৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

পাবনায় বজ্রপাতে নিহত ৬ জনের একসঙ্গে জানাজা ও দাফন

শুক্রবার বিকালে কয়েকজন কিশোর ও তরুণ সোনাপাতিল (গোপিনাথপুর) বিলে বড়শি দিয়ে মাছ ধরতে যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 31 Oct 2026, 05:25 PM

Updated : 31 Oct 2026, 05:25 PM

পাবনার সদর উপজেলায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ছয়জনের একসঙ্গে জানাজা ও দাফন হয়েছে।

শনিবার সকাল ১০টায় উপজেলার মালঞ্চি ইউনিয়নের মহাদেবপুর গোরস্থান মাঠে তাদের জানাজা হয়। পরে একই কবরস্থানে তাদের দাফন করা হয় বলে জানিয়েছেন পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. তামারা তাসবিহা।

নিহতরা হলেন- মালঞ্চি ইউনিয়নের ভাই ভাই মোড় এলাকার শাহাবুলের ছেলে আব্দুল্লাহ (২১), নলমুড়া গ্রামের ইসমাইল মোল্লার ছেলে রব্বেল (২২), গজমতিকুন্ডা গ্রামের রবিউলের ছেলে শাওন (২২), নলমুড়া গ্রামের শাহজাহানের ছেলে মিজান (১২), একই গ্রামের নাজিম উদ্দিনের ছেলে সাজিদ (১০) ও ইবাদুলের ছেলে ইমন (১৪)।

জানাজায় স্বজন ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। এ সময় কান্নায় ভেঙে পড়েন নিহতদের পরিবারের সদস্যরা।

পুলিশ জানায়, শুক্রবার বিকালে কয়েকজন কিশোর ও তরুণ সোনাপাতিল (গোপিনাথপুর) বিলে বড়শি দিয়ে মাছ ধরতে যান। বিকাল সাড়ে ৪টার দিকে বৃষ্টি শুরু হলে তারা বিলের মাঝখানে একটি টং ঘরে আশ্রয় নেন। কিছুক্ষণ পর সেখানে বজ্রপাত হলে ঘটনাস্থলেই ছয়জন মারা যান।

এ ঘটনায় আরও তিনজন আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে নেন।

প্রথমে আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন।

মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহমেদ বাবু বলেন, শুক্রবার রাতে জেলা প্রশাসক আমিনুল ইসলামের উপস্থিতিতে নিহতদের পরিবারকে দাফন ও জরুরি খরচের জন্য ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে। আহতদের পরিবারকে চিকিৎসার জন্য ২৫ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে।

ইউএনও মোছা. তামারা তাসবিহা বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আরও সহায়তার প্রয়োজন হলে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।

পুরনো খবর:

পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু