সাবেক রাষ্ট্রদূত আফসারুল কাদের মারা গেছেন
ইন্দোনেশিয়া ও কেনিয়ার রাষ্ট্রদূত ছিলেন তিনি।
সাবেক রাষ্ট্রদূত আফসারুল কাদের মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৫।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শুক্রবার রাত ২টা ১০ মিনিটে তার মৃত্যু হয় বলে শ্যালক সোহাইল আহমেদ জানিয়েছেন।
শনিবার জোহরের পর ধানমন্ডি ৭ নম্বর রোডে জানাজা শেষে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব আফসারুল কাদেরের স্ত্রী ও দুই মেয়ে রয়েছে। তার চার ভাই মুক্তিযোদ্ধা ছিলেন। দুই ভাই মুক্তিযুদ্ধে অংশ নিয়ে শহীদ হন। তার ভাই আকরামুল কাদেরও সাবেক রাষ্ট্রদূত।
আফসারুল কাদের ১৯৬৯ সালে পাকিস্তান ফরেন সার্ভিসে যোগ দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ মিশনে বিভিন্ন দায়িত্ব পালন করেন। ১৯৯৫ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত কেনিয়ায় রাষ্ট্রদূত এবং ১৯৯৮ থেকে ২০০২ সাল পর্যন্ত ইন্দোনেশিয়ায় রাষ্ট্রদূত ছিলেন তিনি।
এর আগে ১৯৯২ সালের মে থেকে অক্টোবর পর্যন্ত তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিস) মহাপরিচালকের দায়িত্ব পালন করেন।
