১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

বাজারে এল হোন্ডার নতুন ডিও স্কুটার

স্কুটারটির দাম করা হয়েছে ১ লাখ ৫৭ হাজার টাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Oct 2026, 08:45 PM

Updated : 10 Oct 2026, 08:45 PM

দেশের বাজারে নতুন ডিও স্কুটার এনেছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড। ১১০ সিসির স্বয়ংক্রিয় গিয়ারযুক্ত স্কুটারটির দাম করা হয়েছে ১ লাখ ৫৭ হাজার টাকা।

শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠানে স্কুটারটি বাজারে আনার কথা তুলে ধরা হয়। এদিন থেকেই হোন্ডার ডিলার শোরুমগুলোতে বাহনটি পাওয়া যাচ্ছে।

হোন্ডার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এ স্কুটারে রয়েছে পিজিএম-এফআই ইঞ্জিন, যা ৮ হাজার আরপিএমে ১০ দশমিক ৮২ পিএস শক্তি এবং ৫ হাজার ৫০০ আরপিএমে ৯ দশমিক ০৩ নিউটন-মিটার টর্ক উৎপন্ন করে। এতে আইডলিং স্টপ সিস্টেম (আইএসএস), এসিজি সাইলেন্ট স্টার্টার, কম্বি ব্রেক সিস্টেম (সিবিএস) ও সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট-অফ সিস্টেম রয়েছে।

ম্যাট মার্ভেল ব্লু মেটালিক, ম্যাট অ্যাক্সিস গ্রে মেটালিক ও ইম্পেরিয়াল রেড মেটালিক- এ তিনটি রঙে পাওয়া যাচ্ছে স্কুটারটি।

এর আসনের উচ্চতা ৭৬৫ মিলিমিটার, প্রস্থ ৬৮০ মিলিমিটার এবং ওজন ১০১ দশমিক ৫ কেজি। এতে টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন ও ইউনিট সুইং রিয়ার সাসপেনশন রয়েছে।

দৈনন্দিন ব্যবহারের জন্য এতে আসনের নিচে ১৮ লিটারের স্টোরেজ, ওপেন গ্লাভবক্স, ফ্লোরবোর্ড স্পেস ও ১৫ ওয়াটের টাইপ-সি চার্জিং পোর্ট রয়েছে। এ ছাড়া আসন না খুলে জ্বালানি নেওয়ার জন্য এক্সটার্নাল ফুয়েল লিড এবং ডিআরএল হেডল্যাম্প রয়েছে।

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুসুমু মরিসাওয়া বলেন, তরুণদের পাশাপাশি নারী-পুরুষ এবং প্রথমবারের মতো স্কুটার চালানো ব্যক্তিদের দৈনন্দিন যাতায়াতের উপযোগী পরিবহন দিতে নতুন ডিও আনা হয়েছে।

চিফ মার্কেটিং অফিসার শাহ মুহাম্মদ আশেকুর রহমান বলেন, “স্বয়ংক্রিয় গিয়ার, কম আসনের উচ্চতা, হালকা ওজন ও কমপ্যাক্ট ডিজাইনের কারণে শহরের যানজটে স্কুটারটি সহজে নিয়ন্ত্রণ করা যায়। পিজিএম-এফআই প্রযুক্তি ও আইডলিং স্টপ সিস্টেম জ্বালানি ও খরচ সাশ্রয়ে সহায়তা করে।”

নতুন ডিওর সঙ্গে দুই বছর অথবা ২০ হাজার কিলোমিটারের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে। পাশাপাশি পাঁচটি ফ্রি সার্ভিস ও দুটি পেইড সার্ভিস রয়েছে।