২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

নির্ভীকভাবে পর্যবেক্ষণের ক্ষমতা ছিল তৌফিকের: বিচারপতি আবু তাহের

“আমার বন্ধুর লাল টুকটুকে স্বপ্ন ছিল বিডিনিউজ,” বলেন তিনি।

নির্ভীকভাবে পর্যবেক্ষণের ক্ষমতা ছিল তৌফিকের: বিচারপতি আবু তাহের

স্মরণসভায় তৌফিক ইমরোজ খালিদীকে নিয়ে স্মৃতিচারণ করেন বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Nov 2026, 12:27 AM

Updated : 27 Nov 2026, 12:27 AM

বিডিনিউজ টোয়েন্টিফোর ডট্কমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর নির্ভীকভাবে পর্যবেক্ষণের ক্ষমতা ছিল বলে মন্তব্য করেছেন অবসরপ্রাপ্ত বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান।

তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় জীবন থেকে দেখেছি একটা জিনিসকে ভয়ভীতির উর্ধ্বে উঠে নির্ভীকভাবে পর্যবেক্ষণ করার ক্ষমতা ছিল তৌফিকের।”

বৃহস্পতিবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদকের স্মরণসভায় স্মৃতিচারণ করছিলেন তিনি।

‘তুমি রবে নীরবে হৃদয়ে মম: তৌফিক ইমরোজ খালিদী স্মরণসভা’ শিরোনামে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পরিবারের এ আয়োজনে উপস্থিত ছিলেন, মন্ত্রী, রাজনীতিক, সাংবাদিক, শিক্ষক, কবি-সাহিত্যিক, সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন অঙ্গনের মানুষ। ছিলেন তার বন্ধু, সহকর্মী ও স্বজনরা।

তৌফিক ইমরোজ খালিদীর বন্ধু বিচারপতি আবু তাহের বলেন, “অন্যের চিন্তায় প্রভাবিত না হয়ে নিজের মতো স্বাধীন চিন্তা করার অসম্ভব ক্ষমতাও ছিল তৌফিকের। সে নিরপেক্ষভাবে অনেক ঘটনা নিজের মতো তদন্ত করতো। কী ঘটেছিল বা কীভাবে ঘটেছে এসব নিজের মতো করেই করত। এসব কাজে কোনো বায়াসনেস ছিল না।

“এসব গুণ তার মধ্যে অনেক আগে থেকেই দেখেছিলাম। এই গুণগুলোই একজন আদর্শ সাংবাদিকের মধ্যে খুঁজলে পাওয়া যাবে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সঙ্গে পড়া এবং তৌফিক ইমরোজ খালিদীর বন্ধু হয়ে ওঠার কথা স্মরণ করে তিনি বলেন, “আমরা দুজনই সলিমুল্লাহ হলের ছাত্র ছিলাম। তার কলেজের কিছু বন্ধু আইন অনুষদে পড়ত, তাদের মাধ্যমেই আমাদের পরিচয় এবং বন্ধুত্ব হয়। একসময় বন্ধুত্ব এমন স্তরে পৌঁছাল যে, সেটা চিরদিন অম্লান হয়ে থাকবে।

“এই বন্ধুটাকে দেখেছি, একটা ‘ম্যান অফ একশন অলওয়েজ’। তাকে কখনো স্থির থাকতে দেখি নাই। সারাক্ষণ যেন মনে হচ্ছে ‘ড্যান্সিং’ করছে।”

ইংল্যান্ডের স্মৃতিচারণ করে বিচারপতি আবু তাহের বলেন, “পড়াশোনা শেষে আইন পেশায় চলে যাই। ১২ বছর আবার পড়াশোনা করতে ইংল্যান্ড গিয়েছিলাম। এরমধ্যে একদিন রাস্তায় হাঁটছি, পিছন থেকে হঠাৎ একজন জড়িয়ে ধরল। আমি ভাবতেই পারি নাই, এতদিন পর এই ইংল্যান্ডের রাস্তায় আমার বন্ধুকে এভাবে পাবো।”

তিনি বলেন, “ইংল্যান্ডে তখন সব লেখাপত্র কম্পিউটারে শুরু হয়েছে। কিন্তু আমাদের সব কিছু ছিল হাতে লেখার, কম্পিউটারে লেখালেখির মতো সেভাবে স্কিল হয়নি আর অভ্যস্থও না।

“একদিন বন্ধুকে (তৌফিক) বললাম, আমি তো সমস্যায় পড়ে গেলাম। আমার তো কম্পিউটার নাই। আমার এসাইনমেন্ট সমস্ত কিছু তো কম্পিউটারে। তোফিক বলল, ‘চিন্তা করিস না, সকালে পেয়ে যাবি’। এবং সকালে দেখলাম সে কম্পিউটারটা পাঠিয়ে দিয়েছে। তার নিজের ব্যবহার করা কম্পিউটারটা আমার কাছে দিয়েছে। এই ছিল আমার বন্ধু।”

প্রতুল মুখোপাধ্যায়ের বিখ্যাত গান ‘বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্ন বেচো না’র পঙক্তির সঙ্গে মিলিয়ে তিনি বলেন, “আমার বন্ধুর লাল টুকটুকে স্বপ্ন ছিল বিডিনিউজ।”

সবাই যেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ধারণ করে, সেই আহ্বান জানান এই বিচারপতি।