গাংনীতে ৬টি হাতবোমা সদৃশ বস্তু উদ্ধার, গায়ে লেখা ‘জয় বাংলা’
চেয়ারম্যানপাড়ার মো. হযরত আলীর বাড়ির মার্কেটের সামনে এবং পার্শ্ববর্তী বলতলা বাজারের কাছে সেতুর ওপর বস্তুগুলো দেখতে পায় স্থানীয়রা।
মেহেরপুরের গাংনীর পৃথক দুটি স্থান থেকে লাল টেপে মোড়ানো ছয়টি হাতবোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বস্তুগুলোর তিনটিতে ‘জয় বাংলা’ লেখা কাগজ সাঁটানো ছিল।
বুধবার রাতে গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যানপাড়া থেকে বস্তুগুলি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী।
স্থানীয় বাসিন্দা জুলহাস উদ্দিন বলেন, চেয়ারম্যানপাড়ার মৃত রুহুল কুদ্দুসের ছেলে মো. হযরত আলীর বাড়ির মার্কেটের সামনে লাল টেপে মোড়ানো তিনটি এবং পার্শ্ববর্তী বলতলা বাজারের কাছে ব্রিজের ওপর আরও তিনটি বোমা সদৃশ বস্তু দেখতে পায় স্থানীয়রা।
পরে খবর দিলে গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তুগুলো উদ্ধার করে গাংনী থানায় নিয়ে গেছে। এ সময় তেঁতুলবাড়িয়া বিজিবি ক্যাম্পের সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, ভয়ভীতি প্রদর্শনের জন্য কেউ বোমা সদৃশ্য বস্তুগুলি রাখতে পারে। উদ্ধার হওয়া বস্তুগুলো বোমা কিনা সেটা তদন্তাধীন বিষয়। এ বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।
পুলিশ এ ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে তাদেরকে আইনের আওতায় নিতে মাঠে কাজ করছে বলেও জানান তিনি।
