১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

মাঠে ফেরার অপেক্ষা বাড়ছে বেথেলের

ইংল্যান্ডের এই ব্যাটসম্যান দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেছেন এবং আগামী বছরের আইপিএলে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন।

মাঠে ফেরার অপেক্ষা বাড়ছে বেথেলের

জেকব বেথেল। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Nov 2026, 12:14 AM

Updated : 18 Nov 2026, 12:14 AM

হাঁটুর চোটে আগামী মাসে দক্ষিণ আফ্রিকায় ইংল্যান্ডের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন জেকব বেথেল। এছাড়া ২০২৭ সালের অ্যাশেজ ও ওয়ানডে বিশ্বকাপের আগে পুরোপুরি সুস্থ হয়ে ওঠার লক্ষ্যে আগামী বছরের আইপিএলে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের এই ব্যাটসম্যান।

গত জুলাই থেকেই মাঠের বাইরে রয়েছেন বেথেল। শুরুতে ধারণা করা হয়েছিল, হয়তো এক মাসের মধ্যে ফিরতে পারবেন তিনি। তবে বিশেষজ্ঞরা তার হাঁটুতে ‘কার্টিলেজ’ সংক্রান্ত সমস্যা শনাক্ত করেন, যার জন্য অস্ত্রোপচারের প্রয়োজন পড়ে। এই মাসের অস্ট্রেলিয়া সফরে ইংল্যান্ডের সীমিত ওভারের সিরিজে তার ফেরার কথা থাকলেও, ব্যথা থাকায় ও ফোলাভাবের কারণে সেই পরিকল্পনা পিছিয়ে যায়।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দা টেলিগ্রাফ’-এর প্রতিবেদন অনুযায়ী, বেথেলের আরও একটি অস্ত্রোপচারের প্রয়োজন হবে, ফলে দক্ষিণ আফ্রিকায় ইংল্যান্ডের টেস্ট সিরিজ থেকে তিনি নিশ্চিতভাবেই বাদ পড়ছেন।

ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো জানতে পেরেছে যে, আগামী বছরের আইপিএলেও অংশ নেবেন না বেথেল। মঙ্গলবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গতবারের স্কোয়াড থেকে তাকে ছেড়ে দেওয়ার পর, ডিসেম্বরের নিলামেও তিনি নাম দিচ্ছেন না। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে আলোচনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে অ্যাশেজ ও বিশ্বকাপসহ আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত একটি বছরের জন্য নিজেকে পুরোপুরি প্রস্তুত করতে পারেন তিনি।

আইপিএলে কাটানো দুটি মৌসুম নিয়ে বেথেল ইতিবাচক মন্তব্য করলেও, সেখানে তার পর্যাপ্ত খেলার সুযোগ না পাওয়াটা ইংলিশ ক্রিকেটে সবসময়ই আলোচনার বিষয় ছিল। আইপিএলে নিজের প্রথম মৌসুমে তিনি কেবল দুটি ম্যাচ খেলার সুযোগ পান, ভারতে থাকায় জিম্বাবুয়ের বিপক্ষে ইংল্যান্ডের টেস্ট ম্যাচেও তিনি খেলতে পারেননি।