বগুড়ায় রাতে মাছ ধরতে যাওয়া ট্রাকচালকের লাশ মিলল সকালে
ওসি বলেন, প্রাথমিক দৃষ্টিতে দৃশ্যমান আলামত দেখে বিষয়টিকে হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে না।
বগুড়ায় রাতে মাছ ধরতে যাওয়া এক ট্রাকচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার ছোট বেলাইল ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী।
মারা যাওয়া সাজ্জাদ আলী (৫২) শাজাহানপুর উপজেলার আবেদ আলীর ছেলে।
স্থানীয় বাসিন্দা হাসেন আলী বলেন, মাছ ধরার জন্য রাতে তিনি বাড়ি থেকে বের হয়েছিলেন। পরে সকালে জমির মধ্যে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়া হয়।
বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী বলেন, বুধবার সকালে খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য লাশটি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি বলেন, ঘটনাস্থল থেকে মাছ ধরার ফালি, একটি ব্যাগে কিছু মাছ ও একটি টর্চলাইট পাওয়া যায়। এসব আলামত থেকে ধারণা করা হচ্ছে, মাছ ধরতে গিয়েই সেখানে তাঁর মৃত্যু হয়েছে।
প্রাথমিক দৃষ্টিতে দৃশ্যমান আলামত দেখে বিষয়টিকে হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে না; তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে পুলিশ কাজ করছে বলে জানান ওসি।
