১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে আগুনে পুড়ল কোচিং সেন্টারের বাস

বাসটি পুড়ে যাওয়ায় প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের যাতায়াত নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

রংপুরে আগুনে পুড়ল কোচিং সেন্টারের বাস

রংপুর নগরে লুমিনাস ক্যাডেট কোচিং সেন্টারের একটি মিনিবাস পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Nov 2026, 06:37 PM

Updated : 18 Nov 2026, 06:51 PM

রংপুর নগরে লুমিনাস ক্যাডেট কোচিং সেন্টারের একটি মিনিবাস আগুনে পুড়ে গেছে। তবে মালিক পক্ষের দাবি বাসাটিতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

বুধবার ভোররাতে নগরের পর্যটন মোড় এলাকায় কোচিং সেন্টারের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী।

বাসটি পুড়ে যাওয়ায় প্রতিষ্ঠানটির ৫০ আবাসিক শিক্ষার্থীর যাতায়াত ব্যবস্থা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার শিক্ষার্থীদের পরিবহন শেষে ২৮ আসনের মিনিবাসটি কোচিং সেন্টারের সামনে গ্যারেজে রাখা হয়। গভীর রাতে হঠাৎ বাসটিতে আগুন জ্বলতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাসটি সম্পূর্ণ ভস্মীভূত হয়।

কোচিং সেন্টারের পরিচালক নাহিদ ইকবাল মাসুম বলেন, ২২ বছর ধরে রংপুরে শিক্ষকতা করছেন তিনি। মানুষের সেবা ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার লক্ষে কাজ করে যাচ্ছেন।

“অনেক কষ্টে প্রায় ৩০ লাখ টাকা দিয়ে বাসটি কিনেছিলাম। কিন্তু রাতের আঁধারে দুর্বৃত্তরা সেটি পুড়িয়ে দিয়েছে। আর্থিকভাবে বড় ক্ষতির মুখে পড়েছি। পাশাপাশি আবাসিক শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিয়েও দুশ্চিন্তায় আছি,” বলেন তিনি।

বাসে অগ্নিসংযোগের ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে জানিয়ে উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, অন্য এলাকার অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে এর কোনো যোগসূত্র রয়েছে কি-না, সেটি খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

সন্তানদের যাতায়াতের একমাত্র বাসটি পুড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা। আকস্মিক এ ঘটনায় এলাকায়ও আতঙ্ক ছড়িয়েছে।