আওয়ামী লীগকে প্রথমে ক্ষমা চাইতে হবে: সাইফুল হক
“কৃষক কিনতেও ঠকবে, বেচতেও ঠকবে—এই ব্যবস্থা চলতে পারে না।”
রাজনীতিতে ফিরতে হলে আওয়ামী লীগকে প্রথমে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
তিনি বলেছেন, “ক্ষমতায় থেকে ফ্যাসিবাদীরা সন্ত্রাস করেছে; এখন ক্ষমতা থেকে ছিটকে পড়েও তারা সন্ত্রাস করছে। সন্ত্রাসের পথে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবে না।
“রাজনীতিতে ফিরতে হলে আওয়ামী লীগকে অপরাধের দায় নিয়ে প্রথমে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে।”
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিপ্লবী কৃষক সংহতি আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন বলে দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সারের ডিলারশিপে দুর্নীতি ও দলীয়করণ বন্ধ, কৃষি বাজারের সংস্কার, কৃষকের জন্য নিরবচ্ছিন্ন ও সাশ্রয়ী বিদ্যুৎ নিশ্চিত করা, কৃষিপণ্যের ন্যায্য মূল্য দেওয়া এবং কৃষি ও কৃষক রক্ষাসহ বিভিন্ন দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাইফুল হক বলেন, “কৃষককে বাঁচাতে হলে সার ও কৃষি উপকরণের মূল্য কমানোর পাশাপাশি কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে। কৃষক কিনতেও ঠকবে, বেচতেও ঠকবে—এই ব্যবস্থা চলতে পারে না।
“দেশের বিভিন্ন এলাকায় কৃষকের মধ্যে সারের তীব্র সংকট চলছে। সারের ডিলারশিপে টেন্ডার, দলীয়করণ ও দলবাজির কারণে কৃষক ন্যায্য দামে সার পাচ্ছেন না। ১ হাজার থেকে ১ হাজার ১০০ টাকার সার কোথাও কোথাও ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ধরনের দুর্নীতি ও অনিয়ম অবিলম্বে বন্ধ করতে হবে।”
তিনি বলেন, “সার কৃষকের কাছে উপযুক্ত মূল্যে পৌঁছাতে না পারলে কৃষি উৎপাদন মার খাবে এবং দেশের খাদ্য নিরাপত্তা ও খাদ্য সার্বভৌমত্ব ঝুঁকির মধ্যে পড়বে।”
ক্ষমতাসীন প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সার বিতরণে কোনো ধরনের দলীয়করণ বা আত্মীয়করণ করা যাবে না।
বিদ্যুৎ নিয়ে কৃষকের দুর্ভোগের কথা তুলে ধরে সাইফুল হক বলেন, “বিদ্যুতের সংকটের পাশাপাশি ভুতুড়ে বিল কৃষকের জন্য নতুন মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে। অনেক গ্রাহকের ওপর দ্বিগুণ, তিনগুণ এমনকি পাঁচগুণ পর্যন্ত অস্বাভাবিক বিল চাপিয়ে দেওয়া হচ্ছে।
“বিদ্যুৎ নিয়ে হয়রানি ও আমলাতান্ত্রিকতা বন্ধ করতে হবে এবং অতিরিক্ত ও অনিয়মিত বিলের সঙ্গে জড়িত কর্মকর্তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।”
বিপ্লবী কৃষক সংহতির কেন্দ্রীয় নেতা মাহবুবুল করিম টিপুর সভাপতিত্বে এবং মাসুদুর রহমান মাসুদের পরিচালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন বিপ্লবী শ্রমিক সংহতির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফুল ইসলাম ও খেতমজুর ইউনিয়ন নেতা সজীব সরকার রতন।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জাতীয় প্রেস ক্লাব থেকে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
