনের কলাভবনে অধ্যাপনা। শিক্ষক হিসেবে তিনি শিল্পের কারিগরি দিকের পাশাপাশি শিল্পীর পর্যবেক্ষণ এবং সমাজের প্রতি দায়বদ্ধতার বিষয়টিও গুরুত্ব দিতেন।
শিল্পী যোগেন চৌধুরীর সৃষ্টিশীলতার চিত্তবৃত্তিকে বুঝতে হলে ১৯৪৭ সালের দেশভাগের অভিজ্ঞতাকে বিশেষ গুরুত্ব দিতে হয়। দেশভাগের ফলে তিনি হারিয়েছিলেন জন্মভূমির সঙ্গে প্রত্যক্ষ সম্পর্ক। উদ্বাস্তু জীবনের অনিশ্চয়তা, নতুন জায়গায় শেকড় গেড়ে বসার সংগ্রাম এবং পুরোনো জীবনের স্মৃতিকে বয়ে বেড়ানোর অভিজ্ঞতা তাঁর শিল্পের ভেতরে এক গভীর বিষণ্নতা তৈরি করেছিল।
কলকাতায় এসে শরণার্থীজীবনের যে বাস্তবতা তিনি প্রত্যক্ষ করেছিলেন, তা তাঁর শিল্পভাবনাকে বিশেষভাবে প্রভাবিত করে। দেশভাগের পর আশ্রয়শিবিরে থাকা অসংখ্য নারী-পুরুষের মুখ, তাঁদের ক্লান্তি, অনিশ্চয়তা এবং অসহায়তার দৃশ্য তাঁকে আলোড়িত করেছিল। তিনি এসব মানুষের প্রতিকৃতি আঁকতে শুরু করেন। সেই প্রতিকৃতিগুলোতে মানুষের মুখের বলিরেখা, শরীরের ক্লান্তি এবং চোখের গভীর বিষণ্নতা প্রকাশ করার জন্য ব্যবহার করেন সূক্ষ্ম হ্যাচিং ও ক্রস-হ্যাচিং পদ্ধতি। রেখার পর রেখা বসিয়ে তিনি মানুষের মুখ ও শরীরের ভেতরের যন্ত্রণা দৃশ্যমান করে তুলতে চেয়েছেন। পরবর্তী সময়ে এই রেখাবিন্যাসই তাঁর শিল্পের অন্যতম স্বাক্ষর হয়ে ওঠে।
দেশভাগের অভিজ্ঞতা তাঁকে মানুষের দুর্দশার পেছনে থাকা রাজনৈতিক ও সামাজিক বাস্তবতাকে অনুধাবন করতে শিখিয়েছে। তিনি বুঝেছিলেন, মানুষের ব্যক্তিগত বিপর্যয়ের পেছনে অনেক সময় কাজ করে বৃহত্তর ক্ষমতাকাঠামোয় গড়া রাষ্ট্রীয় সিদ্ধান্ত যার পেছনে থাকে রাজনৈতিক স্বার্থ। ফলে তাঁর শিল্পে মানুষের শরীর ক্রমশ সমাজ ও রাজনীতির এক প্রতীকী মানচিত্রে পরিণত হয়। একটি ক্লান্ত মুখ, বিকৃত শরীর কিংবা অস্বাভাবিক ভঙ্গি হয়ে ওঠে সময়ের অসংগতির ভাষ্য।
দেশভাগ নিয়ে তাঁর কাজগুলোতে ইতিহাস ও ব্যক্তিগত স্মৃতি একাকার হয়ে গেছে। তাঁর ‘Partition 1947’ সিরিজে এই অনুভূতির গভীর ও শক্তিশালী প্রকাশ দেখা যায়। এই সিরিজে বারবার ফিরে এসেছে ইলিশ মাছ, বাংলার প্রকৃতি, পরিচিত সাংস্কৃতিক অনুষঙ্গ এবং দেশভাগের সীমারেখা। তিনি ইলিশকে দেখিয়েছেন দুই বাংলার অভিন্ন খাদ্যসংস্কৃতি, মৎস্য প্রীতি, নদীমাতৃক জীবন এবং বাঙালির একক সাংস্কৃতিক সত্তার পরিচয় হিসেবে। রাজনৈতিকভাবে একটি সীমারেখা দুই ভূখণ্ডকে আলাদা করে দিলেও মানুষের ভাষা, সংস্কৃতি ও জীবনযাপনের বহু উপাদান যে অবিভাজ্য থেকে যায়, ইলিশের পুনরাবৃত্ত উপস্থিতি যেন সেই কথাই মনে করিয়ে দেয়।
এই সিরিজের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ সিরিল র্যাডক্লিফের টানা সীমারেখা, যা ইতিহাসে র্যাডক্লিফ লাইন নামে পরিচিত। ১৯৪৭ সালে এই রেখা টেনে বাংলা ও পাঞ্জাবের ভূখণ্ডকে বিভক্ত করা হয়েছিল। যোগেন চৌধুরী তাঁর চিত্রকর্মে এই রেখাকে শুধুমাত্র ভৌগোলিক সীমানা হিসেবে দেখেননি। একে ব্যবহার করেছেন এক বিচ্ছেদ যা এ দেশের মানুষের অসহায়তাকে জাহির করেছে। দুর্গাপ্রতিমা কিংবা ইলিশের মতো অনুষঙ্গের দুই পাশে ছড়িয়ে থাকা উপস্থিতি যেন মনে করিয়ে দেয়, একটি রাজনৈতিক সিদ্ধান্ত কীভাবে শতাব্দীপ্রাচীন সাংস্কৃতিক সম্পর্কের ওপর বিভাজনের দাগ টেনে দিতে পারে।
এই প্রসঙ্গে ‘আমার সোনার বাংলা’ গানের অন্তর্নিহিত চেতনার সঙ্গেও তাঁর শিল্পের একটি গভীর সম্পর্ক খুঁজে পাওয়া যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের এই গান যে বাংলার প্রকৃতি, মানুষের জীবন ও মাতৃভূমির প্রতি ভালোবাসার কথা বলে, শিল্পীর দেশভাগ বিষয়ক শিল্পকর্মেও সেই আবেগের প্রতিধ্বনি রয়েছে। তাঁর ছবিতে হারানো বাংলার স্মৃতি কোনো একক ভূখণ্ডের মধ্যে আবদ্ধ থাকে না। সেখান থেকে বের হয়ে এসে তা হয়ে ওঠে সমগ্র বাঙালি জাতিসত্তার অভিন্ন স্মৃতির অংশ।
এখানে তাঁর শিল্পের একটি বিশেষ মানবিক তাৎপর্য রয়েছে। তিনি দেশভাগের ইতিহাসকে কোনো নির্দিষ্ট রাষ্ট্রের পক্ষে বা বিপক্ষে দাঁড়িয়ে ব্যাখ্যা করেননি। বরং দেখিয়েছেন, রাজনৈতিক বিভাজনের সবচেয়ে বড় মূল্য দিতে হয় সাধারণ মানুষকে। যারা নিজেদের ঘরবাড়ি, জমিজমা, আত্মীয়স্বজন ও আপন পরিবেশ ছেড়ে নতুন জীবনের সন্ধানে বেরিয়ে পড়তে বাধ্য হয়, ইতিহাসের বড় বড় রাজনৈতিক বয়ানে তাদের যন্ত্রণা অনেক সময় আড়ালে থেকে যায়। যোগেন চৌধুরী সেই আড়ালে থাকা মানুষগুলোর অভিজ্ঞতাকে শিল্পের কেন্দ্রে নিয়ে এসেছেন। রাষ্ট্রের তৈরি সীমান্ত যে মানুষের সাংস্কৃতিক উত্তরাধিকারকে সম্পূর্ণ মুছে দিতে পারে না সে অভিব্যক্তি তাঁর শিল্পের মধ্য দিয়ে সত্যই বারবার প্রকাশিত হয়েছে।
তাঁর চিত্রকর্মে সমাজ ও রাজনীতির প্রতি এই দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে তীক্ষ্ণ ব্যঙ্গ এবং রূপকধর্মী উপস্থাপনার মধ্য দিয়ে। বিশেষ করে ক্ষমতাবান মানুষ, ব্যবসায়ী, রাজনীতিক এবং সুবিধাভোগী শ্রেণির চরিত্রায়ণে তিনি এক ধরনের ব্যঙ্গাত্মক ভাষা তৈরি করেন। তাঁর আঁকা অনেক পুরুষ চরিত্রের শরীর অস্বাভাবিকভাবে স্থূল, থলথলে ও বিকৃত। কোন চরিত্রের মাথায় ছোট্ট গান্ধীটুপি দেখা যায়, যা রাজনৈতিক পরিচয় ও ক্ষমতার প্রতীক হয়ে ওঠে। আবার চালকুমড়োর মতো সাধারণ একটি বস্তুকে তিনি বুদ্ধিজীবীর প্রতীক হিসেবে ব্যবহার করেছেন। এসব চিত্রকল্পের মধ্যে দিয়ে তিনি দেখিয়েছেন, সমাজে যাঁরা নৈতিকতা, আদর্শ কিংবা জনস্বার্থের প্রতিনিধিত্ব করার কথা বলেন, তাঁদের অনেকের মধ্যেই কীভাবে শূন্যতা, আত্মম্ভরিতা ও সুবিধাবাদ বাসা বাঁধতে পারে।
এ ধরনের উপস্থাপনা নিছক হাস্যরস নয়। তাঁর বিকৃত অবয়বের পেছনে রয়েছে গভীর সামাজিক পর্যবেক্ষণ। তিনি মানুষের বাহ্যিক চেহারাকে বাস্তবের অনুরূপ করে আঁকার চেয়ে তার অন্তর্গত চরিত্র ও মানসিক অবস্থাকে প্রকাশ করতে বেশি আগ্রহী ছিলেন। ফলে তাঁর ছবির স্থূল শরীর অনেক সময় ক্ষমতার লোভ বা নৈতিক অবক্ষয়ের প্রতিরূপ হয়ে ওঠে। তাঁর শিল্পে সৌন্দর্যের প্রচলিত ধারণা তাই বারবার প্রশ্নের মুখে পড়ে। যে শরীরকে সাধারণত সৌন্দর্যের মানদণ্ডে বিচার করা হয়, শিল্পী সেই শরীরকেই বিকৃত করে মানুষের ভেতরের কদর্যতা প্রকাশ করেছেন।
তাঁর প্রতিবাদী শিল্পচেতনার আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় আন্তর্জাতিক রাজনীতি ও যুদ্ধের নৃশংসতার সঙ্গে যুক্ত। ২০০৪ সালে ইরাকের আবু ঘ্রাইব কারাগারে বন্দিদের ওপর নির্যাতনের ঘটনা তাঁকে গভীরভাবে নাড়া দিয়েছিল। মানুষের শরীরের ওপর রাষ্ট্রীয় ও সামরিক ক্ষমতার নিষ্ঠুর প্রয়োগ তাঁকে নতুন করে ভাবিয়েছিল। এর প্রতিক্রিয়ায় তিনি একাধিক চিত্রকর্মে নির্যাতিত মানবদেহ, ক্ষতবিক্ষত শরীর এবং মানুষের অসহায়তার প্রতীকী উপস্থাপনা করেন। কোথাও উন্মুক্ত শরীরে ছুরির আঘাতের দীর্ঘ রক্তাক্ত ক্ষত, কোথাও বিকৃত দেহের ভেতর দিয়ে প্রকাশ পেয়েছে মানুষের ওপর ক্ষমতার নির্মমতা। এসব ছবিতে তিনি কোনো নির্দিষ্ট যুদ্ধের বিবরণ দেওয়ার চেয়ে যুদ্ধ ও নির্যাতনের সর্বজনীন মানবিক বিপর্যয়কে তুলে ধরেছেন।
এখানেই যোগেন চৌধুরীর শিল্পের বিশেষত্ব। তিনি প্রতিবাদকে মুখের ভাষায় প্রকাশ করেননি। মানুষের শরীর, চোখ, মুখ ও ভঙ্গির মধ্যে প্রতিবাদের ভাষা খুঁজেছেন। তাঁর ছবির সামনে দাঁড়ালে দর্শক শুধু একটি অবয়ব নয়, তার সাথে সেই অবয়বের পেছনে থাকা সামাজিক বাস্তবতা ও নৈতিক প্রশ্নের মুখোমুখি হন। তাঁর শিল্পে রাজনীতি ছিল সরাসরি, আবার প্রচ্ছন্ন; কিন্তু মানুষের অস্তিত্বের সংকট সেখানে সব সময়ই উপস্থিত।
যোগেন চৌধুরীর চিত্রকর্মের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তাঁর নিজস্ব রেখাভাষা। ভারতীয় আধুনিক চিত্রকলায় অনেক শিল্পীই রেখা ব্যবহার করেছেন, কিন্তু রেখাকে মানুষের শরীর, মনস্তত্ত্ব ও সামাজিক বাস্তবতার এমন বহুমাত্রিক প্রকাশমাধ্যমে পরিণত করতে খুব কম শিল্পীই পেরেছেন। তাঁর রেখা কেবল অলংকার হিসেবে ব্যবহৃত হয়নি। আঁকাবাঁকা, সাবলীল, নিরবচ্ছিন্ন এবং জটিলভাবে পরস্পরকে ছেদ করা রেখার মধ্য দিয়ে তিনি অবয়ব নির্মাণ করেছেন। এ রেখা দিয়ে ফুটিয়ে তুলেছেন শরীরের ভাঁজ, শিরা-উপশিরা, আবার চামড়ার বলিরেখা, তেমনি মানুষের ভেতরের অস্থিরতা ও যন্ত্রণার প্রতিরূপ হয়ে ওঠে।
বিশেষ করে তাঁর ক্রস-হ্যাচিং বা আড়াআড়ি রেখার ব্যবহার অত্যন্ত স্বতন্ত্র। একই অবয়বের ওপর অসংখ্য রেখা বসিয়ে তিনি শরীরের আয়তন, গঠন, ভাঁজ ও টেক্সচার তৈরি করেন। এই রেখাগুলো চিত্রকর্মে এত ঘন হয়ে ওঠে যে মানুষের শরীরকে মনে হয় এক জটিল জালের মধ্যে আটকে থাকা কোনো জীবন্ত সত্তা। আবার কোথাও রেখার সূক্ষ্ম বিন্যাস শরীরের কোমলতা ও ভঙ্গুরতাকে প্রকাশ করে।
তাঁর কাজের একটি বড় অংশজুড়ে রয়েছে ফিগারেটিভ এক্সপ্রেশনিজমের প্রবণতা। অর্থাৎ মানুষের অবয়বকে হুবহু বাস্তবের মতো উপস্থাপন না করে তার অভ্যন্তরীণ অনুভূতি ও মানসিক অবস্থাকে প্রকাশ করার জন্য শরীরের গঠন, অনুপাত ও ভঙ্গিকে ইচ্ছাকৃতভাবে পরিবর্তন করা। এ কারণেই তাঁর ছবির মানুষগুলো হয়ে ওঠে অস্বাভাবিক, গড়নে স্থূল, দীর্ঘায়িত, আবার দেখা যায় অদ্ভুতভাবে সংকুচিত। তিনি মনে করতেন, মানুষের শরীরের মধ্যেই তার ব্যক্তিগত অস্তিত্ব, সামাজিক অবস্থান এবং মানসিক সংকটের অনেক চিহ্ন লুকিয়ে থাকে।
জলরং, প্যাস্টেল, তেলরং, কালি, ওয়াশ এবং মিক্সড মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে তিনি কাজ করেছেন। তবে কালি ও প্যাস্টেলের ব্যবহার তাঁর শিল্পে বিশেষ গুরুত্ব পেয়েছে। কালির দৃঢ় রেখা এবং প্যাস্টেলের কোমল রঙের স্তর একসঙ্গে মিলিয়ে তিনি এমন এক দৃশ্যভাষা তৈরি করেন, যেখানে শক্তি ও দুর্বলতা, দৃঢ়তা ও কোমলতা, বাস্তবতা ও স্বপ্ন একই সঙ্গে উপস্থিত থাকে। তাঁর রঙের ব্যবহারও লক্ষণীয়। তার হাতের রং যেমন অবয়বকে প্রাণবন্ত করেছে, তেমনি শরীরের ভেতরের অস্বস্তিকর বাস্তবতাকে আরও প্রকট করে তুলেছে।
তাঁর চিত্রকর্মের বিষয়বস্তু কেবল মানুষ বা রাজনৈতিক ব্যঙ্গের মধ্যে সীমাবদ্ধ ছিল না। নারী-পুরুষের সম্পর্ক, যৌনতা, নিঃসঙ্গতা, স্বপ্ন, প্রকৃতি, ফুল, লতাপাতা, প্রাণী এবং দৈনন্দিন জীবনের সাধারণ বস্তু তাঁর শিল্পে গুরুত্বপূর্ণ স্থান পেয়েছে। বিশেষ করে নারীর অবয়ব তাঁর চিত্রকর্মে একটি উল্লেখযোগ্য বিষয়। নারীদেহকে তিনি শুধুমাত্র সৌন্দর্যের প্রচলিত ধারণায় সীমাবদ্ধ রাখেননি। নারীর ভঙ্গি, শরীরী ভাষা এবং নানা আত্মপ্রকাশের মধ্য দিয়ে এক জটিল মানবিক উপস্থিতি নির্মাণ করেছেন। নারী অবয়বে ফুটে উঠেছে একইসাথে সৌন্দর্য ও ইন্দ্রিয়গ্রাহ্যতা, নিঃসঙ্গতা, আত্মবিশ্বাস ও স্বতন্ত্র অস্তিত্ব।
তাঁর ‘Mona Lisa in My Dream’ (১৯৭৭) চিত্রকর্মে পাশ্চাত্য শিল্পের পরিচিত এক প্রতীককে নিজের কল্পনা ও শিল্পভাষার মধ্য দিয়ে নতুনভাবে উপস্থাপন করেছেন। লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসা এখানে নিছক অনুকরণের বিষয় নয়। এখানে শিল্পীর ব্যক্তিগত কল্পনার সঙ্গে মিশে এক নতুন নারীমূর্তিতে রূপান্তরিত হয়েছে। একইভাবে ‘In My Dream’ (১৯৭৭) চিত্রকর্মে দৈনন্দিন জীবনের সাধারণ বস্তুগুলোর মধ্যে তিনি তৈরি করেছেন এক রহস্যময় আবহ। পরিচিত জিনিসও যে শিল্পীর কল্পনায় নতুন অর্থ ও অনুভূতি লাভ করতে পারে, এই কাজ তারই উদাহরণ।
‘Three Women’ (১৯৯২) তাঁর উল্লেখযোগ্য কাজগুলোর একটি। তিনটি নারী অবয়বের মধ্য দিয়ে তিনি শরীরের গঠন, ভঙ্গি ও অভিব্যক্তির বৈচিত্র তুলে ধরেছেন। এখানে নারীর বিভিন্ন ব্যক্তিত্ব, অনুভূতি ও সম্পর্কের ইঙ্গিত বহন করে। ‘Moonstruck’ (১৯৯৫) ছবিতেও নারী অবয়বের শৈল্পিক উপস্থাপনা লক্ষণীয়। অন্যদিকে ‘Man with a Chaddar’ (১৯৮১) ছবিতে একটি চাদর জড়ানো পুরুষের অবয়বের মধ্য দিয়ে তাঁর রেখার অসাধারণ দক্ষতা প্রকাশ পেয়েছে। কালো পটভূমিতে চাদরের ভাঁজ, শরীরের আকার এবং ঘন ক্রস-হ্যাচিংয়ের ব্যবহার ছবিটিকে এক বিশেষ দৃশ্যগত গভীরতা দিয়েছে।
তাঁর কাজের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো অবচেতন মনের ব্যবহার। ‘Reminiscence of a Dream’ সিরিজের বিভিন্ন কাজে কালি, ওয়াশ, প্যাস্টেল ও মিক্সড মিডিয়ার মাধ্যমে তিনি বাস্তব ও কল্পনার সীমারেখাকে অস্পষ্ট করে দিয়েছেন। উদ্ভিদ, প্রাণী, শৈশবের স্মৃতি, পূর্ববাংলার হারানো পরিবেশ ও নিজস্ব আবেগকে এখানে এক ধরনের অলীক রাজ্যে মিলেমিশে গেছে। ফলে তাঁর ছবি তুলে ধরে বাস্তবের প্রতিচ্ছবি, স্মৃতির পুনর্নির্মাণ বা অবচেতন মনের বিচিত্র বহিঃপ্রকাশ।
যোগেন চৌধুরী ভারতীয় আধুনিক চিত্রকলায় যে স্বতন্ত্র অবস্থান তৈরি করেছিলেন, তার অন্যতম কারণ ছিল ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার সৃজনশীল সমন্বয়। তিনি ভারতীয় ক্ষুদ্রচিত্র বা মিনিয়েচার পেইন্টিং, বাংলার পটচিত্র এবং লোকশিল্পের নানা বৈশিষ্ট্য সম্পর্কে গভীরভাবে সচেতন ছিলেন। এসব শিল্পধারার অলংকারধর্মিতা, বিন্যাস, রেখার ব্যবহার এবং বহুস্তরীয় উপস্থাপনার ধারণা তাঁর কাজে বিভিন্নভাবে প্রতিফলিত হয়েছে। বাংলার আলপনা, লোকজ মোটিফ এবং প্রচলিত অলংকরণরীতির প্রতিও তাঁর আগ্রহ ছিল।
তবে তিনি কখনো ঐতিহ্যের অন্ধ অনুসারী হননি। বরং ঐতিহ্যকে নিজের সময়ের অভিজ্ঞতা ও আধুনিক শিল্পচিন্তার সঙ্গে মিলিয়ে নতুনভাবে নির্মাণ করেছেন। তাঁর ছবিতে লোকজ অলংকরণ শুধু নিছক সাজসজ্জা নয়; তা ছবির মূল বক্তব্যের অংশ হয়ে উঠেছে। একইভাবে পাশ্চাত্যের আধুনিকতাবাদী শিল্পধারা থেকেও তিনি গ্রহণ করেছেন স্বাধীনভাবে অবয়ব নির্মাণ ও বাস্তবতার পুনর্বিন্যাসের পরীক্ষামূলক ব্যবহারের প্রবণতা। কিন্তু সবকিছুর মধ্যেই বজায় রেখেছেন বাংলার নিজস্ব সাংস্কৃতিক অস্তিত্ব।
এই সমন্বয় তাঁকে সমসাময়িক অনেক শিল্পীর থেকে আলাদা করেছে। একদিকে তাঁর শিল্পে রয়েছে ইউরোপীয় আধুনিকতার প্রভাব, অন্যদিকে রয়েছে ভারতীয় ক্ষুদ্রচিত্র, লোকশিল্প ও বাংলার সাংস্কৃতিক স্মৃতির উপস্থিতি। কিন্তু এসব উপাদান আলাদা আলাদা করে চেনার আগেই দর্শক অনুভব করেন একটি স্বতন্ত্র যোগেন চৌধুরীয় শিল্পভাষা। এটাই তাঁর মৌলিকতা।
তাঁর ছবিতে চোখের উপস্থিতিও বিশেষভাবে লক্ষণীয়। মানুষের চোখের মাধ্যমে তিনি অনেক সময় এমন সব অনুভূতি প্রকাশ করেছেন, যা ভাষায় বলা কঠিন। তার চিত্রকর্মে চোখে ফুটে উঠেছে অসহায়ত্ব, ফুটে উঠেছে সন্দেহ, ফুটে উঠেছে আকাঙ্ক্ষা, তার সাথে ফুটে উঠেছে সমাজের প্রতি এক ধরনের তীক্ষ্ণ পর্যবেক্ষণ। যেন তাঁর আঁকা মানুষগুলো নিজেরাও সমাজকে দেখছে, প্রশ্ন করছে এবং দর্শকের সামনে পাল্টা প্রশ্ন ছুড়ে দিচ্ছে।
শিল্পী হিসেবে তাঁর আন্তর্জাতিক স্বীকৃতিও ছিল উল্লেখযোগ্য। ১৯৬৬ সালে প্যারিসে তিনি Prix de la Jeune Peinture সম্মান লাভ করেন। পরবর্তী সময়ে মধ্যপ্রদেশ সরকারের কালিদাস সম্মানসহ বিভিন্ন পুরস্কার ও স্বীকৃতিতে ভূষিত হন। পশ্চিমবঙ্গ সরকার তাঁকে বঙ্গবিভূষণ সম্মানে সম্মানিত করে। তাঁর কাজ দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রদর্শনী ও সংগ্রহে স্থান পেয়েছে। ২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত তিনি ভারতের রাজ্যসভার সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। অর্থাৎ শিল্পের পাশাপাশি রাষ্ট্রীয় ও সাংস্কৃতিক পরিসরেও তাঁর সক্রিয় উপস্থিতি ছিল।
২০২৬ সালের ২৫ অক্টোবর মাসে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ৮৭ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন শিল্পী যোগেন চৌধুরী। তিনি প্রায় ১৪-১৫ মাস ধরে এক বিরল ধরনের রক্তের ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। ১৬ অক্টোবর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শেষ পর্যন্ত চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে থেমে যায় তাঁর জীবনের দীর্ঘ শিল্পযাত্রা।
যোগেন চৌধুরী আজ আর আমাদের মধ্যে নেই। কিন্তু তাঁর আঁকা রেখাগুলো থেমে যায়নি। ক্যানভাসে ছড়িয়ে থাকা সেই রেখার ভেতর আজও কথা বলে শিল্পীর গভীর জীবনবোধ। তাঁর ছবির মানুষগুলো আজও যেন আমাদের দিকে তাকিয়ে আছে, আমাদের সমাজকে প্রশ্ন করছে, আমাদের বিবেককে নাড়া দিচ্ছে।
