২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় ‘বালু মহালের দখল’ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫

ঘটনাস্থল থেকে পিস্তলের ৫টি গুলি এবং ৭টি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Nov 2026, 08:28 PM

Updated : 26 Nov 2026, 08:28 PM

কুষ্টিয়ায় গড়াই নদীর বালু মহালের দখল নিয়ে জামায়াত ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় জামায়াতের এক নেতার বাড়ি ও কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ ছাড়া ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তলের পাঁচটি তাজা গুলি এবং সাতটি গুলির খোসা উদ্ধার করে পুলিশ। তবে হামলার ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ করেছেন বিএনপি ও জামায়াত।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড জুগিয়া ভাটাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কুষ্টিয়া মডেল থানার ওসি জাকির হোসেন।

আহতরা হলেন- জুগিয়া এলাকার বাসিন্দা নজরুল ইসলাম, শরিফুল ইসলাম, রফিকুল ইসলাম, ইউনুস আলী এবং লাল মিয়া। তারা জামায়াতের স্থানীয় নেতাকর্মী। তারা কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।

পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সমন্বয়ক মো. শাহজাহানের অভিযোগ, বিএনপির লোকজন তার কার্যালয় ও বাড়িতে হামলা করে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে।

তিনি বলেন, তার বাড়ির সামনের রাস্তা দিয়ে প্রতিনিয়ত বালুবাহী ট্রাক চলাচল করে। এতে রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় দীর্ঘদিন ধরে এলাকাবাসীর স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। বিষয়টি কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি রাস্তা সংস্কার না হওয়া পর্যন্ত গড়াই নদীর চর থেকে বালু উত্তোলন বন্ধের নির্দেশ দেন।

“এরপর কয়েকদিন বালুবাহী ট্রাক চলাচল বন্ধ থাকে। এতে বালুখোরদের আর্থিক ক্ষতি হওয়ায় বিএনপির লোকজন এই হামলা চালিয়েছে”, বলেন শাহজাহান।

তিনি বলেন, “ঘটনার সময় সংগঠনের নেতাকর্মী এবং এলাকাবাসী অফিসে বসে আলোচনা করছিলাম। এ সময় হঠাৎ কোথা থেকে লোকজন এসে গোলাগুলি শুরু করে। হামলাকারীদের মধ্যে অনেকেই স্থানীয় বিএনপির নেতাকর্মী হিসেবে পরিচিত।”

তবে জামায়াত নেতার অভিযোগ অস্বীকার করে কুষ্টিয়া পৌর বিএনপির সভাপতি এ কে বিশ্বাস বাবু মোবাইলে দাবি করেন, “যুগিয়া বালু মহাল থেকে প্রতিদিন ৫০ হাজার টাকা করে চাঁদা নিতেন জামায়াত নেতা শাহজাহান।

“সম্প্রতি সেই টাকার অঙ্ক দ্বিগুণ বাড়িয়ে এক লাখ দাবি করেন। ঘাট পরিচালনাকারীরা বাড়তি টাকা দিতে অস্বীকার করায় শাহজাহান নেতাকর্মীদের নিয়ে রাস্তায় ট্রাক চলাচলে বাধার সৃষ্টি করেন। এ ঘটনার জের ধরেই মূলত দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়।”

কুষ্টিয়া মডেল থানার ওসি জাকির হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গোলাগুলির ঘটনায় জড়িতদের শনাক্তের কাজ করছে পুলিশ। যারাই জড়িত হোক তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনায় এখনও কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি।