১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

স্বপ্ন পূরণের গর্ব নিয়ে বাংলাদেশের অপেক্ষায় রাবাদা

রেকর্ড গড়ে ৩৫০ উইকেট নেওয়ার উচ্ছ্বাসকে সঙ্গী করে বাংলাদেশের বিপক্ষে সিরিজে জ্বলে ওঠার অপেক্ষায় কাগিসো রাবাদা।

আরিফুল ইসলাম রনি আরিফুল ইসলাম রনি

জোহানেসবার্গ থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Nov 2026, 12:50 AM

Updated : 14 Nov 2026, 12:50 AM

দক্ষিণ আফ্রিকার অনুশীলন তখনও শুরু হয়নি। আপন মনে গুনগুন করতে করতে মূল মাঠ থেকে নেটের দিকে যাচ্ছিলেন কাগিসো রাবাদা। হঠাৎ একজনকে দেখে উচ্ছ্বসিত হয়ে উঠলেন। জড়িয়ে ধরলেন তাকে। সেই মানুষটিও খুবই আপ্লুত হয়ে বললেন, “রেকর্ডের জন্য অভিনন্দন তোমাকে…!” রাবাদা একটুর জন্য ধন্দে পড়ে গেলেন, “কোন রেকর্ড?” পরমুহূর্তেই তার মনে পড়ে গেল। চোখেমুখে খুশির ঝিলিক খেলে গেল যেন।

সেই দীপ্তি তার চেহারায় ফুটে উঠল আধঘণ্টা পর সংবাদ সম্মেলনেও। রেকর্ডের প্রসঙ্গ উঠতেই বেশ খুশি হয়ে গেলেন। এমনিতে তারকারা সাধারণত রেকর্ড, অর্জন বা পরিসংখ্যানে বুঁদ থাকেন না খুব একটা। রাবাদাও সেই দলেই পড়েন। আগেও নানা সময়ে বলেছেন, সংখ্যা তাকে ভাবায় না। তবে এবারের রেকর্ডে তার উচ্ছ্বাস যেমন শরীরী ভাষায় বোঝা গেল, তেমনি ফুটে উঠল তার কণ্ঠেও।

রেকর্ডটি হয়েছে কিছুদিন আগে, দক্ষিণ আফ্রিকার সবশেষ টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ৩৫০ উইকেট পূর্ণ করেছেন তিনি টেস্ট ইতিহাসের সবচেয়ে কম ডেলিভারি করে।

বাংলাদেশের বিপক্ষে জোহানেসবার্গ টেস্টের আগে সংবাদ সম্মেলনে শুক্রবার তিনি বললেন, এই রেকর্ড তার কাছে বিশেষ কিছু।

“মানে, কীভাবে এটা বোঝাব! তরুণ বয়সে কেবল ইচ্ছা থাকত কেবল মাঠে নামার, আর দেখাতে ইচ্ছে করত যে আমি কতটা ভালো। এখন নিজেকে চিমটি কেটে পেছনে ফিরে তাকালে মনে হতো, ‘আরে, কত কিছুই তো ঘটে গেছে!’ ভাবা যায়, কত কিছু ঘটে গেছে, সময়টা কত দ্রুত কেটে যায়!

এরপর কেউ যখন মনে করিয়ে দেয় বা বলে যে, ‘৩৫০ উইকেট হয়ে গেছে’ এবং ‘অমুক সংখ্যক বলে বা দ্রুততম সময়ে এই কীর্তি করেছেন’, এই ধরনের ছোটখাটো চমকগুলো শুনতে বেশ ভালো লাগে। আমি এটা নিয়ে সত্যিই গর্বিত।”

ব্যক্তিগত অর্জন যে এমনিতে তার কাছে খুব মূল্যবান নয়, সেটিও মনে করিয়ে দিতে ভুললেন না ৩১ বছর বয়সী তারকা। তবে এই অর্জনের ওজনটুকু ভেবেই তিনি এতটা রোমাঞ্চিত।

১৩ হাজার ৮০৮ ডেলিভারিতে ৩৫০ উইকেট হয়েছে তার। ইতিহাসের প্রথম বোলার হিসেবে এই ঠিকানায় পৌঁছেছেন ১৪ হাজারের কম ডেলিভারিতে। পেরিয়ে গেছেন নিজ দেশেরই কিংবদন্তি ডেল স্টেইনকে, যার লেগেছিল ১৪ হাজার ৭১৯ ডেলিভারি। এই তালিকায় পরের তিনটি নামও সর্বকালের সেরাদের কাতারে থাকেন, ম্যালকম মার্শাল, ওয়াকার ইউনিস ও মিচেল স্টার্ক।

এমন গ্রেটদের পেরিয়ে তিনি নিজেই যেন অভিভূত। এক লহমায় গোটা ক্যারিয়ার চোখে ভাসছে তার। এথন তার আশা, এই পথ ধরেই ছুটেতে থাকার।

“আমি আসলে কোনো মাইলফলক নিয়ে ভাবি না। কিন্তু এটা সত্যিই যেন স্বপ্ন সত্যি হওয়ার মতো, তাই না? তরুণ ক্রিকেটার হিসেবে বা হাইস্কুলের কিশোর হিসেবে, আমরা তো এসবেরই স্বপ্ন দেখি! অনেক সময় মিডিয়া হয়তো আমাদের কাছ থেকে আরও কিছু জানতে চায়, আমাদের ব্যক্তিত্ব আরও ফুটিয়ে তুলতে চায়, আরও এটা-ওটা জানতে চায়। কিন্তু কেউ কিশোর খেলোয়াড় এবং এই মঞ্চে খেলতে চায়, তখন এটাই আমাদের স্বপ্ন। এটাই আমাদের স্বপ্ন, এটাই আমাদের ভাবনা, এটাই আমাদের শ্বাস-প্রশ্বাস, এটাই আমাদের খাওয়া। এভাবেই এই মঞ্চে খেলার সুযোগ আসে।

আমার মনে হয়, এই সবকিছু কীভাবে ঘটেছে, এটাই তার সারসংক্ষেপ। এটা একটা স্বপ্ন যা সত্যি হয়েছে, এবং আমি আশা করি, এটা যেন চলতে থাকে। এটা নিয়ে আমি সত্যিই গর্বিত। এই খেলার সর্বকালের সেরা কিছু বোলারের পাশে নাম থাকাটা অবিশ্বাস্য।”

রাবাদার সেই প্রতিজ্ঞার ছোবল এড়ানোর চ্যালেঞ্জ এবার বাংলাদেশের সামনে। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টে ১০ উইকেট নিয়ে তিনি আত্মবিশ্বাসে টইটম্বুর। জোহানেসবার্গ টেস্ট শুরু রোববার।