২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে জ্বালানিবাহী গাড়ি উল্টে অগ্নিকাণ্ড, নিহত ৩১

প্রাইভেট কার ও মোটরসাইকেলসহ অন্তত ২৭টি যানবাহন ভেতরে থাকা মানুষসহ পুড়ে ছাই হয়ে গেছে।

মিশরে জ্বালানিবাহী গাড়ি উল্টে অগ্নিকাণ্ড, নিহত ৩১

মিশরের কায়রোর একটি প্রধান রিং রোডে একটি পোড়া যানবাহন পড়ে থাকতে দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Nov 2026, 09:15 AM

Updated : 26 Nov 2026, 09:15 AM

মিশরের একটি প্রধান রিং রোডে পেট্রোলিয়াম পণ্যবাহী একটি গাড়ি উল্টে গিয়ে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩১ জন নিহত এবং ২১ জন আহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

দেশটির সরকারি কৌঁসুলির দপ্তর জানায়, বুধবার গিজার আল-ওয়ারাক জেলার একটি টানেলের ওপরে এই আগুনের সূত্রপাত হয়।

প্রাথমিক হিসাবে দেখা গেছে, প্রাইভেট কার ও মোটরসাইকেলসহ অন্তত ২৭টি যানবাহন পুড়ে ছাই হয়ে গেছে। হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা হচ্ছে বলে দপ্তরটি উল্লেখ করেছে।

রয়টার্স জানিয়েছে, যেসব নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি, তাদের পরিচয় নিশ্চিত করতে মৃতদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছে প্রসিকিউশন।

মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধার অভিযানে ৩৯টি অ্যাম্বুলেন্স অংশ নিয়েছে।

Image

মিশরের গিজা এলাকার আল-ওয়াররাক জেলার এক প্রধান রিং রোডে পেট্রোলিয়াম পণ্যবাহী একটি যানবাহন উল্টে গিয়ে আগুন ধরে যায়। ছবি: রয়টার্স

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে।

ঘটনাস্থলে উপস্থিত আলি ইউসুফ বলেন, "গাড়িগুলো ভেতরে থাকা মানুষসহ পুড়ে ছাই হয়ে গেছে। তারা বের হওয়ার কোনো সময়ই পাননি। আগুন গাড়ি ও ভেতরের মানুষগুলোকে পুড়িয়ে দিয়েছে।”

গিজার ঘটনাস্থল থেকে পাওয়া রয়টার্সের ফুটেজে দেখা গেছে, প্রধান রিং রোডজুড়ে দমকলের গাড়ি, পুড়ে যাওয়া প্রাইভেট কার, মিনিবাস, মোটরসাইকেল ও ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে আছে। স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তা কর্মীরা ক্ষয়ক্ষতির পরিস্থিতি খতিয়ে দেখছেন আর একটি বুলডোজার দিয়ে ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো সরানো হচ্ছে।

এই রিং রোডটি বৃহত্তর কায়রোর প্রধান মহাসড়কগুলোকে সংযুক্ত করেছে, যা কায়রো, গিজা ও কালিউবিয়া প্রদেশকে সংযুক্ত করেছে।

অতিরিক্ত গতি, ট্রাফিক আইনের দুর্বল প্রয়োগ এবং সড়কের বেহাল দশাসহ নানা কারণে মিসরে সড়ক দুর্ঘটনা একটি সাধারণ ঘটনা।

যানজট নিরসন এবং দ্রুত জনসংখ্যা বৃদ্ধি ও নগরায়ণের চাপ সামাল দিতে মিসর গত কয়েক বছরে একটি বৃহত্তর অবকাঠামো কর্মসূচির আওতায় সড়ক নেটওয়ার্ক সম্প্রসারণ করেছে। তৈরি করা হয়েছে নতুন মহাসড়ক ও সেতু। এসব প্রকল্প কিছু এলাকায় যান চলাচল সহজ করলেও সড়ক নিরাপত্তার বিষয়টির সুরাহা হয়নি।