২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ, পুড়ল ব্যানার-ফেস্টুন

“সারাদেশে আওয়ামী লীগ আগুন সন্ত্রাস শুরু করেছে, এরই ধারাবাহিকতায় গত রাতে নন্দীগ্রামে দলীয় কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Nov 2026, 05:40 PM

Updated : 25 Nov 2026, 06:15 PM

বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এতে কার্যালয়ের সামনে থাকা কয়েকটি দলীয় ব্যানার ও ফেস্টুন পুড়ে গেছে।

মঙ্গলবার রাতে নন্দীগ্রাম ফিলিং স্টেশন এলাকায় অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার জানিয়েছেন।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার বলেন, সারাদেশে আওয়ামী লীগ আগুন-সন্ত্রাস শুরু করেছে। এরই ধারাবাহিকতায় গত রাতে নন্দীগ্রামে দলীয় কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে।

এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, দুই থেকে তিনজন অজ্ঞাত পরিচয় যুবক বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আগুন দিচ্ছে। এতে কার্যালয়ের সামনে থাকা কয়েকটি দলীয় ফেস্টুন ও ব্যানার পুড়ে যায়।

এদিকে বুধবার সকাল ১০টার দিকে উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করে নন্দীগ্রাম থানা পুলিশ।

এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার বলেন, “সারাদেশে আওয়ামী লীগ আগুন সন্ত্রাস শুরু করেছে, এরই ধারাবাহিকতায় গত রাতে নন্দীগ্রামে দলীয় কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে।

“এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

নন্দীগ্রাম থানার ওসি তারিকুল ইসলাম বলেন, বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।