কুষ্টিয়ায় পৌর বর্জ্য ব্যবস্থাপনায় বেসরকারি অংশীদারত্বের যাত্রা শুরু
২১টি ওয়ার্ডের জন্য চারটি প্রতিষ্ঠানের সঙ্গে কুষ্টিয়া পৌরসভার চুক্তি স্বাক্ষরিত হয়।
কুষ্টিয়া পৌরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনাকে অধিকতর আধুনিক, পরিকল্পিত ও টেকসই করতে বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে কর্তৃপক্ষ।
বুধবার সন্ধ্যায় বেসরকারি সংস্থা দিশা’র মিলনায়তনে এক অনুষ্ঠানে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর হাতে কার্যাদেশ তুলে দেয় কর্তৃপক্ষ। এর মাধ্যমেই মাঠপর্যায়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল।
কুষ্টিয়া পৌরসভার প্রশাসক ও উপসচিব মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. তৌহিদ বিন-হাসান, এসএনভি ক্লাস্টার কো-অর্ডিনেটর রেজাউল হুদা মিলন অতিথি ছিলেন। স্বাগত বক্তব্য দেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা রেশমা খাতুন।
অনুষ্ঠানে পৌরসভার ২১টি ওয়ার্ডের জন্য পলিন ফাউন্ডেশন, রূপসী বাংলা পল্লীসেবা সংস্থা, এরাস ভেঞ্চার্স লিমিটেড এবং চৌঁড়হাস ফুলতলা কল্যাণ সংস্থা- এই চারটি প্রতিষ্ঠানের সঙ্গে কুষ্টিয়া পৌরসভার চুক্তি স্বাক্ষরিত হয়।
প্রধান নির্বাহী কর্মকর্তা রেশমা খাতুন পৌর এলাকার বর্জ্য ব্যবস্থাপনার চিত্র তুলে ধরে বলেন, “কুষ্টিয়া পৌরসভা ৪২.৭৯ বর্গকিলোমিটার আয়তনের ২১টি ওয়ার্ডে প্রায় ২ লাখ ২৯ হাজার মানুষকে নাগরিক সেবা দিচ্ছে। পৌর এলাকায় প্রতিদিন প্রায় ১০০ টন বর্জ্য উৎপন্ন হয়, যার মধ্যে অপসারণ হয় প্রায় ৬১ টন। গৃহস্থালি পর্যায়ে প্রাথমিক বর্জ্য সংগ্রহের হার মাত্র ২০ শতাংশ। পৌরসভার নিজস্ব জনবল ও যানবাহন দিয়ে এই ঘাটতি পূরণ সম্ভব নয় বলেই সরকারি-বেসরকারি অংশীদারত্বের পথ বেছে নেওয়া হয়েছে।”
তিনি বলেন, তাদের কাজের মূল্যায়ন হবে সংগ্রহের হার, সেবা কভারেজ, গ্রাহক সন্তুষ্টি, নিরাপদ নিষ্পত্তি এবং নিম্ন আয়ের এলাকার অন্তর্ভুক্তির ভিত্তিতে।
পৌর কর্তৃপক্ষ জানায়, এসএনভির সহযোগিতায় কম্পোস্ট উৎপাদন বৃদ্ধির জন্য কনভেয়ার বেল্ট ও সেগ্রিগেটর মেশিন স্থাপন করেছে এবং ৫ নম্বর ওয়ার্ডে উৎসে বর্জ্য পৃথকীকরণের পাইলট কার্যক্রম পরিচালনা করেছে।
এ ছাড়া নিজস্ব অর্থায়নে কো-কম্পোস্ট শেড সংস্কার, ৬০টি মোটরচালিত বর্জ্য ভ্যান তৈরি এবং বাজেটে বর্জ্য ব্যবস্থাপনার পৃথক খাত সৃষ্টি করেছে। ভবিষ্যতে পৌরসভা ওয়েস্ট টু এনার্জি, অর্থাৎ বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের পথে যেতে চায়।
জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান বলেন, কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় কুষ্টিয়া পৌরসভা বাংলাদেশের জন্য একটি রোলমডেল। কার্যক্রমকে আরও কার্যকর ও জনসম্পৃক্ত করতে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য তিনি জেলা শিক্ষা কর্মকর্তাকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেন।
পাশাপাশি তিনি পরিকল্পিত আবাসন ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় শহর পরিকল্পনাবিদ ও প্রকল্প ফোকাল রানভীর আহমেদ বর্জ্য ব্যবস্থাপনার চিত্র তুলে ধরেন।
কুষ্টিয়া পৌরসভা এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এসএনভি এর যৌথ উদ্যোগে এবং নেদারল্যান্ডস দূতাবাসের সহায়তায় এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান আয়োজিত হয়। এক যুগেরও অধিক সময় ধরে কুষ্টিয়া পৌরসভার উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে এসএনভি। নেদারল্যান্ডস সরকারের সহায়তায় বাংলাদেশে নগরভিত্তিক পানিচক্রের টেকসই রূপান্তর প্রকল্পের আওতায় সংস্থাটি পৌরসভার দক্ষতা উন্নয়নে সহযোগিতা করে আসছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসএনভি কুষ্টিয়ার প্রজেক্ট ম্যানেজার নবনীতা সাহা।
