ডেঙ্গুতে নভেম্বরের প্রথম দিনেই ৮ মৃত্যু
এইডিস মশাবাহিত এ রোগে গত অক্টোবর মাসে বছরের সর্বোচ্চ ১৭৪ জনের প্রাণ গেছে।
দেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও আট জনের মৃত্যু হয়েছে। এই সময়ে আরও ১ হাজার ৯২৯ জন হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছর এ নিয়ে ডেঙ্গুতে মোট ৪২৭ জনের প্রাণ গেল। এর মধ্যে গত অক্টোবর মাসে ১৭৪ জনের এবং সেপ্টেম্বর মাসে ১৪৮ জনের মৃত্যু হয়।
অধিদপ্তরের রোববারের বুলেটিনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৮৩১ জন হাসপাতালে ভর্তি হয়েছে। অন্য বিভাগের মধ্যে বরিশালে ২১৩ জন, চট্টগ্রামে ২৫৭ জন, খুলনায় ২৫৯ জন, ময়মনসিংহে ৯২, রাজশাহী ১৮৫, রংপুরে ৭৩ জন এবং সিলেট বিভাগে ১৯ জন ভর্তি হয়েছেন।
তাদেরসহ চলতি বছর এ পর্যন্ত মোট ১ লাখ ৩৬ হাজার ৯২৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ১ লাখ ৩০ হাজার ৩৮৮ জন রোগী হাসপাতাল ছেড়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
গত বছর ডেঙ্গুতে মৃত্যু হয় ৪ শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের বেশি।
