পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু
শুক্রবার বিকালে উপজেলার মালঞ্চি ইউনিয়নের সোনাপাতি বিলে এ ঘটনা ঘটে।
পাবনা সদর উপজেলায় একটি বিলে বজ্রপাতে শিশু-কিশোরসহ ছয়জনের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও তিনজন।
শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার গোবিন্দপুরের সোনাপাতি বিলে এ ঘটনা ঘটে বলে মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু জানান।
নিহতরা হলেন- মালঞ্চি ইউনিয়নের গজমতিকুণ্ডা এলাকার রবিউল ইসলামের ছেলে শাওন (২৪), নলমুড়া এলাকার ইসমাইল মোল্লার ছেলে রব্বেল মোল্লা (২০), শাহজাহান প্রামাণিকের ছেলে মিজানুর রহমান (১০), নাজিম উদ্দিনের ছেলে সাজিদ (১৪), শাহাদুলের ছেলে আব্দুল্লাহ (১৮) এবং ইবাদুলের ছেলে ইমন (১৪)।
কবির হোসেন বাবু বলেন, বেশ কিছু ছেলে একসঙ্গে বিলে মাছ ধরতে গিয়েছিল। এর মধ্যে বিকালে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। তখন তারা একটি মাচাং ঘরে আশ্রয় নিয়েছিল। ঘরটি ছিল পলিথিনের, তার মধ্যে একটি চৌকি ছিল। সেখানেই বজ্রপাত ঘটে।
চেয়ারম্যান বলেন, “বজ্রপাতে ঘটনাস্থলেই ছয়জন মারা গেছেন। বেশ কিছুটা সময় পর স্থানীয়রা বিষয়টি জানতে পারে। এলাকাটি দুর্গম। খবর পেয়ে আহত তিনজনকে আমরা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠিয়েছি। নিহতদের শরীর মারাত্মকভাবে পুড়ে গেছে।“
পাবনা সদর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর পরই দুর্গম ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধারসহ প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
