লর্ডসে নেপালের বিপক্ষেও খেলবে বাংলাদেশ
নেপালের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন লিটন দাস, তাওহিদ হৃদয়রা।
ঐতিহ্যবাহী লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে আরেকটি ম্যাচ বাড়ল বাংলাদেশের। এমসিসির আয়োজনে আগামী বছর ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের পর নেপালের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়রা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, লর্ডসে আগামী ৩ জুন হবে দুই দলের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ। একই মাঠে পরে টি-টোয়েন্টি ব্লাস্টে মিডলসেক্সের ম্যাচও অনুষ্ঠিত হবে।
লর্ডসের মাঠে সেটিই হবে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। ২০১৮ সালের জুলাইয়ে নেদারল্যান্ডস ও নেপালের বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচের পর ক্রিকেটের ঐতিহ্যবাহী এই ভেন্যুতে আর কুড়ি ওভারের আন্তর্জাতিক ম্যাচ হয়নি।
আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে একটি করে টেস্ট খেলতে আগামী বছরের মে মাসে যুক্তরাজ্য সফরে যাবে বাংলাদেশ। শুরুতে সফরটি ছিল শুধু ইংল্যান্ডের বিপক্ষে একটি মাত্র টেস্টের। পরে এর সঙ্গে যোগ হয় আইরিশদের বিপক্ষে আরেকটি টেস্ট।
চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়েই সফর শুরু করবে বাংলাদেশ। ওই ম্যাচ শুরুর দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। পরে লর্ডসে ২৮ মে শুরু হবে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট। ওই ম্যাচ শেষ করেই দেশে ফেরার কথা ছিল বাংলাদেশের ক্রিকেটারদের।
এখন ওই সফরে বাড়ল একটি ম্যাচ।
এমসিসি আয়োজিত এই ইংল্যান্ড সফরে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষেও খেলবে নেপাল। শুরুতে স্কটিশদের বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচ। এরপর বাংলাদেশের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি। সবশেষে আইরিশদের বিপক্ষে এক ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলবে তারা।
লর্ডসে মুখোমুখি হওয়ার আগে নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। নেপালের কীর্তিপুরে আগামী বছরের ২৬, ২৮ ও ৩০ মার্চ হবে ম্যাচ তিনটি।
