৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

হাফিনিয়ার ব্রাজিলের ডাক আসায় চিন্তিত বার্সেলোনা কোচ

যদিও এ বিষয়ে তাদের বেশি কিছু করার নেই, এটাও বুঝতে পারছেন হান্সি ফ্লিক।

হাফিনিয়ার ব্রাজিলের ডাক আসায় চিন্তিত বার্সেলোনা কোচ

হাফিনিয়া। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 30 Oct 2026, 08:38 PM

Updated : 30 Oct 2026, 08:38 PM

জাতীয় দলে খেলতে গেলেই যেন চোট আঘাত হানে হাফিনিয়ার শরীরে, অন্তত গত দুইবারে এমনটাই দেখা গেছে। আগামী আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে ব্রাজিলের দুটি ম্যাচের স্কোয়াডে এই ফরোয়ার্ড ডাক পাওয়ায় বিষয়টি বার্সেলোনার জন্য আগাম ভাবনার কারণ হয়ে উঠেছে। ক্লাবটির কোচ হান্সি ফ্লিকের মতে, যদিও এ বিষয়ে তাদের বেশি কিছু করার নেই, তবুও সম্ভব হলে ব্রাজিলের হয়ে হাফিনিয়ার খেলার সময় যতটা সম্ভব কমাতে চান তিনি।

আগামী ১৪ নভেম্বর জাপান ও এর তিন দিন পর সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে ব্রাজিল। দুটি ম্যাচই হবে সিঙ্গাপুরে। এজন্য প্রত্যাশিতভাবে হাফিনিয়াকে নিয়েই বৃহস্পতিবার ২৬ সদস্যের দল দিয়েছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি।

গত মৌসুমে চোটের কারণে বেশ ভুগতে হয় হাফিনিয়াকে। পরে জুন-জুলাইয়ে বিশ্বকাপে গিয়েও চোটে পড়েন তিনি। আবার সবশেষ আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলের হয়ে দুটি ম্যাচ খেলে হাঁটুর চোটে পড়েন এবং সেকারণে ক্লাবে ফিরে খেলতে পারেননি দুটি ম্যাচ।

এসব কারণেই ক্লাবের ব্যস্ত সূচির ফাঁকে, হাফিনিয়ার জন্য আবার জাতীয় দলের ডাক আসাটা ভাবিয়ে তুলছে বার্সেলোনাকে। এমনিতে চলতি মৌসুমে দারুণ ছন্দে আছেন এই ফরোয়ার্ড; সব প্রতিযোগিতা মিলিয়ে ১১ ম্যাচেই ১৫টি গোল করেছেন তিনি।

লা লিগায় পরের ম্যাচে শনিবার আলাভেসের মুখোমুখি হবে বার্সেলোনা। আগের দিন সংবাদ সম্মেলনে, জাতীয় দলের হয়ে হাফিনিয়ার খেলার সময় কিছুটা কমানোর উদ্যোগ নেওয়া হবে কি না- এমন প্রশ্নের উত্তরে নিজেও এমন কিছু ভাবছেন বলে জানান ফ্লিক।

“এই বিষয়ে দেকোর (বার্সেলোনার ক্রীড়া পরিচালক) সঙ্গে আমিও আলোচনা করেছি। আমাদের জন্য সে খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়, এবং গত আন্তর্জাতিক বিরতির পর সে চোটাক্রান্ত হয়ে এসেছিল। আমাদের জন্য যা নিশ্চিতভাবেই ভালো পরিস্থিতি ছিল না। কিন্তু পুরো বিষয়টি আসলে এমনই, এবং এক্ষেত্রে আমাদের কিছু করারও নেই।

“হাফা আমাদের অধিনায়ক, ক্লাবকে সে হৃদয়ে ধারণ করে, তবে একই সঙ্গে সে একজন ব্রাজিলিয়ানও এবং জাতীয় দলের ডাক আসলে সে সেখানে যাবে। সবাই ব্রাজিল জাতীয় দলকে সাহায্য করতে চায়। ব্যক্তিগতভাবে, তার খেলার সময় যদি কিছুটা কমানো যায়, আমি খুশি হব। আমরা জানি, সিঙ্গাপুরে যাওয়া-আসাও তার জন্য ভালো কিছু নয়; কিন্তু এটা আমাদের হাতে নেই।”

মৌসুমের শুরু থেকে দুর্দান্ত ছন্দে ছুটছিল বার্সেলোনা। কিন্তু হঠাৎ করেই যেন পথ হারিয়ে ফেলেছে তারা, চার দিনের ব্যবধানে দলটি হেরে বসেছে গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ। গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে ৪-২ গোলে হারের পর, গত রোববার রেয়াল মাদ্রিদের বিপক্ষে ঘরের মাঠে ২-১ গোলে হেরেছে তারা।

সেই ধাক্কা সামলে জয়ের পথে ফেরার লক্ষ্যে নামবে বার্সেলোনা। কাম্প নউয়ে আলাভেসের বিপক্ষে তাদের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার রাত ২টায়।