ডেঙ্গুতে নভেম্বরের ছয় দিনেই ৩৬ মৃত্যু
এইডিস মশাবাহিত রোগটিতে গত একদিনে আরও ৩ জনের মৃত্যু হয়েছে।
দেশে গত এক দিনে এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে আরও ১৫৩৫ জন হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছর এ নিয়ে ডেঙ্গুতে মোট ৪৫৫ জনের প্রাণ গেল; এর মধ্যে চলতি নভেম্বরের প্রথম ছয় দিনেই ৩৬ জনের প্রাণ গেছে। এর আগে অক্টোবর মাসে ১৭৪ জনের এবং সেপ্টেম্বর মাসে ১৪৮ জনের মৃত্যু হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের শুক্রবারের বুলেটিনে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ঢাকা বিভাগে ৭২১ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। অন্য বিভাগের মধ্যে বরিশালে ২৪৩ জন, চট্টগ্রামে ২৭৫ জন, খুলনায় ১৬১ জন, ময়মনসিংহে ৮৮, রাজশাহী ১০৪, রংপুরে ৪৩ জন ভর্তি হয়েছেন।
তাদের নিয়ে চলতি বছর মোট ১ লাখ ৪৫ হাজার ৯০৬ জন রোগী হাসপাতালে ভর্তি হলেন। এর মধ্যে ১ লাখ ৩৯ হাজার ৬৭৮ জন রোগী হাসপাতাল ছেড়েছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৭৭৩ জন রোগী ভর্তি রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
গত বছর ডেঙ্গুতে মৃত্যু হয় ৪ শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের বেশি।
