আরাকান আর্মির হাতে আটক ৪১ জেলে দেশে ফিরলেন
জেলেরা বিভিন্ন সময়ে নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে আটক হয়েছিলেন।
মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক ৪১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছেন।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাংলাদেশ-মিয়ানমার ট্রানজিট জেটিঘাট দিয়ে তাদের দেশে ফিরিয়ে আনে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
পরে সেখানে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।
ফেরত আসা জেলেদের বাড়ি টেকনাফের বিভিন্ন এলাকায়। তারা বিভিন্ন সময়ে নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে আটক হয়েছিলেন।
বিজিবি অধিনায়ক বলেন, মাছ ধরতে গিয়ে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পেরিয়ে দেশটির জলসীমায় ঢুকে পড়ায় তাদের আটক করে আরাকান আর্মি। বিজিবির চেষ্টায় ৪১ জেলেকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। তবে জেলেদের ফেরত দিলেও তাদের মাছ ধরার নৌকাগুলো ফেরত দেয়নি আরাকান আর্মি। যাচাই-বাছাই শেষে জেলেদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ফিরে আসা জেলেদের একজন শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়ার বাসিন্দা মোহাম্মদ জলিল। তিনি বলেন, পাঁচ মাস আগে নাফ নদীতে মাছ ধরতে গিয়ে আরাকান আর্মির হাতে আটক হন তিনি। তাদের নৌকাটি রাখাইনের নাইক্ষ্যংদিয়ার কাছে থাকাকালে একটি স্পিডবোট দিয়ে ধাওয়া করে আটক করা হয়। পরে তাদের রাখাইন রাজ্যের বিভিন্ন ক্যাম্পে রাখা হয়েছিল।
টেকনাফের শামলাপুর এলাকার বাসিন্দা আলী হোসেন বলেন, তারা সাগরে মাছ ধরতে যান। একপর্যায়ে ট্রলারের ইঞ্জিন নষ্ট হয়ে যায়। প্রায় ১২ দিন সাগরে ভেসে থাকার পর ট্রলারটি মিয়ানমারের জলসীমায় চলে যায়। তখন আরাকান আর্মি তাদের ট্রলারসহ আটক করেন। পরে রাখাইনের চারমাইল এলাকার একটি জেলে ক্যাম্পে রাখা হয় তাদের।
দীর্ঘদিন পর দেশে ফিরতে পেরে বিজিবি ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
শাহপরীর দ্বীপের বাসিন্দা মোহাম্মদ ফাইসেল বলেন, প্রায় ছয় মাস আগে নাফ নদীতে মাছ ধরতে গিয়ে আটক হন তিনি। নদীতে বাংলাদেশের সীমানা চিহ্নিত করার কোনো ব্যবস্থা না থাকায় কখন যে তারা মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়েছেন, তা বুঝতে পারেননি। ছয় মাস বন্দি থাকার পর দেশে ফিরতে পেরে ভালো লাগছে তার।
সংবাদ সম্মেলনে বিজিবি অধিনায়ক বলেন, চলতি ২০২৬ সালে এ পর্যন্ত মোট ৩২৩ জন আটক বাংলাদেশি জেলেকে মিয়ানমার থেকে ফিরিয়ে আনা হয়েছে। তাদের অধিকাংশই গভীর সমুদ্রে মাছ ধরে ফেরার পথে আটক হয়েছিলেন। বাকি জেলেদেরও দেশে ফিরিয়ে আনতে বিজিবির চেষ্টা চলছে।
তিনি বলেন, দেশের সীমান্তের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি কাজ করে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে বিজিবির উপ-অধিনায়ক মেজর মো. মঈনুল আলম, টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমানসহ বিজিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
