কুষ্টিয়ায় বেড়েছে ডেঙ্গুর বিস্তার, পৌরসভার নাগরিক সেবা নিয়ে আক্ষেপ
চলতি বছরের জুন থেকে নভেম্বর পর্যন্ত কুষ্টিয়ায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ৬ জনের।
হাসান আলী॥ কুষ্টিয়া প্রতিনিধি. বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
কুষ্টিয়ায় ডেঙ্গু আক্রান্তের ঊর্ধ্বগামী পরিসংখ্যান জেলাবাসীকে চরম উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে ফেলেছে। এরমধ্যে হটস্পটখ্যাত কুষ্টিয়া পৌর এলাকায় এইডিস মশা বাহিত ডেঙ্গুর বিস্তারের জন্য পৌরসভার নাগরিক সেবার ভঙ্গুর দশাকে দুষছেন পৌরবাসী।
২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালসহ ৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য নিয়ে কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানে দেখা যায়, চলতি বছরের জুন থেকে নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে গুরুতর অবস্থায় ২ হাজারের বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
কুষ্টিয়া সিভিল সার্জন শেখ মোহাম্মদ কামাল হোসেন বলেন, আরও ৬ মাস আগে থেকেই তার কার্যালয়ের পক্ষ থেকে ডেঙ্গু বিস্তারের সম্ভাব্যতা তুলে ধরে নানাভাবে জনসচেতনতা গড়ে তোলার কার্যক্রম চালানো হয়।
“কিন্তু কে শুনে কার কথা?”, হতাশা ব্যক্ত করে বলেন তিনি।
জুন থেকে নভেম্বর পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা গ্রহণের পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, ৫শ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৯৭২ জন, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ৬২৬, এবং দৌলতপুর ২৬০, ভেড়ামারায় ১২১, মিরপুরে ৮০, কুমারখালীতে ৬১ ও খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ৬৬ জন।
অধিক জটিল রোগীদের মধ্যে উন্নত চিকিৎসার জন্যে ঢাকা এবং রাজশাহীতে রেফার্ড করা হয়েছে ১৪ জনকে। এছাড়া একই সময়ের মধ্যে হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের পরামর্শে বাড়িতে অবস্থান করে ডেঙ্গু রোগের চিকিৎসা নিয়েছেন আরও অনেক রোগী।
এ সময়ের মধ্যে কুষ্টিয়ায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ৬ জনের। তবে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে ঢাকা বা রাজশাহীতে যাওয়া রোগীদের মৃত্যুর সংখ্যা যুক্ত হয়নি এখানে।
হিমশিম খাচ্ছেন হাসপাতালের চিকিৎসক-কর্মীরা
এদিকে জেলার সরকারি হাসপাতালগুলিতে ডেঙ্গু আক্রান্ত নারী পুরুষ ও শিশু রোগীর চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন হাসপাতালের চিকিৎসক, সহকারী ও কর্মীরা। প্রতিদিনই ডেঙ্গু ওয়ার্ডের নির্ধারিত শয্যা সংখ্যার অনেক বেশি রোগীকে চিকিৎসাসেবা দিতে হচ্ছে তাদের।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ইকবাল হাসান বলেন, “এই হাসপাতালে নারী পুরুষ ও শিশুদের জন্য পৃথকভাবে তিনটি ওয়ার্ড রাখা হয়েছে শুধুমাত্র ডেঙ্গু আক্রান্ত রোগীর চিকিৎসা সেবা দেয়ার জন্য। সেখানে প্রতিদিনই ছাড়পত্র দেয়ার তুলনায় ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে দ্বি-গুণ বা তিনগুণ হারে।”
তিনি বলেন, “কেবলমাত্র যেসব রোগীর রক্তের প্লাটিলেট একেবারেই ঝুঁকিপূর্ণ এবং আইসিইউ সাপোর্টের পর্যায়ে এসে দাঁড়াচ্ছে তাদেরই ভর্তি নেয়া হচ্ছে। এর বাইরে যে রোগীর অবস্থা মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যে তাদের পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসা পত্র দেয়া হচ্ছে বাড়িতে থেকে চিকিৎসা নেয়ার জন্য।”
পৌরসভার নাগরিক সেবা নিয়ে আক্ষেপ
এদিকে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৯০ ভাগই এসেছে শহরাঞ্চলের থানাপাড়া এলাকা থেকে।
এ বিষয়ে পৌর এলাকাধীন চরথানাপাড়া ও আমলাপাড়ার বস্তি অঞ্চলের মধ্যদিয়ে অর্ধডজনের অধিক অরক্ষিত ড্রেনেজ আউটলেটকে ডেঙ্গুবাহী এইডিস মশার আদর্শ উৎপাদন ক্ষেত্র বলছেন বাসিন্দারা।
কুষ্টিয়া পৌরসভার ১ নং ওয়ার্ড থানাপাড়া এলাকার বাসিন্দা গণমাধ্যমকর্মী শরীফ উদ্দিন বিশ্বাস উদ্বেগ ও শংকা প্রকাশ করে বলেন, “পৌর এলাকার নাগরিক হিসেবে ডেঙ্গুর মৃত্যুকূপে পরিবার পরিজন নিয়ে প্রহর গুনছি। নাগরিক হিসাবে পৌর কোষাগারে করের যোগান দিলেও বিনিময়ে পৌর নাগরিক সেবার কার্যক্রম তলানীতে।
“বড় সমস্যা হয়ে গেছে, অভিযোগ করবো কাকে? নামকাওয়াস্তে পদ পদবীধারী পৌর কর্তৃপক্ষ থাকলেও নাগরিক সেবায় কোনো কার্যকারিতাই নেই।”
আক্ষেপ করে তিনি বলেন, “অবস্থা এমন দাঁড়িয়েছে, এখন নাগরিক অধিকারের দাবি করছি না; বরং করজোড়ে মিনতি করে বলছি- দয়া করে ডেঙ্গুর আগ্রাসনমুক্ত জীবন যাপনে কিছু একটা করে আমাদের শঙ্কামুক্ত করুন।”
এ বিষয়ে কুষ্টিয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা রেশমা খাতুনের সঙ্গে মোবাইলে কথা হলে তিনি একটি প্রশিক্ষণে আছেন জানিয়ে নির্বাহী প্রকৌশলী সোহেল রানার সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।
পরে নির্বাহী প্রকৌশলী মো. সোহেল রানা মোবাইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পৌর এলাকার সুয়ারেজ ও পয়ঃনিষ্কাশনের প্রধান ৫টি ড্রেনেজ আউটলেট রয়েছে হরিপুর সেতুর কাছ থেকে বড়বাজার ঘাট পর্যন্ত।
“দুঃখের বিষয় ডেঙ্গুর হটস্পট হিসেবে চিহ্নিত এই চর থানাপাড়ার গোটা এলাকাজুড়েই ঘন বসতি বস্তি এলাকা। ফলে মশা নিধনে পৌরসভার পক্ষ থেকে নেয়া নানা উদ্যোগ থাকলেও কাঙ্খিত সুফল পাচ্ছি না। এসব ড্রেনেজের উপর ঘরবাড়ি করে ফেলায় অধিকাংশই আর সচল নেই। এতে জলাবদ্ধতাসহ সব রকমের স্বাস্থ্য ঝুঁকির উর্বরভূমিতে পরিণত হয়েছে থানাপাড়া এলাকা।”
বিষয়টি এরইমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে জানিয়ে তিনি বলেন, “জেলা প্রশাসন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত ডিজি স্যার পরিদর্শন করেছেন। খুব শীঘ্রই ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে।”
