১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় গভীর রাতে বিএনপি কার্যালয়ে আগুন, পুড়েছে আসবাবপত্র

বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়ন বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Nov 2026, 05:36 PM

Updated : 18 Nov 2026, 05:36 PM

নেত্রকোণার বারহাট্টা উপজেলায় বিএনপির এক কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে; এতে কার্যালয়ের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে।

মঙ্গলবার রাত ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে চিরাম ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে বারহাট্টা থানার ওসি চম্পক দাম জানিয়েছেন।

পুলিশ জানায়, গভীর রাতে কে বা কারা চিরাম ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে ভেতরে থাকা চেয়ার-টেবিল, ব্যানার ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়।

খবর পেয়ে বিএনপির স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসেন। পরে বারহাট্টা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

বারহাট্টা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল অভিযোগ করে বলেন, “রাতের আঁধারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুষ্কৃতকারীরা আমাদের ইউনিয়ন কার্যালয়ে আগুন লাগিয়েছে।”

বারহাট্টা থানার ওসি চম্পক দাম বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রাতে কে বা কারা বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”