ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নাহিদ রানা
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বাংলাদেশের ফাস্ট বোলার নাহিদ রানা।
মাঠে ফেরার অভিযানে আবার ধাক্কা খেয়েছেন নাহিদ রানা। চোট কাটিয়ে পূর্ণ উদ্যমে বোলিংয়ে ফিরলেও, ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বাংলাদেশের গতিময় এই পেসার। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার চিকিৎসা চলছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরি নিশ্চিত করেছেন এই খবর।
“গত কয়েক দিন ধরে জ্বরে ভুগছিলেন নাহিদ রানা। পরবর্তীতে পরীক্ষা করানো হলে রিপোর্টে ডেঙ্গু পজিটিভ আসে। তাই তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর আমরা পরবর্তী অবস্থা বুঝতে পারব।”
ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে নাহিদের ফেরার সম্ভাবনা শেষই হয়ে গেল বলা যায়। কিম্বার্লিতে আগামী ১০ ডিসেম্বর শুরু হবে ক্ষুদ্রতম সংস্করণের এই সিরিজ। বিসিবির প্রধান চিকিৎসক অবশ্য এখনই এই বিষয়ে কিছু বলতে চাননি।
গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরের পর থেকে মাঠের বাইরে নাহিদ। শুরুতে সাইড স্ট্রেইনে ভোগেন তিনি। যে কারণে তাকে ছাড়াই অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে হয় বাংলাদেশকে।
পরে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট দিয়ে ফেরার লক্ষ্যে চলতে থাকে তার পুনর্বাসন। এর মাঝেই পিঠের নিচের দিক ও শ্রোণিদেশে ব্যথা টের পান তরুণ এই পেসার। যা কমিয়ে দেয় বোলিংয়ের শক্তি।
স্ট্রেংথ ও ফ্লেক্সিবিলিটি কমে যাওয়ার কারণে পূর্ণ মাত্রায় বোলিং করতে পারছিলেন না তিনি। বোলিংয়ের সেই শক্তি ফেরানোর লক্ষ্যে শুরু হয় নতুন পুনর্বাসন প্রক্রিয়া। দেশে কিছু পরীক্ষা-নিরীক্ষার পর সব কিছু বিবেচনা করে পাঠানো হয় অস্ট্রেলিয়ায় বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে।
সফলভাবে পুনর্বাসন প্রক্রিয়া শেষ করার পর, প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে মাঠে ফেরার সবুজ সংকেতও পান নাহিদ। তবে কোনোরকম ঝুঁকি না নেওয়ার জন্যই তাকে আরও কিছুটা সময় দেয় টিম ম্যানেজমেন্ট। আশা ছিল, টি-টোয়েন্টি সিরিজে গতিতারকাকে ফিরে পাওয়ার।
নতুন করে এবার ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় সেই সম্ভাবনাও নেমে গেল শূন্যের কোটায়। তাই এখন ডেঙ্গু থেকে সুস্থ হওয়ার পর, হয়তো সামনের ডি থ্রি (ডমেস্টিক থ্রি) ট্রফির টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়েই ফেরা হবে নাহিদের। বরিশালে আগামী ১৫ ডিসেম্বর শুরু হবে ওই প্রতিযোগিতা।
