মিশরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৪, আহত ৮৮
এই দুর্ঘটনায় ট্রেনের বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয় এবং একটি প্রধান রেললাইনে ট্রেন চলাচল বিঘ্নিত হয় বলে জানিয়েছে মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয়।
মিশরের গিজা প্রদেশের কাছে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত চারজন নিহত এবং ৮৮ জন আহত হয়েছে।
রোববার এই দুর্ঘটনায় ট্রেনের বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয় এবং একটি প্রধান রেললাইনে ট্রেন চলাচল বিঘ্নিত হয় বলে জানিয়েছে মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয়।
মিশরের রাষ্ট্রীয় রেল কর্তৃপক্ষ বলছে, কায়রো থেকে প্রায় ৭৬ কিলোমিটার দক্ষিণে এই সংঘর্ষ হয়। গিজা থেকে ফায়ুমগামী একটি যাত্রীবাহী ট্রেন কায়রো থেকে আসোয়ানগামী আরেকটি ট্রেনের পেছনে ধাক্কা দেয়।
তীব্র ধাক্কার কারণে ট্রেনের বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়। জরুরি উদ্ধারকারী দলগুলো দ্রুত দুর্ঘটনাস্থলে ছুটে যায়। উদ্ধারকর্মীরা ট্রেনের ধ্বংসাবশেষ পরিষ্কার এবং সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে কাজ করেন।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনের ক্ষতিগ্রস্ত বগিগুলো সরিয়ে নেওয়া এবং কায়রো-আপার ইজিপ্ট রেললাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করার প্রচেষ্টা চলছে। তবে ট্রেন চলাচল কতক্ষণ বন্ধ থাকতে পারে সে সম্পর্কে তারা সুনির্দিষ্ট কিছু জানায়নি।
দুই ট্রেনের সংঘর্ষের কারণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট জানা যায়নি এবং দুর্ঘটনা ঘটার পেছনের পরিস্থিতি বা কারণ সম্পর্কে কর্তৃপক্ষ আর কোনও বিস্তারিত তথ্য দেয়নি।
