বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষের পর বেড়া থমথমে, বন্ধ দোকানপাট, স্থগিত পরীক্ষা
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পৌর সদর ও আশপাশের এলাকায় টহল দিচ্ছেন।
পাবনার বেড়া উপজেলায় বিএনপি ও কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের নেতাকর্মী-সমর্থকদের সংঘর্ষের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
আতঙ্কে পৌর সদরের বেশিরভাগ দোকানপাট বন্ধ রয়েছে। সংঘর্ষের কারণে নিরাপত্তার কথা বিবেচনা করে পৌর এলাকার স্কুলগুলোর বার্ষিক পরীক্ষাও স্থগিত করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনাল্ট চাকমা।
এদিকে সংঘর্ষের ঘটনায় রোববার ভোররাতে অভিযান চালিয়ে কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের পাঁচ সমর্থককে আটক করেছে পুলিশ।
তারা হলেন- বেড়া পৌর সদরের বৃশালিখা মহল্লার মোখলেছুর রহমান (৫৫) ও রফিকুল ইসলাম (৪৫), সম্ভুপুর মহল্লার সালাম সরদার (৭১), সাব্বির হোসেন (২৭) ও রাব্বি হাসান (২৩)।
স্থানীয় বাসিন্দারা জানান, সংঘর্ষের পর পৌর সদর এলাকায় মানুষের চলাচল কমে গেছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বাড়ির সামনে গাছের ডাল, বাঁশ ও টিন দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে। সড়কের বিভিন্ন স্থানে ইট-পাটকেল পড়ে রয়েছে।
বেড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সোলায়মান হোসেন বলেন, “পৌর এলাকার স্কুলগুলোতে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ২২ ও ২৩ নভেম্বরের বার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। আশা করছি, ২৪ নভেম্বর থেকে আবার পরীক্ষা নেওয়া সম্ভব হবে।”
সংঘর্ষের ঘটনায় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে শনিবার রাতে বেড়া মডেল থানার ওসি নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে। তার জায়গায় পাবনা সদরের পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফাকে নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন ওসি গোলাম মোস্তফা বলেন, “এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে। জিজ্ঞাসাবাদ শেষে আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।”
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনাল্ট চাকমা বলেন, “পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও পুলিশ সতর্ক রয়েছে। আগের চেয়ে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতি ও আহতদের সঠিক তালিকা তৈরির মতো পরিবেশ এখনও তৈরি হয়নি।”
পুলিশ জানায়, বৃহস্পতিবার থেকে বেড়া পৌর এলাকার বৃশালিখা, পাইনা, হাতিগারা ও আশপাশের কয়েকটি এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। গণগ্রেপ্তার ও লকডাউন কর্মসূচি ঘিরে কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা বেড়া মডেল থানার সামনে বিক্ষোভ করেন। পরে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা পাল্টা মিছিল বের করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।
এরপর কয়েক দফায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। গত তিন দিনে উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। এসব ঘটনায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। গুরুতর আহত ১৫ বছর বয়সী জিসানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
