আশুলিয়ার আন্ডারপাসে পাঁচটি হাতবোমা সদৃশ বস্তু
পথচারীদের বিকল্প স্থান দিয়ে সড়ক পারাপারের পরামর্শ দেওয়া হয়েছে, বলেন ওসি তরিকুল ইসলাম।
ঢাকার আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল আন্ডারপাসে পলিথিনে মোড়ানো পাঁচটি হাতবোমাসদৃশ বস্তু পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে পথচারীদের নজরে আসে।
খবর পেয়ে পুলিশ ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা ঘটনাস্থলে যান এবং আন্ডারপাসটি ঘিরে রাখেন।
আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, পুলিশ ও এসআরবির সদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখেছেন। প্রাথমিকভাবে ককটেল সদৃশ্য বস্তু বলে ধারণা করছেন তারা।
এসব বস্তু আসলে কী, পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যাবে, বলেন ওসি।
তিনি বলেন, নিরাপত্তার স্বার্থে বাইপাইল আন্ডারপাস দিয়ে সাধারণ মানুষের চলাচল বন্ধ রাখা হয়েছে। পথচারীদের বিকল্প নিরাপদ স্থান দিয়ে সড়ক পারাপারের পরামর্শ দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আন্ডারপাসের ভেতরে পড়ে থাকা পলিথিনে মোড়ানো বস্তুগুলোর গায়ে লাল ও কালো রঙের টেপ লাগানো।
এসআরবি-৪ এর অধীন সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার এম এম রেজাউল হক বলেন, “খবর পেয়ে আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাইপাইল ব্রিজের নিচে পরিত্যক্ত অবস্থায় স্কসটেপ পেঁচানো আনুমানিক পাঁচটি হাতবোমা সদৃশ বস্তু দেখতে পায়। প্রাথমিকভাবে স্থানটি ঘিরে রাখা হয়েছে।
“হাত বোমাগুলো নিষ্ক্রিয় করার জন্য বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা পৌঁছলে বিস্তারিত নিশ্চিত করা সম্ভব হবে।”
