২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৯৪৯

সরকারের হিসাবে, চলতি বছর এইডিস মশাবাহিত এ রোগে দেশে ৫৩০ জনের মৃত্যু হলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Nov 2026, 06:31 PM

Updated : 28 Nov 2026, 06:31 PM

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু এবং ৯৪৯ জনের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন ময়মনসিংহ বিভাগে এবং একজন ঢাকা বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

সরকারের হিসাবে, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৫৩০ জনের মৃত্যু হলো।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এইডিস মশাবাহিত এ রোগে ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২৫ জন।

অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ৯৫ জন, চট্টগ্রামে ১৮৯ জন, খুলনায় ১১২ জন, ময়মনসিংহে ৩৫ জন, রাজশাহীতে ৫৮ জন, রংপুরে ৩৩ জন ও সিলেটের বিভিন্ন হাসপাতালে ২ জন ভর্তি হয়েছেন।

চলতি বছর এক লাখ ৭৯ হাজার ৭০৮ জন ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৭৪ হাজার ৭১৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

গেল বছর ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মত।