ওয়ানডে সিরিজ শেষ প্রাসিধের
নিউ জিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে শেষ চার দিনের ম্যাচটিতে খেলবেন এই পেসার।
নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে শেষ পর্যন্ত ছিটকেই গেছেন প্রাসিধ কৃষ্ণা। হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকা এই পেসারের ম্যাচ খেলার মতো অবস্থায় ফিরতে আরও সময় প্রয়োজন বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই।
আগামী ৪ থেকে ১৫ নভেম্বর হবে ওয়ানডে সিরিজ। এরপর ১৯ নভেম্বর শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ।
টেস্ট সিরিজের জন্য প্রাসিধকে পুরোপুরি প্রস্তুত রাখতে চায় ভারত। ম্যাচে বোলিংয়ের ধকল সামাল দেওয়ার অবস্থায় ফিরতে তাকে আরও সময় দিতে চায় বোর্ড।
ওয়ানডে সিরিজ থেকে ছিটকে পড়ায় নিউ জিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ভারত ‘এ’ দলের হয়ে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন প্রাসিধ। তৃতীয় ও শেষ চার দিনের ম্যাচটিতে খেলবেন তিনি।
প্রাসিধের বদলি হিসেবে এখনও দলে কাউকে নেয়নি ভারত।
গত ৩০ সেপ্টেম্বর গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে পাঁচ ওভার বোলিং করার পর মাঠ ছাড়তে হয় প্রাসিধকে। এরপর জানা যায়, বাঁ হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন তিনি। সেই থেকে মাঠের বাইরে আছেন এই ক্রিকেটার।
ওয়ানডে সিরিজে জাসপ্রিত বুমরাকেও পাচ্ছে না ভারত। কেবল টেস্ট সিরিজেই খেলবেন এই পেসার। তবে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে শেষ চার দিনের ম্যাচে তার খেলারও সম্ভাবনা রয়েছে।
প্রথম ওয়ানডের জন্য ভারতীয় দলের সঙ্গে থাকবেন নিতিশ কুমার রেড্ডি। ওই ম্যাচের পর চার দিনের শেষ ম্যাচের জন্য ভারত ‘এ’ দলে যোগ দেবেন তিনি। টেস্ট সিরিজের আগে তাকে লাল বলের ম্যাচ খেলার সুযোগ করে দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।
